দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের খরচ হবে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এর প্রভাব বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া পুরোনো অলঙ্কার বদলে নতুন অলঙ্কার নেওয়ার ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে নির্ধারিত দামের ওপর ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এসব লেনদেনের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১৪৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

