একসময় উত্তরবঙ্গের মানুষের কাছে ‘মঙ্গা’ মানেই ছিল অনিশ্চয়তা আর অভাবের মৌসুম। বছরের নির্দিষ্ট একটি সময়ে কাজ থাকত না, ঘরে খাবারও জুটত না। বাধ্য হয়ে অসংখ্য মানুষ কাজ ও খাদ্যের খোঁজে এক এলাকা ছেড়ে আরেক এলাকায় ছুটতেন। সেই অঞ্চলই এখন কৃষিভিত্তিক শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের পরিকল্পনাধীন ১০টি ফ্ল্যাগশিপ প্রকল্পের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ওই তিন জেলাকে সম্ভাব্য প্রকল্প এলাকা ধরা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্তির জন্য যাচাই কমিটি প্রকল্পটি সুপারিশ করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পের মূল লক্ষ্য কৃষিপণ্যের উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা। এতে ফসলের অপচয় কমবে, পণ্যের মূল্য সংযোজন হবে এবং দেশি-বিদেশি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। এগ্রো প্রসেসিং জোনে কৃষিভিত্তিক কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সংরক্ষণাগার ও বিপণনব্যবস্থা গড়ার সুযোগ থাকবে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে খাদ্য ও শিল্পপণ্য তৈরি করা যাবে। পাশাপাশি কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি হবে এবং তরুণদের জন্য কৃষিকে ঘিরে ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠিত হলে কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, ফসলের অপচয় কমবে এবং তরুণদের নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। তিনি জানান, অধিদপ্তর কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও পরামর্শ দিয়ে এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে।
এর পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেওয়া কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়ায় এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী তারেক রহমান মোট পাঁচ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড ও প্রণোদনা বিতরণ করবেন। এ জন্য প্রস্তুতি চলছে।
মন্ত্রণালয়ের ১৭ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, ৬৪ জেলার ৫০৩ উপজেলায় এ পর্যন্ত ২৫ লাখ ৭৯ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ কাজে নিয়োজিত আছেন ৭ হাজার ৪৬৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ১৭ লাখ ৪৬ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। ব্যাংক হিসাব খোলার জন্য ১৭ লাখ ১৬ হাজার কৃষকের তথ্য এপিআইতে পাঠানো হয়েছে এবং ১৪ লাখ ৭৪ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে। এ পর্যন্ত ২৭ হাজার ২৩০টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে এবং কৃষকদের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে ৩০ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা পাঠানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হবে। ২০২৬-২৭ অর্থবছরে লক্ষ্য ৪৩ লাখ কৃষক, যাদের মধ্যে ৩৮ লাখ ৮০ হাজার জন কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ খাতে বরাদ্দ ৯৭০ কোটি টাকা। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে সরকারি সহায়তা সরাসরি প্রকৃত কৃষকের কাছে পৌঁছায় এবং বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।
কৃষি সংশ্লিষ্টদের মতে, কৃষক কার্ড ও কৃষি অর্থনৈতিক অঞ্চল একসঙ্গে বাস্তবায়িত হলে কৃষির কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষক একদিকে উৎপাদনের সহায়তা পাবেন, অন্যদিকে পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সুযোগও বাড়বে।

