বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সমুদ্রসম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে নিরাপদ সামুদ্রিক অঞ্চল নিশ্চিত করা জরুরি। সামুদ্রিক নিরাপত্তা ছাড়া নীল অর্থনীতির সম্ভাবনাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপ দেওয়া সম্ভব নয়।
সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় নিরাপত্তার গুরুত্বও বাড়ছে। বিশেষ করে অবৈধ মাছ শিকার, সমুদ্রদূষণ, জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান এবং মানবপাচার দেশের সামুদ্রিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
বাংলাদেশ মেরিটাইম গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের মহাপরিচালক অবসরপ্রাপ্ত কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ বলেন, সামুদ্রিক নিরাপত্তা কেবল আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নয়, বরং নীল অর্থনীতির টেকসই বিকাশের অন্যতম মৌলিক শর্ত।
তিনি বলেন, সমুদ্রে কার্যকর নজরদারি, অপরাধ প্রতিরোধ এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। পাশাপাশি মৎস্যসম্পদ, সামুদ্রিক পরিবহন এবং সমুদ্রনির্ভর অন্যান্য শিল্পের বিকাশও ত্বরান্বিত হবে।
তবে তাঁর মতে, অবৈধ মাছ শিকার, সামুদ্রিক দূষণ এবং আন্তদেশীয় অপরাধ বাংলাদেশের দীর্ঘমেয়াদি সামুদ্রিক অর্থনৈতিক স্বার্থের জন্য বড় বাধা। এসব মোকাবিলায় নৌবাহিনী, কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত নজরদারি, গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ অভিযান বাড়ানো প্রয়োজন।
সামুদ্রিক কার্যক্রম পরিচালনায় সমন্বয় জোরদার করতে পৃথক সামুদ্রিক বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাবও দিয়েছেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে কার্যকর আন্তসংস্থা সমন্বয় কমিটি গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা, কৃত্রিম উপগ্রহভিত্তিক পর্যবেক্ষণ, চালকবিহীন আকাশযান এবং গোয়েন্দা তথ্যের সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সমুদ্রে সম্ভাব্য হুমকি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে।
এ ধরনের প্রযুক্তি জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধের পাশাপাশি সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে সহায়তা করবে।
বাংলাদেশ কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চালকবিহীন আকাশযান, আধুনিক টহল জাহাজ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তি বাহিনীর কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করছে।
তবে বিস্তৃত উপকূলীয় অঞ্চল, দুর্গম চর এবং সামুদ্রিক এলাকায় দিনরাত নজরদারি বজায় রাখা এখনো বড় চ্যালেঞ্জ। প্রচলিত টহলব্যবস্থার পাশাপাশি উত্তাল সমুদ্র ও প্রতিকূল আবহাওয়ায় অভিযান পরিচালনা করতে হয় কোস্ট গার্ডকে। জলদস্যুতা, বনদস্যুতা, মানবপাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধেও নিয়মিত অভিযান চালাতে হচ্ছে।
সম্প্রতি উপকূলীয় জলসীমা, নদ-নদী এবং সুন্দরবনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও টহল জোরদার করেছে কোস্ট গার্ড। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, অবৈধ মাছ ধরার সরঞ্জাম এবং চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে।
গত ১৪ নভেম্বর টেকনাফের নাফ নদ থেকে ২০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে কোস্ট গার্ড। এর আগে একই এলাকা থেকে আরও ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গত ২৩ নভেম্বর সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ‘অপারেশন কোরাল আইল্যান্ড’-এর আওতায় অভিযান চালিয়ে ১০১ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড। এ সময় পাঁচটি অবৈধ মাছ ধরার ট্রলার, ২৮টি জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে উপকূলীয় পথে পাচারের অভিযোগে বিদেশি মদ, গাঁজা, সার ও সিমেন্ট জব্দ করা হয়েছে।
সুন্দরবনে জলদস্যুতা দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান আরও জোরদার করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত এসব কার্যক্রমের অংশ হিসেবে ৪৩ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জলদস্যু বাহিনীর ৬৪ সদস্য আত্মসমর্পণ করেছেন। এ সময় ৮২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দস্যু দলের সদস্যদের কাছ থেকে আরও ৪৮টি আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে।
একই সময়ে জলদস্যুদের হাতে আটক থাকা ৬৩ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
এর বাইরে গত ১৭ নভেম্বর সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে ১০টি একনলা বন্দুক, দুটি বায়ুচালিত বন্দুক, স্থানীয়ভাবে তৈরি দুটি একনলা আগ্নেয়াস্ত্র, কয়েকটি বন্দুকের নল, গোলাবারুদ এবং বেতার যোগাযোগের যন্ত্র উদ্ধার করা হয়।
বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক মৎস্যসম্পদ, সমুদ্রবন্দর, নৌপরিবহন, জাহাজ নির্মাণ, পর্যটন এবং সমুদ্রভিত্তিক জ্বালানি খাতের উন্নয়ন অনেকাংশেই নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশের ওপর নির্ভরশীল।
এ লক্ষ্য অর্জনে আধুনিক সমুদ্র উপকূলীয় টহল জাহাজ, উন্নত রাডারব্যবস্থা, চালকবিহীন আকাশযান, কৃত্রিম উপগ্রহভিত্তিক নজরদারি, দক্ষ জনবল এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।
সব মিলিয়ে বঙ্গোপসাগরের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। সমুদ্রসম্পদ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং বিনিয়োগের নিরাপদ পরিবেশ তৈরির মাধ্যমে নীল অর্থনীতিকে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করা সম্ভব।

