দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ বন্দি অবস্থান করছেন। ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন হলেও বর্তমানে বন্দি রয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৩২ জন। অর্থাৎ ধারণক্ষমতার অতিরিক্ত বন্দির সংখ্যা ৬৫ হাজার ৩৪৬ জন। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের কারাগারগুলোতে প্রথমবারের মতো বন্দির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে নতুন করে প্রায় ৩০০ জন বন্দি যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। অতিরিক্ত বন্দির চাপে আবাসন, চিকিৎসা, স্যানিটেশন ও নিরাপত্তাব্যবস্থায় গুরুতর সংকট দেখা দিয়েছে।
কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারে প্রতি ১০০ জনের ধারণক্ষমতার বিপরীতে অবস্থান করছেন প্রায় ২৪৫ জন বন্দি। মোট বন্দির মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৫২৭ জন এবং নারী ৪ হাজার ৫ জন। ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি থাকায় অনেক কারাগারে স্বাভাবিকভাবে শোয়া, ঘুমানো কিংবা চলাফেরার পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। গাদাগাদি পরিবেশে দিন কাটানোর কারণে বন্দিদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য অন্তত ছয় ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের জায়গা থাকার কথা। কিন্তু অধিকাংশ কারাগারে অতিরিক্ত বন্দির কারণে এই নিয়ম বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জাগো নিউজকে জানিয়েছেন, নির্ধারিত ধারণক্ষমতার কয়েক গুণ বন্দি রাখতে হওয়ায় তাঁদের ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে। পর্যাপ্ত কারারক্ষী না থাকায় বন্দিদের মধ্যে বিরোধ বা মারামারির মতো পরিস্থিতি সামাল দেওয়াও কঠিন হয়ে পড়ে।
প্রতিদিন বাড়ছে ৩০০ বন্দি
কারা অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিদিন গড়ে ২ হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। বিপরীতে জামিনসহ বিভিন্ন প্রক্রিয়ায় মুক্তি পাচ্ছেন প্রায় ১ হাজার ৮০০ জন। ফলে প্রতিদিন গড়ে বন্দির সংখ্যা বাড়ছে প্রায় ৩০০ জন। এই হারে বন্দি বাড়তে থাকলে বিদ্যমান অবকাঠামো দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কারা কর্মকর্তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার বৃদ্ধি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা বন্দির সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থান দমনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতেও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।
৭৫ কারাগারে প্রেষণে চিকিৎসক মাত্র দুজন
বন্দির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কারাগারগুলোতে চিকিৎসক সংকট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দেশের ৭৫টি কারাগারে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ১৬২টি। অথচ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র দুজন। এর বাইরে ৯৭ জন চিকিৎসক বিভিন্ন কারাগারে সাময়িকভাবে সংযুক্ত রয়েছেন। তাঁরা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এসে সাধারণত প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা চিকিৎসাসেবা দিয়ে চলে যান।
কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান জাগো নিউজকে জানিয়েছেন, কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। দিনের বেলায় বন্দিরা চলাফেরা করতে পারলেও সন্ধ্যার পর নির্ধারিত কক্ষে অবস্থান করতে হয়। এ সময়ে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে যায়। কারণ রাতে অধিকাংশ কারাগারে চিকিৎসক উপস্থিত থাকেন না।
চিকিৎসক সংকট নিরসনে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে কারাগারগুলোর চিকিৎসক সংকটের উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
পাঁচ বছরে ১ হাজার ৪১৩ বন্দির মৃত্যু
কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশের কারাগারগুলোতে মোট ১ হাজার ৪১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩০০ জন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। কারা কর্মকর্তাদের মতে, দূরত্ব, যানজট এবং জরুরি রোগী পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে অসুস্থ বন্দিদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।
কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান জানান, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে যানজটের কারণে ব্যস্ত সময়ে দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত লেগে যেতে পারে। জরুরি অবস্থায় এত দীর্ঘ সময় রোগীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
আরও উদ্বেগের বিষয় হলো, দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৫৩টিতে কোনো অ্যাম্বুলেন্স নেই। ফলে অসুস্থ বন্দিদের হাসপাতালে নিতে পিকআপ ভ্যান, সাধারণ ভ্যান, রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয়ভাবে যানবাহন ভাড়া করে জরুরি রোগীদের হাসপাতালে পাঠানো হয়। এই সংকট সমাধানে ৪৪টি অ্যাম্বুলেন্স কেনার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
মাদক মামলায় বন্দি প্রায় ২৩ হাজার
কারাগারে বন্দির চাপ বৃদ্ধির পেছনে মাদক মামলার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে মাদক মামলায় আটক রয়েছেন ২২ হাজার ৯৩৫ জন, যা মোট বন্দির প্রায় ২০ দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন ২ হাজার ৪৬৮ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ৬ হাজার ৫৯১ জন।
কারা সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। অতিরিক্ত বন্দির কারণে এসব কার্যক্রম পরিচালনায় কারা কর্তৃপক্ষকে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে।
ঢাকা ও চট্টগ্রামে বন্দির চাপ সবচেয়ে বেশি
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রামের কারাগারগুলোতে বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা অঞ্চল-১-এর কারাগারগুলোতে বন্দি রয়েছেন ২২ হাজার ৫২০ জন এবং ঢাকা অঞ্চল-২-এ ১৯ হাজার ৫৩৭ জন। দুই অঞ্চল মিলিয়ে ঢাকার কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৪২ হাজার ৫৭ জন।
এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলে ২১ হাজার ২৮৫ জন, রাজশাহীতে ১২ হাজার ৪৪৫ জন, খুলনায় ১০ হাজার ৩৮৭ জন, রংপুরে ৭ হাজার ৪৭৩ জন, ময়মনসিংহে ৫ হাজার ৪৪৫ জন, সিলেটে ৪ হাজার ৬২৪ জন এবং বরিশালে ৪ হাজার ২৩৭ জন বন্দি রয়েছেন।
চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া জানিয়েছেন, বিভাগের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় তিন গুণ বন্দি অবস্থান করছেন। তাঁর দেওয়া একটি দিনের হিসাব অনুযায়ী, চট্টগ্রামের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ২২ হাজারের বেশি হলেও মোট ধারণক্ষমতা মাত্র ৭ হাজার ৭৭৫ জন।
অন্যদিকে ঢাকা বিভাগ-২-এর কারা উপমহাপরিদর্শক মো. কামাল হোসেন জানিয়েছেন, বন্দির সংখ্যা বাড়লেও খাবার সরবরাহে সংকট নেই। বন্দির সংখ্যা বিবেচনায় নিয়ে আগে থেকেই অতিরিক্ত রেশনের ব্যবস্থা রাখা হয়। প্রয়োজন অনুযায়ী খাবার সংগ্রহ ও সরবরাহ করা হচ্ছে।
তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর অভ্যন্তরে ছয়তলা ভবন নির্মাণ, নারীদের জন্য কারাগার নির্মাণ এবং কিশোরগঞ্জ কারাগার-২-এর ভবন সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব কারাগারে সুযোগ রয়েছে, সেসব ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনাও করা হচ্ছে।
জঙ্গল সলিমপুরে ছয় হাজার বন্দির কারাগারের পরিকল্পনা
বন্দির অতিরিক্ত চাপ সামাল দিতে নতুন কারাগার নির্মাণ এবং পুরোনো কারাগার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। তিনি জানান, দেশের প্রতিটি মেট্রোপলিটন শহরে একটি করে মেট্রোপলিটন কারাগার নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে এবং কিছু স্থানে কাজ চলছে। পাশাপাশি পুরোনো কারাগারগুলো পুনর্নির্মাণ করা হচ্ছে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সেখানে ছয় হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন কারাগার নির্মাণ করা হতে পারে। এর মধ্যে মাদক মামলার বন্দিদের জন্য দুই হাজার, হাজতিদের জন্য দুই হাজার এবং কয়েদিদের জন্য দুই হাজার আসন রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি কারা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তাবও করা হয়েছে।
কারা উপমহাপরিদর্শক (উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল আসিফ মোহাম্মদ সালেহ জানিয়েছেন, জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের চূড়ান্ত পরিকল্পনা নির্ভর করবে জেলা প্রশাসনের জমি বরাদ্দের ওপর। জমির পরিমাণ ও অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পর পূর্ণাঙ্গ মহাপরিকল্পনার আওতায় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। গণপূর্ত অধিদপ্তর ওই এলাকার জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করছে। এর ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কারারক্ষী নিয়োগ ও অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ
অতিরিক্ত বন্দির চাপ সামাল দিতে কারারক্ষীর সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর জানিয়েছেন, সম্প্রতি ৫০০ থেকে ৬০০ জন কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের প্রশিক্ষণ চলছে। অবসরের কারণে শূন্য হওয়া পদ পূরণে সামনে আরও নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ধারণক্ষমতার তুলনায় ১০ থেকে ৩০ শতাংশ বেশি বন্দি থাকলে কোনোভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু এর চেয়ে বেশি বন্দি হলে আবাসনসংক্রান্ত সমস্যা গুরুতর হয়ে ওঠে। এ কারণে নতুন কারাগার স্থাপন ও পুরোনো কারাগার পুনরায় চালু করার প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত বন্দি রাখা মানবাধিকারের লঙ্ঘন
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রাখাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, পর্যাপ্ত জায়গা না থাকায় বন্দিদের স্বাভাবিক জীবনযাপন, ঘুম ও বিশ্রামের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, গাদাগাদি করে থাকার কারণে বন্দিদের মধ্যে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি পর্যাপ্ত নজরদারির অভাবে মাদক ও অন্যান্য অবৈধ দ্রব্য কারাগারে প্রবেশ এবং পাচারের আশঙ্কাও তৈরি হচ্ছে।
এলিনা খান আরও বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতারা কারাগারে গিয়ে সেখানকার বাস্তব পরিস্থিতি দেখলেও ক্ষমতায় থাকার সময় কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয় না। সরকার পরিবর্তনের পরও কারাগারের মৌলিক সমস্যাগুলো থেকে যায়। একজন মানুষের পর্যাপ্ত জায়গায় ঘুমানো, শোয়া ও বিশ্রাম নেওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি।
কারা কর্মকর্তা ও মানবাধিকারকর্মীদের বক্তব্য অনুযায়ী, দেশের কারাগারগুলোর বর্তমান সংকট শুধু বন্দির আবাসনের মধ্যে সীমাবদ্ধ নয়। চিকিৎসা, স্যানিটেশন, নিরাপত্তা, জরুরি রোগী পরিবহন এবং পর্যাপ্ত জনবল নিশ্চিত করার ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি রয়েছে। বন্দির সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় বিদ্যমান অবকাঠামোর ওপর চাপ আরও বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারের ধারণক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও কারারক্ষী নিয়োগ এবং বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

