Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রেমিট্যান্স প্রবাহ বাড়লেও কেন কাটছে না ডলার ও রিজার্ভ সংকট?
    অর্থনীতি

    রেমিট্যান্স প্রবাহ বাড়লেও কেন কাটছে না ডলার ও রিজার্ভ সংকট?

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরলেও আমদানি ব্যয়, ঋণ পরিশোধ, রপ্তানি আয়ের মন্থরতা ও বিনিয়োগের স্থবিরতায় বাড়ছে চাপ; টেকসই সমাধানে প্রয়োজন অর্থনীতির কাঠামোগত সংস্কার।

    বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে প্রবাসী আয় বা রেমিট্যান্স কেবল বৈদেশিক মুদ্রা অর্জনের একটি উৎস নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার অন্যতম প্রধান অবলম্বন। সাম্প্রতিক বছরগুলোতে ডলার সংকট, বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা এবং রিজার্ভের ধারাবাহিক পতনের মধ্যে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ শতাংশের বেশি।

    চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি। একই সময়ে ২৪ নভেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার(কিছু প্রতিবেদনে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার হিসেবেও উল্লেখ করা হয়েছে)।

    পরিসংখ্যানের এই ইতিবাচক পরিবর্তন নিঃসন্দেহে স্বস্তিদায়ক। কিন্তু বাস্তবতা হলো, রেমিট্যান্সের প্রবাহ বাড়লেও বৈদেশিক মুদ্রাবাজারের অন্তর্নিহিত চাপ পুরোপুরি দূর হয়নি। আমদানি দায় পরিশোধ, জ্বালানি কেনা, বৈদেশিক ঋণের কিস্তি, রপ্তানি আয়ের অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগের সীমিত প্রবাহের কারণে অর্জিত ডলারের একটি বড় অংশ আবার বিদেশে চলে যাচ্ছে। ফলে রিজার্ভে সাময়িক উন্নতি দেখা গেলেও তা ধারাবাহিকভাবে বাড়ানো কঠিন হয়ে পড়ছে।

    ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল(২০২১ সালের ২৪ আগস্ট বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮.০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। করোনা-পরবর্তী সময়ে কম আমদানি ব্যয়, প্রবাসী আয়ের উল্লম্ফন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ১.৪৫ বিলিয়ন ডলারের এসডিআর (SDR) সহায়তা যুক্ত হওয়ায় রিজার্ভ এই রেকর্ড উচ্চতায় উঠেছিল)।সেই অবস্থানের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য শুধু রিজার্ভের অঙ্কে সীমাবদ্ধ নয়; বরং দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, ব্যয় এবং ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতাও এতে প্রতিফলিত হচ্ছে। কেন প্রবাসী আয়ের প্রবৃদ্ধি সত্ত্বেও ডলার ও রিজার্ভ সংকট কাটছে না, তা বুঝতে হলে বৈদেশিক মুদ্রার সামগ্রিক প্রবাহ ও বহির্গমনের কারণগুলো বিশ্লেষণ করা জরুরি।

    রিজার্ভের পরিমাণ বাড়লেও ব্যবহারযোগ্য অর্থের নিশ্চয়তা কোথায়? রিজার্ভ পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে প্রথমেই গ্রস রিজার্ভ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিপিএম-৬ পদ্ধতির হিসাবের পার্থক্য বুঝতে হবে। বাংলাদেশ ব্যাংক দেশের মোট বৈদেশিক সম্পদের ভিত্তিতে গ্রস রিজার্ভ প্রকাশ করে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে নির্দিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে রিজার্ভের হিসাব করা হয়। ফলে দুটি হিসাবের মধ্যে পার্থক্য থাকে।

    ২০২৬ সালের ২৪ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ৪ দশমিক ৮১ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে। তবে বিপিএম-৬ রিজার্ভকে সরাসরি সম্পূর্ণ ব্যবহারযোগ্য নিট অর্থ হিসেবে বিবেচনা করাও ঠিক নয়। রিজার্ভের প্রকৃত ব্যবহারযোগ্যতা নির্ধারণে স্বল্পমেয়াদি বৈদেশিক দায়, সম্পদের তারল্য, দায়বদ্ধতা এবং জরুরি আমদানি ব্যয়ের বিষয়গুলোও বিবেচনা করতে হয়।

    রপ্তানি উন্নয়ন তহবিলের মতো বিভিন্ন বৈদেশিক মুদ্রাভিত্তিক ব্যবস্থায় ব্যবহৃত অর্থ, কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য দায় এবং নির্দিষ্ট সময়ের বৈদেশিক পরিশোধের চাপও রিজার্ভ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ। একটি দেশের রিজার্ভ পর্যাপ্ত কি না, তা শুধু মোট ডলারের অঙ্ক দিয়ে নির্ধারণ করা যায় না। বরং কত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ কতটা পরিশোধযোগ্য এবং আকস্মিক সংকটে কত দ্রুত বৈদেশিক লেনদেন চালিয়ে যাওয়া যাবে, সেগুলোও বিবেচনা করতে হয়।

    সাধারণ আন্তর্জাতিক মানদণ্ডে অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভকে একটি প্রচলিত নির্দেশক হিসেবে ধরা হয়। কিন্তু বাংলাদেশের মতো জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানিনির্ভর অর্থনীতিতে শুধু এই সীমা অর্জন করাই যথেষ্ট নয়। প্রয়োজন আরও শক্তিশালী ও স্থিতিশীল বৈদেশিক মুদ্রার সঞ্চয়।

    আমদানি ব্যয় ও আকুর বিল রিজার্ভ বৃদ্ধির পথে বড় বাধা। রেমিট্যান্স বাড়লেও রিজার্ভ প্রত্যাশিত হারে বৃদ্ধি না পাওয়ার অন্যতম কারণ আমদানি ব্যয়ের উচ্চচাপ। বাংলাদেশের শিল্প উৎপাদন, বিদ্যুৎ, পরিবহন, কৃষি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা অনেকাংশেই বিদেশি পণ্যের ওপর নির্ভরশীল। ফলে জ্বালানি তেল, এলএনজি, কয়লা, সার, খাদ্যশস্য, তুলা, রাসায়নিক দ্রব্য এবং শিল্পের কাঁচামাল আমদানিতে বিপুল পরিমাণ ডলার ব্যয় করতে হয়।

    বিশেষ করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যের দাম বাড়লে দেশের আমদানি ব্যয় দ্রুত বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পরিবহন ব্যয় বৃদ্ধিও এ ক্ষেত্রে বাড়তি ঝুঁকি তৈরি করে। এর সঙ্গে যুক্ত হয়েছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নিয়মিত বিল পরিশোধ। আকুর মাধ্যমে সদস্যদেশগুলোর মধ্যে নির্দিষ্ট সময়ের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেনের নিট দায় নিষ্পত্তি করা হয়। বাংলাদেশকে সাধারণত দুই মাস অন্তর এই দায় পরিশোধ করতে হয়।

    ২০২৬ সালের ৫ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) প্রায় ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের আকু বিল পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

    এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রেমিট্যান্স থেকে নতুন ডলার এলেও নির্দিষ্ট সময়ে বড় অঙ্কের আমদানি দায় পরিশোধ করতে হলে রিজার্ভের ওপর তাৎক্ষণিক চাপ সৃষ্টি হয়। অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি তার বহির্গমন নিয়ন্ত্রণেও দক্ষতা প্রয়োজন। তবে আমদানি কমানোর নামে নির্বিচারে নিয়ন্ত্রণ আরোপ করাও সমাধান নয়। এতে শিল্পের উৎপাদন ব্যাহত, কর্মসংস্থান সংকুচিত এবং ভবিষ্যৎ রপ্তানি সক্ষমতা দুর্বল হতে পারে। প্রয়োজন অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করে উৎপাদনশীল আমদানি নিশ্চিত করা।

     বৈদেশিক ঋণ পরিশোধে বাড়ছে ডলারের বহির্গমন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ওপর দীর্ঘমেয়াদি চাপের অন্যতম বড় উৎস হলো বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধ। গত এক দশকে অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে। এসব ঋণের অনেকগুলোর রেয়াতকাল শেষ হওয়ায় এখন নিয়মিত কিস্তি পরিশোধের দায় বাড়ছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ১ হাজার ৩৫১ দশমিক ২৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ৫ দশমিক ৬ শতাংশ বেশি।

    অন্যদিকে একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে মাত্র ৬৬২ দশমিক ৩১ মিলিয়ন ডলার। অর্থাৎ নতুন সহায়তা আসার তুলনায় পুরোনো ঋণ পরিশোধে দ্বিগুণেরও বেশি অর্থ ব্যয় হয়েছে। এই প্রবণতা উদ্বেগজনক। কারণ বৈদেশিক ঋণ গ্রহণের সময় অর্থ দেশে প্রবেশ করে সাময়িকভাবে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায়। কিন্তু পরবর্তী সময়ে মূলধন ও সুদ পরিশোধের জন্য আবার ডলার বিদেশে পাঠাতে হয়।

    সমস্যা আরও গভীর হয় যখন ঋণ নিয়ে বাস্তবায়িত প্রকল্প প্রত্যাশিত উৎপাদন, কর্মসংস্থান কিংবা বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা তৈরি করতে পারে না। তখন ঋণ পরিশোধের দায় বহাল থাকলেও প্রকল্প থেকে পাওয়া অর্থনৈতিক সুবিধা সেই দায় মেটানোর জন্য যথেষ্ট হয় না। তাই নতুন ঋণ গ্রহণের আগে প্রকল্পের অর্থনৈতিক উপযোগিতা, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা, সুদের হার এবং পরিশোধের সময়সূচি কঠোরভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

     রপ্তানি আয়ের মন্থরতা ও অর্থ প্রত্যাবাসনের সমস্যা। রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে রপ্তানি খাত প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য রপ্তানি আয় প্রায় ৪৮ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ।

    এটি নির্দেশ করে যে রপ্তানি আয় বাড়লেও প্রবৃদ্ধির গতি অত্যন্ত সীমিত। বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের রপ্তানি কাঠামোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশের বেশি আসে এই একটি খাত থেকে। বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং বাণিজ্যনীতির পরিবর্তন এ খাতের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে।

    এ ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত রপ্তানি আয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রকৃত বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। পণ্য রপ্তানি হওয়ার পর নির্ধারিত সময়ে তার মূল্য দেশে না এলে ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ তৈরি হয় না। রপ্তানিকারকদের বকেয়া অর্থ আদায়ে বিলম্ব, বিদেশি ক্রেতাদের আর্থিক দুর্বলতা এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা এ সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। তাই শুধু রপ্তানির পরিমাণ বাড়ানো নয়, রপ্তানি মূল্য দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য নিশ্চিত করাও জরুরি।

     বিদেশি বিনিয়োগের স্থবিরতায় বিকল্প ডলার সরবরাহ সীমিত। একটি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য শক্তিশালী রাখতে চলতি হিসাবের পাশাপাশি আর্থিক হিসাবেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রেমিট্যান্স ও রপ্তানি আয় চলতি বৈদেশিক মুদ্রা প্রবাহকে শক্তিশালী করলেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ আর্থিক হিসাবকে সমৃদ্ধ করে।

    কিন্তু বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা, জটিল করব্যবস্থা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, জমি ও জ্বালানির সীমাবদ্ধতা এবং ব্যাংকিং খাতের দুর্বলতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে। বিশেষ করে ২০২৬ সালের জুন শেষে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছানো আর্থিক খাতের দুর্বলতার একটি বড় নির্দেশক।

    এ ধরনের পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগের আগে ঝুঁকি বিবেচনায় অধিক সতর্ক হন। ফলে নতুন শিল্পকারখানা, প্রযুক্তি স্থানান্তর এবং উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হওয়ার কথা, তা বাধাগ্রস্ত হয়। এখানে মনে রাখতে হবে, বিদেশি বিনিয়োগের ঘাটতি সরাসরি শুধু রেমিট্যান্স দিয়ে পূরণ করা সম্ভব নয়। প্রয়োজন বিনিয়োগবান্ধব পরিবেশ, ব্যাংকিং খাতের সুশাসন এবং নীতিমালার ধারাবাহিকতা।

    ডলারের বিনিময় হার ও বাজার ব্যবস্থাপনার অসংগতি: ডলারের বাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য বৈদেশিক মুদ্রার সরবরাহ ও চাহিদার মধ্যে বাস্তবসম্মত ভারসাম্য থাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে বিনিময় হার নিয়ন্ত্রণের চেষ্টা, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের পার্থক্য এবং ব্যাংকগুলোর মধ্যে ডলার সংগ্রহের প্রতিযোগিতা বাজারের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে।

    বাংলাদেশ ব্যাংক বিনিময় হার ব্যবস্থাপনায় বাজারভিত্তিক পদ্ধতির দিকে অগ্রসর হলেও এর কার্যকারিতা নির্ভর করছে বাজারে পর্যাপ্ত ডলার সরবরাহ এবং স্বচ্ছ লেনদেনের ওপর। আন্তঃব্যাংক বাজারে ডলারের চাহিদা বেড়ে গেলে কোনো কোনো ব্যাংক আমদানি দায় মেটাতে বেশি দামে বৈদেশিক মুদ্রা সংগ্রহের চেষ্টা করে। আবার বিনিময় হার কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হলে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ কমতে পারে।

    অন্যদিকে হুন্ডি ব্যবস্থার সক্রিয়তা আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রা প্রবাহকে ক্ষতিগ্রস্ত করে। দ্রুত অর্থপ্রাপ্তি ও বিনিময়মূল্যের পার্থক্যের কারণে কিছু প্রবাসী অনানুষ্ঠানিক চ্যানেলের দিকে ঝুঁকতে পারেন। এ সমস্যা সমাধানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো সহজ, দ্রুত এবং প্রতিযোগিতামূলক করতে হবে। একই সঙ্গে আর্থিক গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে অবৈধ অর্থ স্থানান্তরের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে হবে।

     রেমিট্যান্সের ব্যবহার ও উৎপাদনশীল বিনিয়োগের সীমাবদ্ধতা। প্রবাসীদের পাঠানো অর্থের একটি বড় অংশ পরিবারের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসন, দৈনন্দিন প্রয়োজন এবং অন্যান্য ভোগব্যয়ে ব্যবহৃত হয়। এটি স্বাভাবিক এবং অর্থনীতির অভ্যন্তরীণ চাহিদা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে রেমিট্যান্সের একটি অংশ যদি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা যায়, তাহলে দীর্ঘ মেয়াদে অর্থনীতিতে অতিরিক্ত উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

    বর্তমানে প্রবাসী পরিবারের অনেকেই জমি, বাড়ি কিংবা অন্যান্য স্থাবর সম্পদে অর্থ বিনিয়োগ করেন। এসব বিনিয়োগের অর্থনৈতিক গুরুত্ব থাকলেও সব ক্ষেত্রে তা সরাসরি উৎপাদন বা রপ্তানি সক্ষমতা বাড়ায় না। অন্যদিকে ভোগব্যয় বাড়লে আমদানিনির্ভর পণ্যের চাহিদাও বৃদ্ধি পেতে পারে। ফলে রেমিট্যান্সের মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার বিপরীতে পরোক্ষভাবে নতুন আমদানি চাহিদা তৈরি হয়।

    তবে রেমিট্যান্সের পুরো অর্থকে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর করা বাস্তবসম্মত নয়। বরং প্রবাসীদের স্বেচ্ছামূলক বিনিয়োগের জন্য নিরাপদ ও লাভজনক সুযোগ সৃষ্টি করতে হবে। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, প্রবাসী বিনিয়োগ তহবিল এবং ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

    বৈদেশিক মুদ্রার প্রবাহ ও বহির্গমনের সামগ্রিক চিত্রঃ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কয়েক মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে রেমিট্যান্স ইতিবাচক ভূমিকা রাখলেও বিভিন্ন খাতে ডলারের বহির্গমন অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি। বিপরীতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। একই সময়ে নতুন বৈদেশিক ঋণ ও সহায়তা ছাড় হয়েছে মাত্র ৬৬২ দশমিক ৩১ মিলিয়ন ডলার। অর্থাৎ নতুন বৈদেশিক অর্থপ্রবাহের তুলনায় পুরোনো ঋণ পরিশোধে উল্লেখযোগ্য পরিমাণ বেশি ডলার ব্যয় করতে হয়েছে।

    এ ছাড়া নভেম্বরের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ প্রায় ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভে তাৎক্ষণিক চাপ তৈরি হয়। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ হওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জনের এই গুরুত্বপূর্ণ উৎসেও প্রত্যাশিত গতি আসেনি। পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহ কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোয় দীর্ঘমেয়াদি ডলার সরবরাহের বিকল্প উৎস দুর্বল রয়েছে।

    সামগ্রিকভাবে দেখা যায়, রেমিট্যান্সের প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ালেও ঋণ পরিশোধ, আমদানি দায় এবং রপ্তানি ও বিনিয়োগের সীমাবদ্ধতা সেই ইতিবাচক প্রভাবকে অনেকাংশে সীমিত করছে। ফলে ডলারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার বহির্গমন নিয়ন্ত্রণ এবং নতুন আয়ের উৎস সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

    সংকট উত্তরণে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি সংস্কারঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় সাময়িক পদক্ষেপের পাশাপাশি অর্থনীতির উৎপাদন ও আয় কাঠামোয় পরিবর্তন আনা জরুরি। প্রথমত, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, হালকা প্রকৌশল, পাটজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

    দ্বিতীয়ত, বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিগত স্থিতিশীলতা, সহজ করব্যবস্থা, কার্যকর ওয়ান-স্টপ সার্ভিস, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বিনিয়োগকারীদের মুনাফা প্রত্যাবাসনের নিশ্চয়তা দিতে হবে। তৃতীয়ত, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। যেসব প্রকল্প থেকে পর্যাপ্ত অর্থনৈতিক সুফল পাওয়া যাচ্ছে না, সেগুলোর ব্যয় ও কার্যকারিতা পুনর্মূল্যায়ন করতে হবে। ভবিষ্যৎ ঋণ গ্রহণের ক্ষেত্রে সুদের হার, মেয়াদ এবং পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিতে হবে।

    চতুর্থত, প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার উচ্চ আয়ের শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ বাড়াতে হবে। এতে প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি দেশের শ্রমবাজারও বহুমুখী হবে। পঞ্চমত, জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে দেশে উৎপাদন সক্ষমতা তৈরি করতে হবে।

    ষষ্ঠত, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, আর্থিক অনিয়মের বিচার, দুর্বল ব্যাংকের সংস্কার এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকি সক্ষমতা বাড়াতে হবে। ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে না আনলে দেশি-বিদেশি বিনিয়োগের প্রত্যাশিত পরিবেশ তৈরি হবে না। সপ্তমত, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করতে হবে। দ্রুত অর্থ স্থানান্তর, প্রতিযোগিতামূলক বিনিময় হার এবং নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করার পাশাপাশি হুন্ডি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    রেমিট্যান্সের প্রবৃদ্ধিকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসীদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান রক্ষাকবচ। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহের উল্লেখযোগ্য বৃদ্ধি বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি রিজার্ভের পতন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এই অর্জনকে স্থায়ী অর্থনৈতিক স্থিতিশীলতায় রূপান্তর করতে হলে শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করে বসে থাকার সুযোগ নেই।

    কারণ একটি দেশের বৈদেশিক মুদ্রার সক্ষমতা নির্ধারিত হয় তার সামগ্রিক আয় ও ব্যয়ের ভারসাম্যের মাধ্যমে। আমদানি ব্যয় যদি রপ্তানি আয় ও অন্যান্য বৈদেশিক আয়ের তুলনায় দ্রুত বাড়তে থাকে, বৈদেশিক ঋণের কিস্তি ক্রমাগত বৃদ্ধি পায় এবং বিদেশি বিনিয়োগ স্থবির থাকে, তাহলে রেমিট্যান্সের প্রবৃদ্ধিও রিজার্ভের ওপর স্থায়ী স্বস্তি নিশ্চিত করতে পারবে না।

    বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস বাড়ানো এবং অপ্রয়োজনীয় বহির্গমন কমানো। এজন্য উৎপাদনশীল বিনিয়োগ, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষ জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা এবং ব্যাংকিং খাতের সুশাসনকে একই সঙ্গে অগ্রাধিকার দিতে হবে।

    মনে রাখতে হবে, রিজার্ভের পরিমাণ বাড়ানোই অর্থনৈতিক সাফল্যের একমাত্র মাপকাঠি নয়; বরং সেই রিজার্ভ কতটা স্থিতিশীল, বৈদেশিক দায় পরিশোধের সক্ষমতা কতটা শক্তিশালী এবং অর্থনীতি নতুন ডলার অর্জনে কতটা সক্ষম—সেটিই প্রকৃত বিবেচ্য।

    অতএব, রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহকে কাজে লাগিয়ে যদি দেশের উৎপাদন, বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা যায়, তাহলেই ডলার ও রিজার্ভ সংকট থেকে দীর্ঘমেয়াদি উত্তরণ সম্ভব হবে। অন্যথায় প্রবাসীদের পাঠানো বিপুল অর্থ সাময়িক স্বস্তি দিলেও আমদানি ব্যয়, ঋণের বোঝা ও কাঠামোগত দুর্বলতার চাপে সেই স্বস্তি বারবার হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চলতি অর্থবছরে রেমিট্যান্স ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ

    নভেম্বর 25, 2026
    বাণিজ্য

    তিন সপ্তাহে কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে মসলার দাম

    নভেম্বর 25, 2026
    আন্তর্জাতিক

    ইরানকে দুর্বল করার অপেক্ষায় কতটা দুর্বল হচ্ছে উপসাগরীয় অর্থনীতি?

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.