এ মাসের মাঝামাঝি সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় ১৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে দেশের ভেতর থেকে। বাকি ১০ লাখ কোটির কিছু বেশি এসেছে বিদেশি উৎস থেকে। অঙ্কটা বিশাল, তবে শুধু ঋণের পরিমাণ দেখেই দুশ্চিন্তার পুরো কারণ বোঝা যাবে না। আসল প্রশ্ন হলো, এই ঋণের টাকায় যে প্রকল্পগুলো তৈরি হয়েছে বা হবে, সেগুলো থেকে কি এতটাই আয় করবে যে নিজেদের কিস্তি নিজেরাই শোধ করতে পারবে? পরিবারের ঋণের সঙ্গে রাষ্ট্রের ঋণের হিসাবেও একটি জায়গায় মিল আছে। ঋণ নিলে তা ফেরত দেওয়ার জন্য নিয়মিত আয়ের প্রয়োজন। আয় দিয়ে কিস্তি মেটানো না গেলে নতুন করে ঋণ নিতে হয়। আর সেই দায় শেষ পর্যন্ত গিয়ে পড়ে ভবিষ্যৎ প্রজন্মের ওপর।
ঋণের পরিমাণ নয়, আসল চাপ অন্য জায়গায়
আইএমএফের হিসাবে, বাংলাদেশের সরকারি ঋণ জিডিপির প্রায় ৪১ শতাংশ। সরকারের নিজস্ব হিসাবে এই হার কিছুটা কম, প্রায় ৩৮ শতাংশ। অনেক দেশের তুলনায় এই ঋণের অনুপাত খুব বেশি নয়। তাহলে বাংলাদেশের ঋণ নিয়ে এত দুশ্চিন্তা কেন?
বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। দুটি পরিবার ব্যাংক থেকে বাড়ি তৈরির জন্য ১০ লাখ টাকা করে ঋণ নিল। প্রথম পরিবারের মাসিক আয় এক লাখ টাকা, আর দ্বিতীয় পরিবারের মাত্র ২০ হাজার টাকা। ঋণের পরিমাণ সমান হলেও কিস্তি শোধের চাপ দুই পরিবারের জন্য এক নয়। বাংলাদেশের পরিস্থিতিও অনেকটা দ্বিতীয় পরিবারের মতো। কারণ সরকারি ঋণ পরিশোধ করতে হয় জিডিপি দিয়ে নয়, সরকারের রাজস্ব আয় থেকে।
|
সরকার প্রতি ১০০ টাকা আয় করলে তার ৩০ টাকাই চলে যাচ্ছে সুদ দিতে; দেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে রাজস্বের প্রায় ৮৯ শতাংশ ব্যয় হয়েছে। |
আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের কর আদায় ছিল জিডিপির ৭ শতাংশেরও কম, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন। একই সময়ে সরকারের মোট রাজস্বের প্রায় ৩০ শতাংশ ব্যয় হয়েছে শুধু ঋণের সুদ পরিশোধে। অর্থাৎ সরকার প্রতি ১০০ টাকা আয় করলে তার ৩০ টাকাই চলে যাচ্ছে সুদ দিতে। দেশি ঋণের আসল ও সুদ মিলিয়ে রাজস্বের প্রায় ৮৯ শতাংশ ব্যয় হয়েছে। তুলনীয় দেশগুলোর মধ্যম মানের তুলনায় এই হার প্রায় চার গুণ।
এ কারণেই আইএমএফ এ বছর বাংলাদেশের ঋণঝুঁকির মূল্যায়ন ‘নিম্ন’ থেকে ‘মাঝারি’ পর্যায়ে উন্নীত করেছে। ২০২৭ সালের মাঝামাঝি থেকে আইএমএফ ও বিশ্বব্যাংকের নতুন মূল্যায়ন কাঠামোয় শুধু ঋণের পরিমাণ দেখা হবে না। সরকারের রাজস্বের কত অংশ সুদ পরিশোধে চলে যাচ্ছে, সেটিও গুরুত্ব পাবে। এই বিবেচনায় বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাজেটে সুদের জন্য বরাদ্দ কি বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে?
সরকারের ঋণের চাপ বোঝার জন্য সুদ পরিশোধের হিসাবটি একটু খেয়াল করা দরকার। ২০২৫ অর্থবছরে সুদ বাবদ সরকারের প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বেশি। এটি জিডিপির প্রায় আড়াই শতাংশ এবং মোট বাজেটের সোয়া ২১ শতাংশের মতো।
অথচ চলতি অর্থবছরের বাজেটে সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে দেশি ঋণের সুদ দিতে ১ লাখ ৫ হাজার কোটি এবং বিদেশি ঋণের সুদ দিতে ২২ হাজার ৫০০ কোটি টাকা রাখা হয়েছে। অর্থাৎ গত দুই বছরে সরকারের ঋণ বাড়লেও সুদ পরিশোধের বরাদ্দ কমানো হয়েছে।
সিপিডির পর্যবেক্ষণ অনুযায়ী, সংশোধিত বাজেটের তুলনায় এই বরাদ্দ মাত্র ৫০০ কোটি টাকা বেশি। অন্যদিকে আইএমএফের তথ্যের ভিত্তিতে ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে সরকারের সুদ পরিশোধের ব্যয় দেড় লাখ কোটি টাকার কাছাকাছি যেতে পারে। ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে অর্থনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তারাও বাজেটে রাখা এই বরাদ্দের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
|
একদিকে সুদের খরচ তুলনামূলক কম ধরা হয়েছে, অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্য অনেক বেশি নির্ধারণ করা হয়েছে; এই দুই হিসাব বাস্তবে না মিললে সরকারের বাজেট ঘাটতি বাড়বে। |
অর্থ বিভাগের নিজস্ব প্রক্ষেপণেও দেখা যাচ্ছে, ২০২৯ অর্থবছরে সরকারের বার্ষিক সুদ পরিশোধের ব্যয় প্রায় ১ লাখ ৬৩ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। অন্যদিকে চলতি বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সিপিডির মার্চ ২০২৬ পর্যন্ত তথ্যভিত্তিক হিসাব বলছে, গত অর্থবছরের প্রকৃত রাজস্ব আদায় যদি সাড়ে চার লাখ কোটি টাকার আশপাশে থাকে, তাহলে নতুন লক্ষ্য পূরণ করতে রাজস্ব আদায় প্রায় ৫৪ শতাংশ বাড়াতে হবে। অর্থাৎ বাড়তি আদায় করতে হবে প্রায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
এখানে দুটি বিষয় চোখে পড়ার মতো। একদিকে সুদের খরচ তুলনামূলক কম ধরা হয়েছে, অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্য অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। এই দুই হিসাব বাস্তবে না মিললে সরকারের বাজেট ঘাটতি বাড়বে। আর সেই ঘাটতি পূরণ করতে নতুন করে ঋণ নিতে হবে। তবে আইএমএফের ভিত্তি অনুমান অনুযায়ী, কর সংস্কার সফল হলে ২০২৭ অর্থবছর থেকে জিডিপির প্রায় ২.১ শতাংশের সমপরিমাণ অতিরিক্ত রাজস্ব পাওয়া সম্ভব। সেই সংস্কার বাস্তবায়ন করা গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে।
সমস্যা শুধু ঋণের কিস্তি বাড়া নয়
আইএমএফের হিসাবে, ২০২৬ অর্থবছরে দেশি ও বিদেশি ঋণ মিলিয়ে বাংলাদেশের পরিশোধের দায় ছিল প্রায় ৩১ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে তা বেড়ে প্রায় ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে এই পুরো অঙ্ককে বিদেশি ঋণের কিস্তি ভাবলে ভুল হবে। এর বড় অংশই দেশের ভেতর থেকে নেওয়া ট্রেজারি বিল ও বন্ডের মেয়াদ শেষ হওয়ার পরিশোধ।
সহজভাবে বললে, সরকার আগের ঋণ শোধ করতে অনেক সময় নতুন ঋণ নেয়। পুরোনো ঋণের জায়গায় নতুন ঋণ নেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় রোলওভার। তাই দেশি ঋণের ক্ষেত্রে মূল চাপ বোঝার জন্য শুধু মোট পরিশোধের অঙ্ক দেখলে হবে না। তবে বিদেশি ঋণের বিষয়টি আলাদা। কারণ এই ঋণ শোধ করতে হয় ডলারের মতো বিদেশি মুদ্রায়।
অর্থ মন্ত্রণালয়ের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৭ অর্থবছরে বিদেশি ঋণের আসল পরিশোধ করতে হবে প্রায় ৩.৮ বিলিয়ন ডলার। এরপর এই পরিমাণ ধীরে ধীরে বেড়ে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর একটি বড় কারণ হলো, অনেক বড় প্রকল্পের ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি শুরু হওয়ার আগের ছাড়ের সময় শেষ হয়ে আসছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ঋণের কিস্তি শুরু হওয়ার কথা ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে। তবে ঋণের টাকা ছাড় হওয়ার পর থেকেই এর সুদ জমছে। অন্যদিকে মেট্রোরেলের জন্য জাপানি সংস্থা জাইকার ঋণের সীমিত কিস্তি পরিশোধ শুরু হয়েছে ২০২৩ সালের জুন থেকে। সময়ের সঙ্গে এই কিস্তির পরিমাণও বাড়ছে। এখানে বাংলাদেশের জন্য আরেকটি ঝুঁকি রয়েছে। ঋণ নেওয়া হয়েছে ডলারে, কিন্তু সরকারের আয় আসে টাকায়। ফলে টাকার মান কমে গেলে একই পরিমাণ ডলার পরিশোধ করতে আগের চেয়ে বেশি টাকা প্রয়োজন হয়। এর প্রভাব রূপপুর প্রকল্পের ব্যয়েও পড়েছে। মূলত টাকার অবমূল্যায়নের কারণে প্রকল্পটির ব্যয় প্রায় ২৩ শতাংশ বেড়ে ১ লাখ ৩৯ হাজার কোটি টাকার কাছাকাছি হয়েছে।
|
সরকার যখন ব্যাংক থেকে বেশি ঋণ নেয়, তখন বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ঋণ পাওয়ার সুযোগ কমে যায় এবং সুদের চাপ বাড়ে। |
সমস্যা শুধু ঋণের কিস্তি বাড়া নয়, বিদেশি ঋণের টাকা ছাড় হওয়ার ক্ষেত্রেও ধীরগতি দেখা যাচ্ছে। অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন, চলতি অর্থবছরে বিদেশি সহায়তার অর্থ ছাড় ৬০ শতাংশ কমেছে। দীর্ঘদিনের অস্থিরতায় বিভিন্ন প্রকল্পের কাজ ধীর হয়ে পড়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিপিডির তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বিদেশি ঋণ পাওয়ার সংশোধিত লক্ষ্য ছিল ৬৩ হাজার কোটি টাকা। কিন্তু মে মাস পর্যন্ত এসেছে মাত্র ২৬ হাজার ৭০০ কোটি টাকা। অথচ চলতি বাজেটে বিদেশি উৎস থেকে নিট প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এই অর্থ সময়মতো না এলে সরকারকে দেশের ভেতরের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ নিতে হবে।
এরই মধ্যে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সরকার ব্যাংক খাত থেকে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা ধার নিয়েছে। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৫ শতাংশের নিচে। সহজ কথায়, সরকার যখন ব্যাংক থেকে বেশি ঋণ নেয়, তখন বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ঋণ পাওয়ার সুযোগ কমে যায় এবং সুদের চাপ বাড়ে। অর্থাৎ সরকারি ঋণের বোঝা শুধু ভবিষ্যৎ প্রজন্মের ওপরই নয়, আজকের উদ্যোক্তাদের ওপরও প্রভাব ফেলছে।
কিছু প্রকল্প নিজেদের আয় দিয়েই ঋণ পরিশোধ করতে পারছে
সব সরকারি প্রকল্পের ঋণই যে বোঝা হয়ে দাঁড়ায়, এমন নয়। কিছু প্রকল্প নিজেদের আয় দিয়েই ঋণ পরিশোধ করতে পারছে। এর ভালো উদাহরণ পদ্মা সেতু।
প্রায় ৩০ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু সরকারের নিজস্ব অর্থায়নে হলেও অর্থ মন্ত্রণালয় সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে টাকা দিয়েছে। চুক্তি অনুযায়ী, এক শতাংশ সুদে ৩৫ বছরে মোট ৩৬ হাজার কোটি টাকা ফেরত দিতে হবে। সেতু চালুর পর চার বছরে টোল আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি টাকা। এর মধ্যে সরকারকে কিস্তি হিসেবে ফেরত দেওয়া হয়েছে ২ হাজার ৫১৬ কোটি টাকা। এখন পর্যন্ত কোনো কিস্তি বকেয়া নেই।
অর্থাৎ পদ্মা সেতুর ক্ষেত্রে নিজের আয়ের টাকা দিয়েই ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে। অনেকটা এমন, কেউ বাড়ি বানানোর জন্য ঋণ নিলেন, পরে সেই বাড়ি ভাড়া দিয়ে পাওয়া টাকা থেকেই কিস্তি শোধ করছেন। তবে পদ্মা সেতুর পুরো অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল ও শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা ছিল। ২০২৪ সালের ডিসেম্বরে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছিল, পরিকল্পিত ১৭টি অর্থনৈতিক অঞ্চলসহ সেই উদ্যোগ তখনো শুরু হয়নি। এরপর এ ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, তা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।
মেট্রোরেলের গল্পটি একটু ভিন্ন। যাত্রীর অভাব নেই, কিন্তু আয় দিয়ে ঋণের কিস্তি মেটানোর হিসাবে এখনো ঘাটতি রয়েছে। প্রকল্প নেওয়ার সময় প্রতিদিন পাঁচ লাখ যাত্রী যাতায়াত করবেন বলে ধারণা করা হয়েছিল। গত সেপ্টেম্বরে এক দিনে প্রায় পাঁচ লাখ যাত্রী চলাচলের রেকর্ড হয়েছে। অর্থাৎ যাত্রীর চাহিদার পূর্বাভাস অনেকটাই মিলে গেছে।
কিন্তু মেট্রোরেল নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা, যার ৫৯ শতাংশ এসেছে জাইকার ঋণ থেকে। ২০২৫ অর্থবছরে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা, যদিও এই হিসাব এখনো নিরীক্ষিত নয়। অন্যদিকে ২০৩১ অর্থবছর পর্যন্ত পরবর্তী পাঁচ বছরে গড়ে বছরে প্রায় ৭৪০ কোটি টাকা ঋণের কিস্তি দিতে হবে। এর সঙ্গে রয়েছে পরিচালন ব্যয়, যা গত বছর ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের ধারণা, ট্রেনের সংখ্যা ও চলাচলের সময় বাড়ানো গেলে বছরে প্রায় ৫০০ কোটি টাকা আয় করা সম্ভব।
এখানে দুটি বিষয় আলাদা করে বোঝা জরুরি। একটি হলো আর্থিক রিটার্ন, অর্থাৎ টিকিট বিক্রির আয় দিয়ে প্রকল্পের খরচ ও ঋণের কিস্তি মেটানো যাচ্ছে কি না। অন্যটি অর্থনৈতিক রিটার্ন, অর্থাৎ প্রকল্পটি সামগ্রিকভাবে দেশের মানুষ ও অর্থনীতিকে কতটা সুবিধা দিচ্ছে। যেমন সড়কপথে যে যাত্রায় প্রায় দুই ঘণ্টা লাগে, মেট্রোরেলে সেটি ৩০ থেকে ৪০ মিনিটে করা সম্ভব হচ্ছে। ফলে আর্থিক হিসাবে ঘাটতি থাকলেও অর্থনৈতিক দিক থেকে মেট্রোরেল সফল হতে পারে। তবে সেই আর্থিক ঘাটতি শেষ পর্যন্ত সরকারি বাজেট থেকেই মেটাতে হবে। অর্থাৎ এর দায় বহন করতে হবে করদাতাদের। তাই প্রকল্পটির আয়, ব্যয় ও অর্থনৈতিক সুবিধার হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করা জরুরি।
|
কর্ণফুলী টানেল আমাদের বুঝিয়ে দিয়েছে, শুধু বড় প্রকল্প তৈরি করলেই ঋণের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে না। |
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রেও এখন একই ধরনের পরীক্ষা সামনে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এ মাসেই প্রকল্পটির প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এখন দেখতে হবে, বিদ্যুৎ বিক্রি থেকে পাওয়া আয় দিয়ে বিপুল পরিমাণ ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব হয় কি না।
অন্যদিকে কর্ণফুলী টানেল আমাদের বুঝিয়ে দিয়েছে, শুধু বড় প্রকল্প তৈরি করলেই ঋণের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে না। প্রকল্পটির নির্মাণ ব্যয় ২৬.৫ শতাংশ বেড়েছে, অথচ লাভ ও খরচের অনুপাতের হিসাব আগের মতোই রাখা হয়েছে। টানেলটি ব্যবহার করে যে পরিমাণ যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হয়েছিল, তার একটি বড় ভিত্তি ছিল আনোয়ারায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চল। কিন্তু সেই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হয়নি। ফলে প্রকল্পটির প্রত্যাশিত যানবাহন চলাচল নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
বিষয়টি অনেকটা এমন, ভাড়াটিয়া পাওয়া যাবে ধরে কেউ তিনতলা বাড়ি বানালেন, কিন্তু বাড়ি তৈরি হওয়ার পর দেখা গেল ভাড়াটিয়াই আসেনি। অথচ বাড়ির ঋণের কিস্তি ঠিকই দিতে হচ্ছে। ওই বিশ্লেষণে আরও বলা হয়েছে, বড় সাতটি প্রকল্পের ব্যয় প্রাথমিক পরিকল্পনা থেকে সর্বশেষ সংশোধনী পর্যন্ত গড়ে ৭০.৩ শতাংশ বেড়েছে। অন্য একটি গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৮৬ শতাংশ প্রকল্পের ক্ষেত্রে সময়, ব্যয় অথবা দুটোই বেড়েছে।
টাকা আছে, খরচের সক্ষমতা কি আছে?
ঋণের টাকা বা বাজেট বরাদ্দ থাকলেই যে সময়মতো প্রকল্পের কাজ শেষ হবে, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর চিত্র তা বলছে না। ২০২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির সংশোধিত বরাদ্দের মাত্র ৬৭.৫২ শতাংশ খরচ হয়েছে। আইএমইডির তথ্য অনুযায়ী, এ হার রেকর্ড সর্বনিম্ন। অথচ আগের বছরগুলোতে সাধারণত এডিপি বাস্তবায়নের হার ৮০ শতাংশের ওপরে থাকত।
সংশোধিত এডিপির বরাদ্দ ছিল প্রায় ২ লাখ ৯ হাজার কোটি টাকা। সেই হিসাবে প্রকৃত ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৪১ হাজার কোটি টাকা, যা আমার হিসাব। কিন্তু চলতি অর্থবছরের এডিপির আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা। সিপিডির হিসাবে, এটি আগের বছরের মূল এডিপির তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। অর্থাৎ যে প্রশাসনিক ব্যবস্থা গত বছর প্রায় ১ লাখ ৪১ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছে, এবার তার ওপর এর দ্বিগুণেরও বেশি কাজের চাপ পড়ছে।
|
প্রকল্প বাস্তবায়নে দেরি হলে দুটি ক্ষতি হয়; একদিকে ঋণের সুদ চলতেই থাকে, অন্যদিকে প্রকল্প থেকে যে অর্থনৈতিক সুবিধা পাওয়ার কথা, তা সময়মতো পাওয়া যায় না। |
আইএমইডির কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে প্রকল্প পরিচালকদের বদলি, নতুন সরকারের প্রায় ১ হাজার ৩০০টি প্রকল্প পর্যালোচনা, সরকারি কেনাকাটার জটিলতা এবং জমি অধিগ্রহণের সমস্যা। সিপিডির তথ্য বলছে, চলতি এডিপির তালিকায় থাকা ৪৮ শতাংশ প্রকল্প এরই মধ্যে এক থেকে চারবার সংশোধন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে দেরি হলে দুটি ক্ষতি হয়। একদিকে ঋণের সুদ চলতেই থাকে, অন্যদিকে প্রকল্প থেকে যে অর্থনৈতিক সুবিধা পাওয়ার কথা, তা সময়মতো পাওয়া যায় না। সিপিডির সংকলিত তথ্য অনুযায়ী, মেট্রোরেলের ১ নম্বর লাইনের ব্যয় ধরা হয়েছে ৫৩ হাজার ৯৭৭ কোটি টাকা। অথচ ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি ছিল মাত্র ৫.৯ শতাংশ।
ঋণের বোঝা শেষ পর্যন্ত কার কাঁধে পড়বে?
ঋণ নিজে ভালো বা খারাপ কিছু নয়। প্রায় আড়াইশ বছর আগে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠাতা আলেকজান্ডার হ্যামিল্টন ও টমাস জেফারসন জাতীয় ঋণ নিয়ে ভিন্ন মত দিয়েছিলেন। হ্যামিল্টনের মতে, অতিরিক্ত ঋণ না হলে জাতীয় ঋণ অর্থনীতির জন্য আশীর্বাদ হতে পারে। অন্যদিকে জেফারসনের বক্তব্য ছিল, ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে ঋণ নিয়ে তাদের দিয়েই তা শোধ করানো এক ধরনের অন্যায়। তবে দুজনের বক্তব্যের মধ্যে একটি জায়গায় মিল রয়েছে। ঋণের টাকায় তৈরি সম্পদ থেকে যদি সুদের চেয়ে বেশি আয় আসে, তাহলে সেই সম্পদই ঋণ পরিশোধে সাহায্য করতে পারে। কিন্তু প্রকল্প থেকে আয় কম হলে বাকি টাকা করের রাজস্ব থেকে দিতে হয়। তখন সেই ঋণের বোঝা গিয়ে পড়ে ভবিষ্যৎ প্রজন্মের ওপর।
অর্থনীতির একটি পরিচিত নিয়মও এখানে গুরুত্বপূর্ণ। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফের গবেষণায় বলা হয়েছে, অর্থনীতির প্রবৃদ্ধির হার যদি ঋণের সুদের হারের চেয়ে বেশি হয়, তাহলে সময়ের সঙ্গে ঋণের অনুপাত স্থিতিশীল থাকতে পারে বা কমতে পারে। তবে সরকারের সুদবহির্ভূত বাজেট ঘাটতি বেশি হলে শুধু প্রবৃদ্ধি দিয়ে পরিস্থিতি সামলানো যায় না।
বাংলাদেশের ক্ষেত্রেও এই হিসাবটি গুরুত্বপূর্ণ। গত অর্থবছরে টাকার অঙ্কে জিডিপির আকার প্রায় ১১ শতাংশ বেড়েছে। কিন্তু এই বৃদ্ধির বড় অংশ এসেছে পণ্যের দাম বাড়ার কারণে। প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.১৪ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির কারণে জিডিপির আকার বাড়তে থাকায় আপাতদৃষ্টিতে ঋণের অনুপাত কিছুটা কম দেখাচ্ছে। ভবিষ্যতে মূল্যস্ফীতি কমে এলে এই সুবিধাও কমে যাবে। তখন সরকারের রাজস্ব আয় ও প্রকল্পগুলোর প্রকৃত সক্ষমতা আরও স্পষ্ট হয়ে উঠবে।
|
সরকারের ঋণ নিয়ে প্রশ্ন তোলা উন্নয়নের বিরোধিতা নয়। বরং ঋণের টাকা কতটা কাজে লাগছে এবং ভবিষ্যতে সেই ঋণ শোধ করার সক্ষমতা তৈরি হচ্ছে কি না, তা বুঝে নেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। |
আমার মতে, সরকারের ঋণের বোঝা কতটা ভারী হবে, তা মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করছে। প্রথমত, প্রকল্পের ব্যয় বেড়ে গেলে নতুন করে তার লাভ ও খরচের হিসাব করা হচ্ছে কি না। কর্ণফুলী টানেলের মতো প্রকল্পে পুরোনো সম্ভাব্যতা যাচাইয়ের হিসাব ধরে রাখা হচ্ছে কি না, সেটিও দেখতে হবে। দ্বিতীয়ত, সরকারের রাজস্ব আয় বাড়ছে কি না। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সম্প্রতি এক সম্মেলনে বলেছেন, পাঁচ বছরে জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার ২ শতাংশ পয়েন্ট বাড়ানো গেলেও ঋণ পরিশোধের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তৃতীয়ত, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে সরকারের ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে রয়েছে। ওই সম্মেলনেই একটি কেন্দ্রীয় ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। পাশাপাশি বড় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশা জনসমক্ষে প্রকাশের দাবিও উঠেছে। কারণ এসব প্রকল্পের ঋণ শেষ পর্যন্ত করদাতাদের টাকাতেই শোধ করতে হবে।
শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সাধারণ। সরকারের ঋণের কিস্তি পরিশোধের সময় এলে সেই টাকা আসবে কোথা থেকে? প্রকল্পের আয় থেকে, নাকি নতুন ঋণ কিংবা করদাতার পকেট থেকে? উত্তর যা-ই হোক, এর প্রভাব পড়বে আজকের করদাতা এবং আগামী দিনের তরুণদের ওপর। তাই সরকারের ঋণ নিয়ে প্রশ্ন তোলা উন্নয়নের বিরোধিতা নয়। বরং ঋণের টাকা কতটা কাজে লাগছে এবং ভবিষ্যতে সেই ঋণ শোধ করার সক্ষমতা তৈরি হচ্ছে কি না, তা বুঝে নেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার।

