বাংলাদেশের প্রবাসী আয়ের বড় অংশ এখনো মধ্যপ্রাচ্যনির্ভর। তবে প্রচলিত শ্রমবাজারের বাইরেও অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকে আসা রেমিট্যান্সে বাড়ছে অবদান। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশ দুটি থেকে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার। মোট প্রবাসী আয়ের প্রায় ১.৫ শতাংশ এসেছে এই দুই দেশ থেকে। দক্ষ ও পেশাজীবী বাংলাদেশিদের বিদেশে কর্মসংস্থান বাড়লে ভবিষ্যতে এই বাজার দুটি রেমিট্যান্সের আরও বড় উৎস হয়ে উঠতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে ৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার এবং কানাডা থেকে ৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ সময়ে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। অর্থাৎ দুই দেশের সম্মিলিত অবদান এখনো তুলনামূলক ছোট হলেও প্রচলিত শ্রমবাজারের বাইরে আয়ের উৎস বাড়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে।
মাসভিত্তিক হিসাবে অস্ট্রেলিয়া থেকে জুলাইয়ে ২ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স আসে। আগস্টে তা বেড়ে ২ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলারে পৌঁছায়। অক্টোবরে কিছুটা কমে আসে ২ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারে। অন্যদিকে কানাডা থেকে জুলাইয়ে ১ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার এলেও অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলারে। চার মাসের হিসাবেই দেশটি থেকে প্রতি মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের অক্টোবর মাসের অর্থনৈতিক পর্যালোচনায় দেখা যায়, প্রচলিত শ্রমবাজারগুলোর মধ্যে সৌদি আরব এখনো রেমিট্যান্সের সবচেয়ে বড় উৎস। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশটি থেকে এসেছে প্রায় ২২০ কোটি ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৯.১৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬২ কোটি ডলারের কাছাকাছি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াও রেমিট্যান্সের বড় উৎস হিসেবে রয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়া ও কানাডার অবদান বাড়লেও বাংলাদেশের প্রবাসী আয়ের প্রধান ভিত্তি এখনো মধ্যপ্রাচ্য ও প্রচলিত কয়েকটি শ্রমবাজার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ বজায় রাখতে রেমিট্যান্সের উৎসে বৈচিত্র্য আনা গুরুত্বপূর্ণ। প্রবাসীদের জন্য বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো সহজ ও আকর্ষণীয় করতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। পাশাপাশি হুন্ডি নিরুৎসাহিত করা ও ব্যাংকিং সেবার মান উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি আশিক মজুমদার জানিয়েছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এখন বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানো আগের তুলনায় সহজ হয়েছে। তিনি দেশে থাকা বাবার ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতে পারছেন।
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি প্রবাসী পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় মেটানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা বাড়াতেও সহায়তা করে। অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশে দক্ষ ও পেশাজীবী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে দীর্ঘ মেয়াদে রেমিট্যান্সের নতুন ক্ষেত্র তৈরি হবে। এতে সীমিত কয়েকটি দেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশের প্রবাসী আয়ের ভিত্তিও আরও বিস্তৃত করা সম্ভব হবে।

