Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খাদ্য মূল্যস্ফীতি ৫৪ মাসের সর্বনিম্নে, কিন্তু বাড়িভাড়া থেকে যাতায়াত সবখানেই বাড়তি চাপ
    অর্থনীতি

    খাদ্য মূল্যস্ফীতি ৫৪ মাসের সর্বনিম্নে, কিন্তু বাড়িভাড়া থেকে যাতায়াত সবখানেই বাড়তি চাপ

    রাকিবুল ইসলামনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাজার থেকে ফিরে যদি মনে হয়ে থাকে, এ মাসে ব্যাগটা আগের চেয়ে একটু কম ভারী, তাহলে সরকারি হিসাব আপনার সঙ্গে একমত। কিন্তু মাস শেষে হিসাব মেলাতে বসে যদি আবার কপালে ভাঁজ পড়ে, সেটাও অমূলক নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে ৬.৪০ শতাংশে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। অথচ একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯ শতাংশে, যা ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ। এই দুইয়ের প্রভাবে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে ৮.২৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৮.৩৪ শতাংশ। এখানে একটি বিষয় বোঝা জরুরি। মূল্যস্ফীতি কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়, বরং দাম বাড়ার গতি কিছুটা কমে যাওয়া। যেমন লিফট আগের চেয়ে ধীরে ওপরে উঠলেও নিচে নামে না, তেমনি খাবারের দাম বাড়ার গতি কমেছে, কিন্তু দাম কমেনি। বরং রান্নাঘরের বাইরের খরচ বাড়ার গতি আরও বেড়েছে। বিবিএসের হিসাবে, সামগ্রিক ভোক্তা মূল্যসূচকও সেপ্টেম্বরে ১৫৩.৩৩ থেকে বেড়ে অক্টোবরে ১৫৬.১৩ হয়েছে। অর্থাৎ মানুষের কেনাকাটার ঝুড়ির মোট খরচ আরও বেড়েছে।

    খাবারে স্বস্তি কত দিন থাকবে?

    খাদ্য মূল্যস্ফীতি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে বাজারে পণ্যের সরবরাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমানের মতে, অনুকূল আবহাওয়া এবং শাকসবজি, আলু ও পেঁয়াজের মৌসুমি সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম খুব বেশি বাড়েনি। গবেষণা সংস্থা র‍্যাপিডের গবেষণা পরিচালক মো. দীন ইসলামও ভালো ফলনের পাশাপাশি কৃষকদের জন্য সরকারি প্রণোদনার কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, এ সময়ে ডলারের দাম ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে স্থিতিশীল ছিল।

    জ্বালানি ব্যয় বৃদ্ধির পুরো প্রভাব এখনো ভোক্তাপর্যায়ের দামে প্রতিফলিত হয়নি।

    আন্তর্জাতিক বাজারেও পণ্যের দাম মোটামুটি স্থির ছিল বা কিছুটা কমেছে। ফলে আমদানি ব্যয়েও বাড়তি চাপ তৈরি হয়নি। অর্থনীতির সাধারণ নিয়ম হলো, কোনো পণ্যের সরবরাহ বাড়লে তার দামের ওপর চাপ কমে। এবারও সেটিই ঘটেছে। তবে আমার পর্যবেক্ষণ হলো, মৌসুমি সরবরাহের কারণে তৈরি হওয়া এই স্বস্তিকে স্থায়ী পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই।

    শীতের সবজির ভরা মৌসুম শেষ হলে কিংবা জ্বালানির দাম বাড়ার প্রভাব পুরোপুরি বাজারে পৌঁছালে পরিস্থিতি আবার বদলে যেতে পারে। র‍্যাপিডের গবেষকও সতর্ক করেছেন, জ্বালানি ব্যয় বৃদ্ধির পুরো প্রভাব এখনো ভোক্তাপর্যায়ের দামে প্রতিফলিত হয়নি।

    একটা মোটা দাগের হিসাব

    বিষয়টি বুঝতে বিবিএসের ভোক্তা মূল্যসূচকের হিসাব একটু দেখা যাক। এই সূচকে খাদ্যপণ্যের ওজন প্রায় ৪৫ শতাংশ। বাকি ৫৫ শতাংশজুড়ে রয়েছে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবা। অর্থাৎ সংসারের মোট খরচের অর্ধেকেরও বেশি এখন খাবারের বাইরের বিভিন্ন খাতে।

    একটি আনুমানিক হিসাব করলে বিষয়টি আরও পরিষ্কার হয়। খাদ্যের ৪৫ শতাংশ ওজনের বিপরীতে ৬.৪ শতাংশ মূল্যস্ফীতি এবং খাদ্যবহির্ভূত খাতের ৫৫ শতাংশ ওজনের বিপরীতে প্রায় ৯.৯ শতাংশ মূল্যস্ফীতি ধরলে সার্বিক হার দাঁড়ায় ৮ শতাংশের কিছু বেশি, যা বিবিএসের প্রকাশিত ৮.২৭ শতাংশের কাছাকাছি। এটি আমার করা একটি সাধারণ হিসাব, সূচক তৈরির নির্ভুল পদ্ধতি নয়। কারণ শহর ও গ্রামের ব্যয়ের অনুপাতে পার্থক্য রয়েছে। তবে এখান থেকে একটি বিষয় স্পষ্ট, সংসারের অর্ধেকের বেশি খরচের জায়গায় যদি মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি থাকে, তাহলে খাবারের দাম বাড়ার গতি কমলেও সামগ্রিক মূল্যস্ফীতি দ্রুত কমবে না।

    সংসারের অর্ধেকের বেশি খরচের জায়গায়

    যদি মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি থাকে,

    তাহলে খাবারের দাম বাড়ার গতি কমলেও সামগ্রিক মূল্যস্ফীতি দ্রুত কমবে না।

    খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বেড়েছে আবাসন, পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যয়। এই গ্রুপে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৯.৮১ শতাংশ থাকলেও অক্টোবরে বেড়ে হয়েছে ১১.৩৮ শতাংশ। পরিবহনে মূল্যস্ফীতি ১০.৩২ শতাংশ এবং রেস্তোরাঁ ও হোটেল খাতে ১৪.১৭ শতাংশ। এখানে একটি সীমাবদ্ধতার কথাও বলা দরকার। বাড়িভাড়ার হিসাব আবাসন খাতের মধ্যেই অন্তর্ভুক্ত। কিন্তু প্রকাশিত তথ্যের মধ্যে শুধু বাড়িভাড়ার আলাদা মূল্যস্ফীতির হার পাওয়া যায়নি। তাই ভাড়া ঠিক কতটা বেড়েছে, তা নির্দিষ্ট করে বলার সুযোগ নেই। তবে সামগ্রিকভাবে আবাসন খাতের খরচ যে বাড়ছে, তা সূচকেই স্পষ্ট।

    ডিজেলের এক ধাক্কায় কেন সবকিছুর ভাড়া নড়ে ওঠে?

    গত ২১ সেপ্টেম্বর থেকে সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা, অর্থাৎ বেড়েছে প্রায় ১৭ শতাংশ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্যাখ্যা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্য ও জাহাজভাড়ার খরচ বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় ৬৪ শতাংশই ডিজেল। জ্বালানি মন্ত্রণালয়ের হিসাবে, দাম বাড়ানোর আগেও প্রতি লিটার ডিজেলে প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছিল। ডিজেল শুধু গাড়ি চালানোর কাজে লাগে না। পণ্যবাহী ট্রাক, সেচের পাম্প এবং বিভিন্ন গণপরিবহনও এর ওপর নির্ভরশীল। ফলে ডিজেলের দাম বাড়লে শুধু পরিবহন খরচ নয়, কৃষি থেকে শুরু করে বাজারে পণ্য পৌঁছানোর খরচেও চাপ পড়ে। অর্থনীতির শরীরে ডিজেল অনেকটা রক্তসঞ্চালনের মতো। এক জায়গায় খরচ বাড়লে তার প্রভাব ধীরে ধীরে অন্য জায়গাতেও পৌঁছে যায়।

    জ্বালানির দাম বাড়ার পর সবচেয়ে দ্রুত প্রভাব দেখা গেছে পরিবহন খাতে। অধ্যাপক লুৎফর রহমানের মতে, পরিবহনমালিকেরা বাড়তি খরচের চাপ প্রায় সঙ্গে সঙ্গেই যাত্রীদের ওপর চাপিয়েছেন। সরকারি ভাড়া সমন্বয়ের আগেই ঢাকা থেকে কয়েকটি রুটে যাত্রীদের ৫০ থেকে ১০০ টাকা বেশি ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্থনীতিতে এ ধরনের প্রবণতাকে বলা হয় ‘রকেট অ্যান্ড ফেদার’ বা রকেট ও পালকের আচরণ। অর্থাৎ খরচ বাড়লে পণ্যের দাম দ্রুত বাড়ে, কিন্তু খরচ কমলে দাম কমে অনেক ধীরে। মার্কিন অর্থনীতিবিদ স্যামুয়েল পেল্টজম্যান ২৪২টি পণ্যের বাজার নিয়ে গবেষণায় দেখেছেন, প্রতি তিনটি বাজারের দুটির বেশি ক্ষেত্রে উৎপাদন খরচ বাড়লে দাম যেভাবে দ্রুত বাড়ে, খরচ কমলে সেভাবে দ্রুত কমে না। বাংলাদেশের সেবা খাতেও ঠিক একই প্রবণতা আছে। আর এই গবেষণা থেকেও বোঝা যায়, পরিবহনভাড়া ও বিভিন্ন সেবার দাম একবার বেড়ে গেলে তা সহজে আগের জায়গায় ফিরে না আসার ঝুঁকি থাকে।

    সেপ্টেম্বরে জ্বালানির দাম সমন্বয়ের প্রভাব

    আগামী এক থেকে দুই মাস ধরে বাজারে পড়বে;

    কারণ জ্বালানির বাড়তি খরচ একদিনে সব পণ্যের দামে যুক্ত হয় না।

    বিদ্যুতের দামও আলাদা করে বিবেচনা করা দরকার। জুনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করেছিল। ভর্তুকির বোঝা কমানো ছিল এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য। তবে পরদিনই ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বাড়তি দাম প্রত্যাহার করায় গড় মূল্যবৃদ্ধির পরিমাণ কিছুটা কমে আসে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বিইআরসি চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন, বিদ্যুতের দাম বাড়লে মানুষের খরচ বাড়বে। কিন্তু এই সিদ্ধান্তের ফলে মূল্যস্ফীতি ও পারিবারিক ব্যয়ে কী প্রভাব পড়বে, তা নিয়ে আগে কোনো অর্থনৈতিক মূল্যায়ন করা হয়নি। অর্থাৎ লাখো পরিবারের মাসিক খরচে প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্তের ধাক্কা আগে থেকে মেপে দেখা হয়নি। সাবেক বিশ্বব্যাংক অর্থনীতিবিদ জাহিদ হোসেনও মনে করেন, সেপ্টেম্বরে জ্বালানির দাম সমন্বয়ের প্রভাব আগামী এক থেকে দুই মাস ধরে বাজারে পড়বে। কারণ জ্বালানির বাড়তি খরচ একদিনে সব পণ্যের দামে যুক্ত হয় না।

    সূচকে মূল্যস্ফীতি কম, কিন্তু মানুষের পকেটে চাপ বেশি

    বিবিএসের হিসাবে অক্টোবরে শিক্ষা খাতে মূল্যস্ফীতি ৭.৫৮ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ৪.৩৮ শতাংশ। অন্যান্য কয়েকটি খাতের তুলনায় এই হার কম মনে হতে পারে। কিন্তু অর্থনীতিবিদেরা বলছেন, পরিবহনের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার ব্যয়ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রাখছে। এর কারণ বুঝতে হলে ভোক্তা মূল্যসূচক কী পরিমাপ করে, তা জানা দরকার। এই সূচক একটি নির্দিষ্ট পণ্যের ঝুড়িতে থাকা জিনিস ও সেবার দাম কতটা বদলেছে, তা হিসাব করে। কিন্তু একটি পরিবারের মোট বিল কত বেড়েছে, সেটি সরাসরি দেখায় না।

    ৪৭.৪২ শতাংশ পরিবার সংসারের খরচ চালাতে ঋণ নিয়েছে;

    এসব পরিবারের গড় মাসিক আয় প্রায় ৩৩ হাজার ৫০০ টাকা,

    অথচ ব্যয় প্রায় ৩৫ হাজার ৩০০ টাকা। 

    চিকিৎসা খাতে এই পার্থক্য আরও স্পষ্ট। জাতীয় স্বাস্থ্য হিসাবের ১৯৯৭ থেকে ২০২০ সালের তথ্য অনুযায়ী, দেশের মোট স্বাস্থ্যব্যয়ের ৬৮.৫ শতাংশ আসে মানুষের নিজের পকেট থেকে। এর বড় অংশই খরচ হয় ওষুধ কেনায়। ফলে কারও চিকিৎসার জন্য পরীক্ষা ও ওষুধের সংখ্যা বেড়ে গেলে পরিবারের মোট খরচ অনেক বেড়ে যেতে পারে, যদিও প্রতিটি ওষুধ বা সেবার দাম সূচকে খুব বেশি বাড়েনি। মূল্যসূচকের আরেকটি সীমাবদ্ধতা রয়েছে। বিবিএসের কাছে ২০২২ সালের জরিপের তথ্য থাকলেও ভোক্তা মূল্যসূচকের বিভিন্ন খাতের ওজন এখনো ২০১৬ ও ২০১৭ সালের খানা আয় ও ব্যয় জরিপের ভিত্তিতে নির্ধারিত। অথচ এই সময়ের মধ্যে মানুষের খরচের ধরনে অনেক পরিবর্তন এসেছে। এটি সূচকের ভুল নয়, বরং পুরোনো ব্যয়ের কাঠামো ব্যবহার করার সীমাবদ্ধতা।

    সংসারের ওপর বাড়তি খরচের চাপ বিবিএসের জীবনযাত্রার মানবিষয়ক বিশেষ জরিপেও উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ৪৭.৪২ শতাংশ পরিবার সংসারের খরচ চালাতে ঋণ নিয়েছে। এসব পরিবারের গড় মাসিক আয় প্রায় ৩৩ হাজার ৫০০ টাকা, অথচ ব্যয় প্রায় ৩৫ হাজার ৩০০ টাকা।

    আয় বাড়ছে, কিন্তু খরচের সঙ্গে পাল্লা দিতে পারছে না

    সংসারের খরচ বাড়লেও আয় যদি একই হারে বাড়ত, তাহলে চাপ কিছুটা সামাল দেওয়া সম্ভব হতো। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার নেমে এসেছে ৭.৬৩ শতাংশে, সেপ্টেম্বরে যা ছিল ৭.৯০ শতাংশ। অন্যদিকে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশ। অর্থাৎ আয় বাড়ার হারের তুলনায় জীবনযাত্রার খরচ বাড়ছে ০.৬৪ শতাংশীয় পয়েন্ট বেশি। সেপ্টেম্বরে এই ব্যবধান ছিল ০.৪৪ শতাংশীয় পয়েন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে টানা ৫৭ মাস ধরে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি বেশি। সহজভাবে বললে, মানুষের বেতন বা মজুরির অঙ্ক বাড়ছে, কিন্তু সেই টাকা দিয়ে আগের তুলনায় কম পণ্য ও সেবা কেনা যাচ্ছে। অর্থনীতির ভাষায় একে প্রকৃত মজুরি কমে যাওয়া বলে। প্রকৃত মজুরি বৃদ্ধির হার বের করার সহজ হিসাব হলো, মজুরি বৃদ্ধির হার থেকে মূল্যস্ফীতির হার বাদ দেওয়া। সাবেক বিশ্বব্যাংক অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, মূল্যস্ফীতি কমলেও মানুষের প্রকৃত মজুরি বাড়েনি।

    বাড়িভাড়া, যাতায়াত, বিদ্যুৎ ও ওষুধের মতো খরচ সহজে বাদ দেওয়া যায় না,

    ফলে অন্য খাতে ব্যয় সামলাতে গিয়ে অনেক পরিবার

    খাবারের মান কমায়, সঞ্চয় ভাঙে, এমনকি চিকিৎসার খরচও কমিয়ে দেয়।

    তবে মজুরি সূচকের একটি সীমাবদ্ধতা মনে রাখা জরুরি। এই সূচকে কৃষি, শিল্প ও সেবা খাতের ৬৩টি পেশার দৈনিক বা ঘণ্টাভিত্তিক শ্রমিকদের মজুরি বিবেচনা করা হয়। বেতনভোগী কর্মী ও উচ্চ আয়ের পেশাজীবীরা এতে অন্তর্ভুক্ত নন। তাই এটি দেশের সব মানুষের আয়ের চিত্র তুলে ধরে না। তবে নিম্ন আয়ের মানুষের অবস্থা বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সূচক। জাহিদ হোসেনের হিসাবে, এই শ্রেণির শ্রমজীবী মানুষের সংখ্যা অন্তত আট থেকে দশ কোটি। সবচেয়ে বেশি চাপে রয়েছেন দৈনিক মজুরির শ্রমিক ও নির্দিষ্ট আয়ের মানুষ, যাঁদের আয় বাজারদরের সঙ্গে সঙ্গে বাড়ে না। গ্রামের পরিবারগুলোর ওপরও চাপ বেশি। কারণ অক্টোবরে গ্রামীণ এলাকায় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ১০.২১ শতাংশ, যেখানে শহরে ছিল ৯.৪৮ শতাংশ। নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোও বড় চাপে আছে। তাঁদের সঞ্চয় সীমিত, ফলে হঠাৎ চিকিৎসার মতো বড় কোনো খরচ এলে তা সামাল দেওয়ার সুযোগও কম।

    এখানে এঙ্গেলের সূত্রের কথা মনে করা যায়। উনিশ শতকের জার্মান পরিসংখ্যানবিদ আর্নস্ট এঙ্গেল দেখিয়েছিলেন, পরিবারের আয় যত কম হয়, মোট ব্যয়ের মধ্যে খাবারের পেছনে খরচের অংশ তত বেশি থাকে। সেই হিসাবে খাদ্যের দাম বাড়ার গতি কমা নিম্ন আয়ের পরিবারের জন্য স্বস্তির খবর। কিন্তু বাড়িভাড়া, যাতায়াত, বিদ্যুৎ ও ওষুধের মতো খরচ সহজে বাদ দেওয়া যায় না। ফলে অন্য খাতে ব্যয় সামলাতে গিয়ে অনেক পরিবার খাবারের মান কমায়, সঞ্চয় ভাঙে, এমনকি চিকিৎসার খরচও কমিয়ে দেয়। অধ্যাপক লুৎফর রহমানের ভাষ্যেও এমন চিত্র উঠে এসেছে। তাঁর মতে, মানুষ এখন শুধু অপ্রয়োজনীয় খরচ নয়, মৌলিক চাহিদার ব্যয়ও কমাচ্ছে। কেউ কেউ সংসার চালাতে জমা সঞ্চয় ব্যবহার করছেন।

    দোষ তবে কার: তেলের, না নাকি বাজারের দুর্বলতার?

    বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয়, মূল্যস্ফীতির বড় ধাক্কাটি এসেছে উৎপাদন ও সরবরাহের খরচ বাড়ার দিক থেকে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে নয়। এর পক্ষে দুটি বিষয় রয়েছে। প্রথমত, জ্বালানি ও বিদ্যুতের দাম সরাসরি বেড়েছে। দ্বিতীয়ত, বাজারে সামগ্রিক চাহিদা এখনো দুর্বল। জাহিদ হোসেনের মতে, নীতি সুদহার কমানোর পরও ব্যাংকঋণের প্রবৃদ্ধি দুর্বল রয়েছে। র‍্যাপিডের গবেষকদের পর্যবেক্ষণেও দুর্বল বিনিয়োগ চাহিদা ও মজুরি বৃদ্ধির ধীরগতির কারণে সামগ্রিক চাহিদা চাপে থাকার বিষয়টি উঠে এসেছে। অর্থনীতিতে চাহিদা বেড়ে পণ্যের দাম বাড়াকে বলা হয় ‘ডিমান্ড পুল ইনফ্লেশন’। আর উৎপাদন বা সরবরাহের খরচ বেড়ে দাম বাড়লে তাকে বলা হয় ‘কস্ট পুশ ইনফ্লেশন’। সুদের হার বাড়িয়ে বা ঋণ ব্যয়বহুল করে কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু তাতে ডিজেলের দাম কমে না, পরিবহন খরচও সরাসরি কমে না। তাই যখন মূল্যস্ফীতির বড় কারণ উৎপাদন ও সরবরাহ ব্যয়, তখন শুধু সুদের হার বাড়িয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন। বিশেষ করে বাজারে চাহিদা আগে থেকেই দুর্বল থাকলে।

    এখানে মিল্টন ফ্রিডম্যানের বহুল আলোচিত বক্তব্য মনে করা যেতে পারে। ১৯৬৩ সালের এক বক্তৃতায় তিনি বলেছিলেন, মূল্যস্ফীতি সব সময় ও সব জায়গায় একটি আর্থিক ঘটনা। অর্থাৎ অর্থের জোগান উৎপাদনের তুলনায় দ্রুত বাড়লে দীর্ঘমেয়াদে পণ্যের দাম বাড়তে থাকে। তবে ফ্রিডম্যানের বক্তব্য মূলত দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি নিয়ে। তেলের দাম একবার বাড়লে সামগ্রিক মূল্যস্তর হঠাৎ বেড়ে যেতে পারে। কিন্তু সেই মূল্যবৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে কি না, তা অর্থের জোগান কীভাবে বাড়ছে, তার ওপরও নির্ভর করে। এ জায়গায় জাহিদ হোসেন সতর্ক করেছেন, বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স শিট দ্রুত বড় হচ্ছে এবং হাই পাওয়ার্ড মানি বা অর্থের জোগানের ভিত্তিও বাড়ছে। ব্যাংকিং ব্যবস্থার বাইরে বেশি টাকা ছড়িয়ে পড়লে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই মূল্যস্ফীতির জন্য জ্বালানি ও উৎপাদন ব্যয়কে বড় কারণ মনে করলেও অর্থের জোগানের বিষয়টি উপেক্ষা করা যাবে না।

    ব্যাংকিং ব্যবস্থার বাইরে বেশি টাকা ছড়িয়ে পড়লে মূল্যস্ফীতির ওপর

    বাড়তি চাপ তৈরি হতে পারে।

    তাই মূল্যস্ফীতির জন্য জ্বালানি ও উৎপাদন ব্যয়কে বড় কারণ মনে করলেও

    অর্থের জোগানের বিষয়টি উপেক্ষা করা যাবে না।

    বাজারের কাঠামো ও প্রতিযোগিতার অভাবও দামের ওপর প্রভাব ফেলতে পারে। প্রভাবশালী গোষ্ঠীর চাঁদাবাজিসহ বিভিন্ন বাড়তি খরচ শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়। বাণিজ্য ও শুল্ক কমিশনের ২০২৫ সালের এক প্রতিবেদনে সবজির বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব, তথ্যের অভাব, চাঁদাবাজি ও পরিবহন খরচের অনিশ্চয়তাকে বেশি খুচরা দামের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ঢাকার আশপাশের পাইকারি বাজারে প্রতি ট্রাক সবজির জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাজার উন্নয়ন ফি দিতে হয় বলেও ব্যবসায়ীরা জানিয়েছিলেন। তবে এ ক্ষেত্রে একটি সীমা মনে রাখা দরকার। এসব তথ্য মূলত খাদ্যপণ্যের বাজার নিয়ে। বাড়িভাড়া, পরিবহন, স্কুলের ফি বা হাসপাতালের সেবার দাম নির্ধারণেও একই ধরনের একচেটিয়া আচরণ রয়েছে কি না, তা প্রমাণ করার মতো প্রকাশিত তথ্য পাওয়া যায়নি। তবে সাধারণভাবে বলা যায়, কোনো বাজারে দাম নির্ধারণের নিয়ম স্বচ্ছ না হলে এবং ক্রেতার দরদাম করার সুযোগ কম থাকলে খরচ বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়ানো সহজ হয়। পরে খরচ কমলেও দাম আগের জায়গায় ফিরতে চায় না। রকেট ও পালকের মতো এই প্রবণতা তখন আরও শক্তিশালী হয়।

    সরকার চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। অথচ গত ১২ মাসের গড় মূল্যস্ফীতি এখন ৮.৬৬ শতাংশ। জাহিদ হোসেন মনে করেন, সরকারের এই লক্ষ্য অর্জন সহজ হবে না। তাঁর মতে, ৭.৫ শতাংশে নামানো সম্ভব হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই হার যথেষ্ট কি না, সেটিও বিবেচনা করতে হবে। অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য তাই একই সঙ্গে দুটি বার্তা দিচ্ছে। খাবারের দামে কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু সংসারের সামগ্রিক চাপ কমেনি। কারণ পরিবারের খরচের বড় অংশ এখন রান্নাঘরের বাইরে, যেখানে আবাসন, বিদ্যুৎ, পরিবহন ও বিভিন্ন সেবার ব্যয় বাড়ছে। সামনে তিনটি বিষয় বিশেষভাবে নজরে রাখতে হবে। ডিজেলের দাম বাড়ার পুরো প্রভাব বাজারে কতটা পড়ে, শীতের সবজির সরবরাহ কত দিন ভালো থাকে এবং মজুরি বৃদ্ধির হার শেষ পর্যন্ত মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারে কি না। কারণ সূচকে মূল্যস্ফীতি কমা আর মানুষের সংসারের খরচ কমে যাওয়া এক কথা নয়। বাজারের ব্যাগ কিছুটা হালকা মনে হলেও মাস শেষে হিসাবের খাতায় সেই স্বস্তি দেখা যাচ্ছে কি না, সেটিই আসল প্রশ্ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ ডেকে আনতে পারে সেই যুদ্ধ, যা ওয়াশিংটন এড়াতে চায়

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    রিকশাচালক ও কোটিপতি একই হারে ভ্যাট দেন, রাজস্বের ভারে নুয়ে পড়ছে গরিব

    নভেম্বর 24, 2026
    অর্থনীতি

    গ্যাস ও কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা প্রায় ১৪৮ কোটি টাকা

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.