বুধবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই গম আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। গম সরবরাহের জন্য ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালকে সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ১ জুলাই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দুই দেশের সরকারের সরাসরি চুক্তির আওতায় প্রতি টন ৩২২ ডলার দরে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির অনুমোদন দিয়েছিল। একই সময়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি টন ২৯৭ দশমিক ৯২ ডলার দরে আরও ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদিত হয়।
গত বছর তিনটি পৃথক চালানে প্রতি টন ৩০২ থেকে ৩১২ দশমিক ২৫ ডলার দরে গম আমদানি করেছিল সরকার। এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি টন ২৭৫ ডলার দরে আরও ৫০ হাজার টন গম আমদানি করা হয়েছিল। আগের এসব ক্রয়মূল্যের তুলনায় নতুন চালানের জন্য সরকারকে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত গম আমদানির লক্ষ্যে ২০২৫ সালের ২০ জুলাই ইউএস হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। ওই সমঝোতার আওতায় পাঁচ বছর ধরে প্রতিবছর সর্বোচ্চ ৭ লাখ টন মার্কিন গম আমদানির কথা রয়েছে। সর্বশেষ গম কেনার সিদ্ধান্তও সেই ধারাবাহিকতার অংশ।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সমঝোতার আওতায় ২০২৫ সালের ২৬ অক্টোবর প্রথম গমের চালান দেশে পৌঁছায়। চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত মোট ৬ লাখ ৬০ হাজার টন গম কিনেছে বাংলাদেশ।
দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি অব্যাহত থাকলেও নতুন ক্রয়াদেশে টনপ্রতি দাম বেড়ে যাওয়ায় সরকারের আমদানি ব্যয়ও বাড়ছে।

