মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টি-তিনটি লক্ষ্য এখন বাংলাদেশ ব্যাংকের সামনে। একদিকে উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা, অন্যদিকে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা সুদহার ৭ শতাংশে নামানোর পক্ষে মত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৭ শতাংশই কি যৌক্তিক, নাকি আরও কিছুদিন অপেক্ষা করা প্রয়োজন? শেষ পর্যন্ত নীতি সুদহার কত হলে মূল্যস্ফীতির চাপ কমবে, আবার বিনিয়োগ ও কর্মসংস্থানও গতি পাবে?
নীতি সুদহারের বর্তমান চিত্র
বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। ২০২৪ সালের অক্টোবরে নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণের পর প্রায় ২১ মাস এই হার অপরিবর্তিত রাখা হয়। এরপর ২০২৬ সালের ৩০ জুলাই ৫০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়। সর্বশেষ অক্টোবরেও এই হার অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
নীতি সুদহার ৭ শতাংশ কি যৌক্তিক?
এ প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমে নীতি সুদহার ও মূল্যস্ফীতির সম্পর্কে বুঝতে হবে। নীতি সুদহার হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি অর্থ ধার দেয়। এই হার বাড়লে ব্যাংকগুলোর অর্থ সংগ্রহের ব্যয় বাড়ে। এর প্রভাব পড়ে গ্রাহক ও উদ্যোক্তাদের ঋণের সুদে। বিপরীতে নীতি সুদহার কমলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার খরচ কমার সুযোগ তৈরি হয়।
কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো অর্থনীতিতে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়া ঠেকানো। সুদহার বাড়লে ব্যক্তি ও প্রতিষ্ঠান ঋণ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। এতে ভোগ ও বিনিয়োগের চাহিদা কমে যায়। কিন্তু এই নীতির একটি বিপরীত দিকও রয়েছে। দীর্ঘ সময় উচ্চ সুদহার থাকলে উৎপাদন, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে।
এখানে একটি গুরুত্বপূর্ণ হিসাব রয়েছে। বর্তমানে বাংলাদেশের নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ এবং অক্টোবরে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ সাধারণ মূল্যস্ফীতির সঙ্গে তুলনা করলে নীতি সুদহার প্রায় ১ দশমিক ২৩ শতাংশীয় পয়েন্ট বেশি
এখন নীতি সুদহার একবারে ৭ শতাংশে নামানো হলে বর্তমান মূল্যস্ফীতির তুলনায় তা ১ দশমিক ২৭ শতাংশীয় পয়েন্ট কম হবে। অর্থাৎ সরল হিসাবে প্রকৃত নীতি সুদহার ঋণাত্মক হয়ে যাবে। মূল্যস্ফীতি যদি আবার বাড়তে শুরু করে, তাহলে ঋণের চাহিদা ও বাজারে অর্থের প্রবাহ বেড়ে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে।
বিশ্বের দেশগুলো কীভাবে সুদহার নির্ধারণ করে?
ভারতে ২০২৬ সালের অক্টোবরে ভোক্তা মূল্যসূচকভিত্তিক (CPI) মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ০৯ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া একই মাসে নীতি সুদহার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ করে। ভারতের মূল্যস্ফীতির লক্ষ্য ৪ শতাংশ, তবে ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকাকে গ্রহণযোগ্য সীমা ধরা হয়। অর্থাৎ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়ে বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্থিতি রক্ষায়ও গুরুত্ব দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
থাইল্যান্ডে ২০২৬ সালের অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৯০ শতাংশ এবং মূল মূল্যস্ফীতি ১ দশমিক ৫৮ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২৮ অক্টোবর নীতি সুদহার ১ শতাংশে অপরিবর্তিত রাখে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপ্রবাহ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারেও গুরুত্ব দিচ্ছে দেশটি।
যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের অক্টোবরে ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (PCE) অনুযায়ী মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৮ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ২৮ অক্টোবরের বৈঠকে ফেডারেল ফান্ডস রেটের লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে অপরিবর্তিত রাখে। ফেডের প্রধান লক্ষ্য মূল্যস্থিতি বজায় রাখা এবং সর্বোচ্চ টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা। তাই সুদহার নির্ধারণে তারা মূল্যস্ফীতির পাশাপাশি শ্রমবাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিস্থিতিও বিবেচনা করে।
জাপানের অভিজ্ঞতাও নীতি সুদহার নির্ধারণে ভিন্ন বাস্তবতার উদাহরণ দেয়। দেশটিতে ২০২৬ সালের অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৩ শতাংশ। একই সময়ে ব্যাংক অব জাপান নীতি সুদহার ১ দশমিক ২৫ শতাংশে রেখেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্য ২ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি লক্ষ্যের কাছাকাছি থাকলেও অর্থনীতির অবস্থা, মজুরি বৃদ্ধি ও ভবিষ্যৎ মূল্যচাপ বিবেচনায় নিয়ে সুদহার নির্ধারণ করছে তারা।
শুধু সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়?
প্রচলিত অর্থনৈতিক ধারণা হলো, নীতি সুদহার বাড়ালে মূল্যস্ফীতির চাপ কমতে পারে। তবে এটি সব পরিস্থিতিতে সমানভাবে কাজ করে না এবং সঙ্গে সঙ্গে বাজারে পণ্যের দাম কমিয়েও দেয় না।
বাংলাদেশের মূল্যস্ফীতির একটি বড় চ্যালেঞ্জ হলো, এর সবটুকু অতিরিক্ত চাহিদা থেকে তৈরি হয়নি। আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার, জ্বালানি ও পরিবহন খরচ, সরবরাহব্যবস্থার দুর্বলতা এবং বাজারে প্রতিযোগিতার অভাবও পণ্যের দাম বাড়াতে ভূমিকা রাখে।
ধরা যাক, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেল। এতে পরিবহন ব্যয় বাড়বে, কারখানার উৎপাদন খরচ বাড়বে এবং শেষ পর্যন্ত পণ্য বাজারজাত করতে বেশি অর্থ ব্যয় করতে হবে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়িয়ে দিলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমবে না। একইভাবে ডলারের সংকট বা আমদানি পণ্যের সরবরাহ ঘাটতিও শুধু সুদহার বাড়িয়ে সমাধান করা সম্ভব নয়।
বাংলাদেশের জন্য সিদ্ধান্ত কী হওয়া উচিত?
সব দিক বিবেচনায় বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন সুদহার কমানো কিংবা বাড়ানোর রাজনৈতিক চাপের বাইরে গিয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। ৭ শতাংশে নীতি সুদহার নামানোর প্রস্তাব বিনিয়োগের দিক থেকে আকর্ষণীয় মনে হতে পারে। কিন্তু খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি যখন ৯ দশমিক ৮৯ শতাংশ, মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির নিচে এবং ভবিষ্যৎ মূল্যস্ফীতির ঝুঁকি পুরোপুরি কাটেনি, তখন এক ধাপে এত বড় সুদহার কমানো বিচক্ষণ সিদ্ধান্ত হবে না।
অন্যদিকে ৯ দশমিক ৫০ শতাংশ সুদহার দীর্ঘদিন ধরে রাখলেও অর্থনীতির ক্ষতি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্যেই দেখা যাচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ০৯ শতাংশে। অর্থাৎ উচ্চ সুদহারের পাশাপাশি দুর্বল বিনিয়োগ চাহিদা ও ব্যাংকিং খাতের সমস্যাও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আটকে রেখেছে।
তাই একটি বাস্তবসম্মত পথ হতে পারে, আপাতত ৯ দশমিক ৫০ শতাংশ নীতি সুদহার বজায় রেখে পরবর্তী কয়েক মাসের মূল্যস্ফীতি, মজুরি, বিনিয়োগ ও ঋণপ্রবাহের তথ্য পর্যালোচনা করা। মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমলে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও স্থায়ী নিম্নমুখী প্রবণতা দেখা গেলে ২৫ থেকে ৫০ ভিত্তি পয়েন্ট করে ধাপে ধাপে সুদ কমানো যেতে পারে। পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে মূল্যস্ফীতির পূর্বাভাস ও অর্থনীতির অবস্থার ওপর।
সবশেষে মনে রাখতে হবে, নীতি সুদহার অর্থনীতির চিকিৎসার একটি উপকরণ, পুরো চিকিৎসা নয়। শুধু সুদ কমিয়ে বিনিয়োগ বাড়ানো যাবে না, আবার শুধু সুদ বাড়িয়ে সরবরাহজনিত মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করা যাবে না। বাংলাদেশের প্রয়োজন এমন একটি মুদ্রানীতি, যা একদিকে মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা করবে, অন্যদিকে উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দেবে।
প্রকৃত প্রশ্ন তাই নীতি সুদহার কত হবে তা নয়। আমাদের উদ্বেগের বিষয় হওয়া উচিৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের গতি সচল রাখা।

