বিশ্ববাজারে নানা অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। তবে এই প্রবৃদ্ধির পেছনে পণ্যের বৈচিত্র্যের চেয়ে মৌলিক পোশাকের অবদানই বেশি। বিপরীতে তুলনামূলক বেশি দাম ও মূল্য সংযোজনের সুযোগ রয়েছে এমন উন্নত পোশাকের রপ্তানি প্রায় স্থবির হয়ে আছে। ফলে রপ্তানি আয় বাড়লেও বিশ্ববাজারে উচ্চমূল্যের পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রত্যাশিত গতিতে শক্তিশালী হচ্ছে না।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত পরিসংখ্যান বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশ থেকে মোট ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৮২ শতাংশ।
তবে এই অর্জনের দিকে একটু গভীরভাবে তাকালে দেখা যায়, রপ্তানি আয়ের বড় অংশই এসেছে মৌলিক পোশাক থেকে। অর্থাৎ রপ্তানির পরিমাণ বাড়লেও কোন ধরনের পণ্য থেকে আয় আসছে, সেই চিত্রে তেমন পরিবর্তন হয়নি। বরং মৌলিক পোশাকের ওপর নির্ভরতা আরও বেড়েছে। অন্যদিকে উচ্চমূল্যের পোশাকের বাজারে বাংলাদেশের অগ্রগতি বেশ ধীর।
প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি মৌলিক পোশাক
চলতি অর্থবছরের প্রথম চার মাসে মৌলিক পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৭৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৭ দশমিক ২৭ শতাংশ, অর্থের হিসাবে প্রায় ৭৩ কোটি ২ লাখ ডলার।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দেশের মোট তৈরি পোশাক রপ্তানি যে পরিমাণ বেড়েছে, তার প্রায় ৯৬ দশমিক ৬ শতাংশই এসেছে এই একটি শ্রেণির পণ্য থেকে। অর্থাৎ সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশের জোগান দিয়েছে মৌলিক পোশাক।
মোট পোশাক রপ্তানিতে এ ধরনের পণ্যের আধিপত্যও বেড়েছে। আগের অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে মোট রপ্তানিতে মৌলিক পোশাকের অংশ ছিল ৭৭ দশমিক ৩৫ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৪১ শতাংশে। এক বছরের ব্যবধানে অংশ বেড়েছে ১ দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট।
এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, বাংলাদেশের পোশাকশিল্পের রপ্তানি বাড়লেও নতুন ধরনের পণ্য ও উচ্চমূল্যের বাজারে প্রবেশের গতি তুলনামূলক কম।
তিন পণ্যের ওপর নির্ভর করছে রপ্তানি প্রবৃদ্ধি
মৌলিক পোশাকের মধ্যেও রপ্তানি আয়ের বড় অংশ এসেছে তিনটি পণ্য থেকে। এগুলো হলো প্যান্টজাতীয় পোশাক, সোয়েটার ও কার্ডিগান এবং টি-শার্ট ও গেঞ্জি।
জুলাই-অক্টোবর সময়ে এই তিন পণ্যের রপ্তানি থেকে সম্মিলিত অতিরিক্ত আয় হয়েছে প্রায় ৬২ কোটি ২৯ লাখ ডলার। দেশের মোট পোশাক রপ্তানি বৃদ্ধির প্রায় ৮২ দশমিক ৪ শতাংশ এসেছে এসব পণ্য থেকে।
এর মধ্যে প্যান্টজাতীয় পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৪ শতাংশ। সোয়েটার ও কার্ডিগান রপ্তানি থেকে আয় হয়েছে ২৫০ কোটি ২৭ লাখ ৮০ হাজার ডলার। বড় পণ্য শ্রেণিগুলোর মধ্যে এই খাতেই সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে টি-শার্ট ও গেঞ্জি রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ।
অর্থাৎ বাংলাদেশের পোশাকশিল্প এখনো কয়েকটি পরিচিত পণ্যের ওপর নির্ভর করেই রপ্তানি আয় বাড়াচ্ছে। এসব পণ্যে দেশের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত অবস্থান থাকলেও দীর্ঘ মেয়াদে একই ধরনের পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা নতুন বাজার তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারে।
আধা-মৌলিক পোশাকেও গতি কম
মৌলিক পোশাকের বাইরে আধা-মৌলিক পোশাকের রপ্তানি পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। এই শ্রেণিতে মূলত শার্ট ও ব্লাউজ অন্তর্ভুক্ত।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে এসব পোশাক রপ্তানি করে আয় হয়েছে ১১০ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ।
শুধু রপ্তানি প্রবৃদ্ধিই কমেনি, মোট পোশাক রপ্তানিতে এ শ্রেণির অংশও সংকুচিত হয়েছে। আগের অর্থবছরের প্রথম চার মাসে শার্ট ও ব্লাউজের অংশ ছিল ৮ দশমিক ৪২ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য ৫ শতাংশে।
এ চিত্র থেকে বোঝা যায়, মৌলিক পোশাকের বাইরে অন্য পণ্য শ্রেণিগুলোতে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এখনো যথেষ্ট শক্তিশালী নয়।
উচ্চমূল্যের পোশাকে সবচেয়ে বড় দুর্বলতা
বাংলাদেশের পোশাকশিল্পের জন্য সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে উন্নত ও তুলনামূলক বেশি মূল্য সংযোজনকারী পণ্যের রপ্তানি নিয়ে। কারণ, এসব পণ্যে রপ্তানি বাড়লে একই পরিমাণ উৎপাদন থেকে তুলনামূলক বেশি আয় করার সুযোগ থাকে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যের অবস্থানও উন্নত করা সম্ভব।
কিন্তু চলতি অর্থবছরের প্রথম চার মাসে এই শ্রেণির পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৮৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে মাত্র ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার। প্রবৃদ্ধির হার মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ।
মোট পোশাক রপ্তানিতে উন্নত পোশাকের অংশও কমেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ শ্রেণির বাজার হিস্যা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৪ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে অংশ কমেছে শূন্য দশমিক ৬৯ শতাংশীয় পয়েন্ট।
এই দুর্বলতার মধ্যেও কয়েকটি পণ্যে ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। জ্যাকেট ও কোটজাতীয় পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১২৩ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে বিশেষ ব্যবহার ও প্রযুক্তিনির্ভর পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশ।
তবে কয়েকটি পণ্যের ইতিবাচক ফলাফল সামগ্রিক পরিস্থিতি বদলাতে পারেনি। উচ্চমূল্যের পোশাকের বড় বাজারগুলোতে প্রত্যাশিত প্রবৃদ্ধি না আসায় এই শ্রেণিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ সীমিত হয়ে পড়ছে।
রপ্তানি বাড়লেই কি শিল্পের সক্ষমতা বাড়ছে?
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল খবরের কাগজকে বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসে মোট পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ এসেছে মৌলিক পোশাক থেকে। বিপরীতে উন্নত পোশাকের প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের সাবেক এই পরিচালক মনে করেন, সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হলেও পণ্যের বৈচিত্র্যের ক্ষেত্রে পরিস্থিতি হতাশাজনক। মৌলিক পোশাকের ওপর নির্ভরতা বাড়ছে, অথচ উচ্চমূল্যের পণ্যের বাজারে বাংলাদেশের অংশ কমছে।
এ পরিস্থিতি পোশাকশিল্পের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। শুধু রপ্তানির পরিমাণ বাড়ানোই কি যথেষ্ট, নাকি একই সঙ্গে পণ্যের ধরন ও মূল্য সংযোজনের সক্ষমতাও বাড়ানো প্রয়োজন?
পরিসংখ্যান বলছে, দ্বিতীয় বিষয়টিতে বাংলাদেশ এখনো পিছিয়ে। মৌলিক পোশাকের বাজারে শক্ত অবস্থান থাকলেও উন্নত পোশাকের উৎপাদন ও রপ্তানি বাড়াতে না পারলে ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হতে পারে।
তাই বাংলাদেশের পোশাকশিল্পের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত শুধু বেশি পণ্য রপ্তানি নয়, বরং বেশি মূল্য সংযোজন করা যায় এমন পণ্যের বাজার সম্প্রসারণ। কারণ, রপ্তানি আয়ের প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক হলেও পণ্যের বৈচিত্র্য ও উচ্চমূল্যের বাজারে শক্ত অবস্থান ছাড়া এই সাফল্য দীর্ঘ মেয়াদে শিল্পের কাঙ্ক্ষিত অগ্রগতিতে রূপ নাও নিতে পারে।

