ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে চলতি বছরের প্রথম নয় মাসে রপ্তানি আয় ও বাজার হিস্যা কমে যাওয়ায় দেশটির দীর্ঘদিনের আধিপত্য নতুন প্রতিযোগিতার মুখে পড়েছে। বিশেষ করে মিসর ও চীনের দ্রুত রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। ইউরোপের বাজারে চাহিদা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছেন না বাংলাদেশের ডেনিম প্রস্তুতকারকেরা।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইইউর দেশগুলো মোট ৩৪২ কোটি ইউরোর ডেনিম পণ্য আমদানি করেছে। আগের বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩৫৩ কোটি ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইউরোপীয় বাজারে ডেনিম আমদানি কমেছে ৩ দশমিক ২৪ শতাংশ।
এই সময়ে বাংলাদেশ থেকে ইইউতে ডেনিম রপ্তানি হয়েছে ১০১ কোটি ইউরোর, যা আগের বছরের একই সময়ের ১০৭ কোটি ইউরোর তুলনায় ৫ দশমিক ৪৮ শতাংশ কম। একই সঙ্গে ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের অংশীদারত্ব ৩০ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ বাজার হিস্যা কমেছে শূন্য দশমিক ৭০ শতাংশ পয়েন্ট।
ইউরোপের সামগ্রিক ডেনিম আমদানির তুলনায় বাংলাদেশের রপ্তানি বেশি হারে কমেছে। ফলে শুধু ইউরোপীয় ক্রেতাদের চাহিদা হ্রাসকে এই পরিস্থিতির একমাত্র কারণ হিসেবে দেখা যাচ্ছে না। বাজার বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক দামে পণ্য সরবরাহ, দ্রুত ক্রয়াদেশ বাস্তবায়ন এবং উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশ চাপের মুখে রয়েছে।
ইউরোপের বাজারে পোশাকের দাম কমে যাওয়াও রপ্তানি আয়ের ওপর প্রভাব ফেলেছে। চলতি বছরের প্রথম নয় মাসে ইইউতে বাংলাদেশের সামগ্রিক তৈরি পোশাকের গড় রপ্তানিমূল্য প্রতি কেজিতে ৬ দশমিক ৫৪ শতাংশ কমে ১৩ দশমিক ৭০ ইউরো হয়েছে। ফলে পণ্য সরবরাহের পাশাপাশি রপ্তানির মূল্য ধরে রাখাও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মিসর ও চীনের দ্রুত উত্থান
ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর অবস্থানেও পরিবর্তন এসেছে। পাকিস্তান এখনো দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হলেও দেশটির রপ্তানি ৬ দশমিক ৬৩ শতাংশ কমে ৬০ কোটি ৯৭ লাখ ইউরোতে দাঁড়িয়েছে। ইউরোপের বাজারে পাকিস্তানের অংশীদারত্ব ১৭ দশমিক ৮৫ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের ডেনিম রপ্তানি আরও বেশি কমেছে। দেশটির রপ্তানি ২০ দশমিক ২৭ শতাংশ কমে ৪৯ কোটি ৮১ লাখ ইউরো হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে তুরস্কের প্রতিযোগিতা সক্ষমতা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে ইউরোপের ডেনিম বাজারে দেশটির অংশীদারত্ব ১৭ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ১৪ দশমিক ৫৮ শতাংশে নেমেছে।
তবে তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমার সুযোগ বাংলাদেশ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। বরং মিসর ও চীনের মতো প্রতিযোগী দেশগুলো নতুন ক্রয়াদেশের বড় অংশ নিজেদের দিকে টেনে নিয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপে মিসরের ডেনিম রপ্তানি ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ইউরোতে পৌঁছেছে। এ সময়ে দেশটির রপ্তানি আয় বেড়েছে ৫ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ইউরো, যা বাংলাদেশের হারানো ৫ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ইউরো রপ্তানি আয়ের প্রায় সমান।
মিসরের এই প্রবৃদ্ধির পেছনে ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার, তুলনামূলক কম পরিবহন সময় এবং ডেনিম উৎপাদন খাতে নতুন বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভূমধ্যসাগরীয় নৌপথ ব্যবহার করে মিসর থেকে ইউরোপে পণ্য পৌঁছাতে সাধারণত চার থেকে সাত দিন সময় লাগে। ফলে দ্রুত পণ্য সরবরাহের প্রয়োজন হলে ইউরোপীয় ক্রেতাদের কাছে মিসর আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে।
অন্যদিকে চীনও ডেনিম রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউতে চীনের ডেনিম রপ্তানি ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৩ কোটি ৫ লাখ ৪০ হাজার ইউরো হয়েছে। দেশটির রপ্তানি আয় বেড়েছে ৩ কোটি ৮৮ লাখ ইউরো। স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা, দ্রুত ক্রয়াদেশ সরবরাহের সক্ষমতা, কৃত্রিম তন্তুর মিশ্রণে তৈরি ডেনিম এবং প্রতিযোগিতামূলক মূল্য চীনা উৎপাদকদের এগিয়ে রাখছে।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির সুবিধা কাজে লাগিয়ে ভিয়েতনামের ডেনিম রপ্তানি ৩৮ দশমিক ০২ শতাংশ বেড়ে ৬ কোটি ১৫ লাখ ৭০ হাজার ইউরো হয়েছে। একই সময়ে ভারতের রপ্তানি ২২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার ইউরোতে দাঁড়িয়েছে। এসব তথ্য ইউরোপের ডেনিম বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
ইউরোপে চাহিদা বাড়লেও পিছিয়ে বাংলাদেশ
বছরের প্রথম কয়েক মাসে ইউরোপের ডেনিম বাজারে চাহিদা কম থাকলেও তৃতীয় প্রান্তিকের শেষ দিকে পরিস্থিতির উন্নতি দেখা গেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্টে ইইউর মোট ডেনিম আমদানি আগের বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে আমদানি বেড়েছে ৩ দশমিক ৬৬ শতাংশ। দীর্ঘদিন ধরে মজুত কমানোর পর ইউরোপীয় ক্রেতাদের নতুন করে পণ্য সংগ্রহের প্রবণতা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
আগস্টে বাংলাদেশের ডেনিম রপ্তানিও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। ওই মাসে ইউরোপে বাংলাদেশের রপ্তানি ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার ইউরো হয়। তবে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি প্রায় থেমে যায়। ওই মাসে বাংলাদেশ থেকে ইইউতে ডেনিম রপ্তানি হয়েছে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোর, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের ১৪ কোটি ২১ লাখ ২০ হাজার ইউরোর তুলনায় মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ বেশি।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে মিসরের ডেনিম রপ্তানি ৫২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ইউরো হয়েছে। একই সময়ে চীনের রপ্তানি ৩০ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ইউরো এবং পাকিস্তানের রপ্তানি ৪ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৮ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ইউরোতে দাঁড়িয়েছে। অর্থাৎ ইউরোপের বাজারে নতুন করে চাহিদা তৈরি হলেও বাংলাদেশের তুলনায় কয়েকটি প্রতিযোগী দেশ দ্রুত সেই সুযোগ কাজে লাগিয়েছে।
শিল্পসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ডেনিম উৎপাদকদের জন্য দীর্ঘ সরবরাহ সময়, দেশের অভ্যন্তরে গ্যাসসংকট এবং বন্দরে পণ্য খালাস ও পরিবহনে বিলম্ব বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউরোপীয় ক্রেতারা যখন স্বল্প সময়ের মধ্যে নতুন ক্রয়াদেশ বাস্তবায়ন করতে চান, তখন এসব সীমাবদ্ধতা বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করে।
বাজার ধরে রাখতে যেসব পরিবর্তন জরুরি
বাংলাদেশের ডেনিম শিল্পের বড় শক্তি হলো এর উৎপাদন সক্ষমতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা। দেশে ৪০টির বেশি সমন্বিত ডেনিম মিল রয়েছে, যেখানে সুতা থেকে কাপড় এবং সংশ্লিষ্ট উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পন্ন করার সক্ষমতা রয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব পোশাক কারখানার ক্ষেত্রেও বাংলাদেশ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
তবে প্রতিযোগিতামূলক বাজারে শুধু বড় উৎপাদন সক্ষমতা ধরে রাখা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশের ডেনিম শিল্পকে আরও দ্রুত উৎপাদন, সময়মতো সরবরাহ এবং উচ্চমূল্যের পণ্য তৈরির দিকে মনোযোগ দিতে হবে।
প্রতিবেদনে সাধারণ সুতি ডেনিমের পাশাপাশি প্রযুক্তিনির্ভর, পুনর্ব্যবহারযোগ্য, স্ট্রেচ এবং পরিবেশবান্ধব মিশ্র তন্তুর ডেনিম উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব পণ্যের মাধ্যমে রপ্তানির গড় মূল্য বাড়ানো এবং আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণের সুযোগ তৈরি হতে পারে।
একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আসন্ন পরিবেশ ও টেকসই উৎপাদনসংক্রান্ত বিধিবিধান অনুসরণের প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে কাঁচামাল থেকে তৈরি পোশাক পর্যন্ত সরবরাহব্যবস্থার তথ্য শনাক্ত ও যাচাই করার সক্ষমতা বাড়ানো এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের মতো ব্যবস্থার জন্য প্রস্তুত হওয়া গুরুত্বপূর্ণ।
উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণ ও উৎপাদনের স্থিতিশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশ এখনো সবচেয়ে বড় সরবরাহকারী দেশ। তবে ২০২৬ সালের প্রথম নয় মাসের পরিসংখ্যান বলছে, এই অবস্থান ধরে রাখতে উৎপাদনের পরিমাণের পাশাপাশি দ্রুত সরবরাহ, পণ্যের মান, মূল্য সংযোজন এবং নতুন প্রযুক্তির ব্যবহারেও এগিয়ে থাকতে হবে। মিসর ও চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ বাজার হিস্যা অনেকটাই নির্ভর করবে শিল্পের এসব পরিবর্তনের ওপর।

