আল-জাজিরা
আজ (২৯ নভেম্বর) স্পেনের সাধারণ নির্বাচন শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার হিসাব-নিকাশেই সীমাবদ্ধ নয়। এর ফলাফলের ওপর নির্ভর করতে পারে উত্তর আফ্রিকার প্রতিবেশী মরক্কোর সঙ্গে মাদ্রিদের সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণও। পশ্চিম সাহারার অবস্থান, সেউতা ও মেলিয়ার সার্বভৌমত্ব, অবৈধ অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতে দুই দেশের দীর্ঘদিনের মতপার্থক্য এবার স্পেনের নির্বাচনী রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। পার্লামেন্টে সরকারের আবাসনসংক্রান্ত ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। ভাড়াটিয়াদের সুরক্ষা বাড়ানোর প্রস্তাবসহ সরকারের আবাসনসংক্রান্ত উদ্যোগের বিরোধিতা করেন ক্ষমতাসীন জোটেরই একজন সদস্য। এর ফলে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরও গভীর হয়।
এর পাশাপাশি পররাষ্ট্রনীতির বিভিন্ন সংকট নির্বাচনী প্রচারণাকে প্রভাবিত করছে। বিশেষ করে মরক্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে স্পেনের রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থানগত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।
ক্লাস্টার১৭ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, স্পেনের ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে এমন আন্তর্জাতিক ইস্যুর তালিকায় মরক্কোর সঙ্গে সম্পর্ক এবং সেউতা ও মেলিয়ার পরিস্থিতি শীর্ষে রয়েছে। জরিপে ৩৪ শতাংশ উত্তরদাতা বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। এর অনেক পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, যা ৯ শতাংশ উত্তরদাতার কাছে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের সংঘাতকে গুরুত্ব দিয়েছেন ৮ শতাংশ এবং ইউক্রেন যুদ্ধকে ৪ শতাংশ।
নির্বাচনী প্রচারণায় মরক্কো নিয়ে স্পেনের রাজনৈতিক দলগুলোর অবস্থানও একরকম নয়। বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তুলনামূলক সংযত ও সতর্ক অবস্থান নিয়েছেন। অন্যদিকে ভক্সের মতো কট্টর ডানপন্থী দল মরক্কোর বিরুদ্ধে আরও কঠোর নীতি গ্রহণের কথা বলছে। এমনকি ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশটির সঙ্গে স্পেনের সম্পর্ক পুনর্বিবেচনার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
তবে নির্বাচনী প্রচারণার বক্তব্য এবং ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্র পরিচালনার বাস্তবতা এক নয়। বিরোধী দলে থাকা কিংবা ভোটের মাঠে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য দলগুলো অনেক সময় কঠোর অবস্থান নেয়। কিন্তু সরকার গঠনের পর তাদের শুধু দলীয় প্রতিশ্রুতি নয়, রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি ও কূটনৈতিক স্বার্থও বিবেচনা করতে হয়।
বিশেষ করে মরক্কোর মতো কৌশলগত প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই বাস্তবতা উপেক্ষা করা স্পেনের পক্ষে কঠিন।
নির্বাচনী বক্তব্যের বাইরে স্পেন-মরক্কোর দীর্ঘমেয়াদি স্বার্থ
স্পেন ও মরক্কোর সম্পর্কের ভবিষ্যৎ বুঝতে হলে দুই দেশের স্বার্থকে তিনটি পৃথক স্তরে বিবেচনা করা প্রয়োজন। তা হলো—তাৎক্ষণিক রাজনৈতিক ও নিরাপত্তাগত সংকট, মধ্যমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি ভূখণ্ডগত ও ঐতিহাসিক বিরোধ।
এই বিভাজন গুরুত্বপূর্ণ। কারণ, নির্বাচনের কারণে তৈরি হওয়া সাময়িক উত্তেজনা এবং কয়েক দশক ধরে চলে আসা কৌশলগত মতপার্থক্য এক বিষয় নয়।
প্রথম স্তরে রয়েছে তাৎক্ষণিক সংকট ও রাজনৈতিক উত্তেজনা। এসব বিষয় স্পেনের অভ্যন্তরীণ রাজনীতি, পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্য এবং ক্ষমতাসীন সরকারের অবস্থানের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
২০০২ সালে পেরেখিল দ্বীপকে কেন্দ্র করে স্পেন ও মরক্কোর মধ্যে যে সংকট তৈরি হয়েছিল, সেটি এর একটি উদাহরণ। তৎকালীন স্পেনের প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনারের নেতৃত্বাধীন পপুলার পার্টি সরকারের সময়ে এই বিরোধ সামরিক ও রাজনৈতিক সংঘাতে রূপ নেয়। পরে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মধ্যস্থতায় স্থিতাবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হলে দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়।
অন্যদিকে ২০২৬ সালের গ্রীষ্মে সেউতায় অভিবাসনসংক্রান্ত সংকটের সময় বামপন্থী জোট সরকার ক্ষমতায় ছিল। ওই ঘটনায় এক সপ্তাহে প্রায় ৭২ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রম করেন। স্পেনে এটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণসীমান্ত অতিক্রমের ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।
সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর রাজনৈতিক অভিঘাত এড়াতে পারেনি। অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নির্বাচনী বিতর্কের কেন্দ্রে চলে আসে।
এই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, মরক্কো নিয়ে স্পেনের বর্তমান নির্বাচনী বক্তব্যের একটি বড় অংশ অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতার সঙ্গে সম্পর্কিত। সেউতা ও মেলিয়ার অবস্থান, অভিবাসন নিয়ন্ত্রণ এবং রাবাতের সঙ্গে সম্পর্ক নিয়ে কঠোর বক্তব্যকে তাই নির্বাচনী ভোটের হিসাবের বাইরে গিয়ে দেখা যাবে না।
দ্বিতীয় স্তরে রয়েছে দুই দেশের অভিন্ন অর্থনৈতিক, নিরাপত্তাগত ও রাজনৈতিক স্বার্থ। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা এর অন্তর্ভুক্ত।
এই স্বার্থগুলোর গুরুত্ব হলো, এগুলো কেবল রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়; বরং দুই দেশের দৈনন্দিন রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত।
স্পেনের যে দলই ক্ষমতায় আসুক, এসব সহযোগিতা পুরোপুরি বিসর্জন দেওয়া তাদের জন্য কঠিন হবে। সাময়িক রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও বাস্তব প্রয়োজন দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে।
তৃতীয় স্তরে রয়েছে দীর্ঘমেয়াদি কৌশলগত ও কাঠামোগত বিরোধ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেউতা ও মেলিয়া এবং মরক্কোর দাবি করা অন্যান্য দ্বীপের অবস্থান। পাশাপাশি রয়েছে পশ্চিম সাহারার প্রশ্ন।
এই বিরোধগুলোর শিকড় ইতিহাস, ভূগোল ও দীর্ঘদিনের রাজনৈতিক দাবির মধ্যে প্রোথিত। ফলে স্পেনের ক্ষমতায় কোন দল রয়েছে, শুধু তার ওপর এসব সমস্যার সমাধান নির্ভর করে না।
দুই দেশের জনগণের ঐতিহাসিক স্মৃতি, পারস্পরিক ধারণা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক অবস্থানও সম্পর্ককে প্রভাবিত করে।
এ কারণে নির্বাচনী প্রচারণায় এসব বিষয় যতটা গুরুত্ব পাচ্ছে, তা সব সময় রাষ্ট্রীয় নীতির প্রকৃত পরিবর্তনের ইঙ্গিত দেয় না। বরং দলীয় রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি বিরোধগুলোকে অনেক সময় সাময়িকভাবে সামনে আনা হয়।
নির্বাচনের পর স্পেন-মরক্কো সম্পর্কের তিন সম্ভাব্য চিত্র
স্পেনের নির্বাচনের ফল মরক্কোর জন্য নতুন ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। পরবর্তী সরকারে কোন দল নেতৃত্ব দেবে এবং তাদের ওপর কোন রাজনৈতিক শক্তির প্রভাব থাকবে, তার ওপর নির্ভর করবে রাবাতের সঙ্গে সম্পর্কের গতিপথ। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় তিনটি চিত্র সামনে আসছে।
প্রথম পরিস্থিতি: ক্ষমতায় থাকছে সমাজতান্ত্রিক দল
প্রথম সম্ভাবনা হলো, নির্বাচনী প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক দল ক্ষমতায় থেকে যেতে পারে।
এমনটি হলে ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া নতুন সম্পর্কের রূপরেখা বজায় থাকার সম্ভাবনাই বেশি। পশ্চিম সাহারা নিয়ে স্পেনের অবস্থান পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে সম্পর্কের উন্নতি হয়েছিল, সেটিও অব্যাহত থাকতে পারে।
অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনায় সমন্বয় বজায় রাখার সম্ভাবনা রয়েছে।
তবে একই সঙ্গে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্কও জোরদার করতে চাইবে সানচেজ সরকার। উল্লেখ্য, ২০২৬ সালের প্রথম ছয় মাসে স্পেনের মোট প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ৩৪ শতাংশ সরবরাহ করেছে আলজেরিয়া। এ সময় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে দেশটি স্পেনের প্রধান গ্যাস সরবরাহকারী হয়ে ওঠে।
ফলে মরক্কোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি আলজেরিয়ার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাও সমাজতান্ত্রিক সরকারের জন্য গুরুত্বপূর্ণ হবে।
দ্বিতীয় পরিস্থিতি: ক্ষমতায় আসতে পারে পপুলার পার্টি
দ্বিতীয় সম্ভাবনা হলো, মধ্য-ডানপন্থী পপুলার পার্টি ক্ষমতায় আসতে পারে। এমন হলে উত্তর আফ্রিকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্পেনের সম্পর্কের ভারসাম্য পুনর্বিবেচনার উদ্যোগ দেখা যেতে পারে।
বিশেষ করে পশ্চিম সাহারা নিয়ে স্পেনের বর্তমান অবস্থান এবং মরক্কোর সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক নতুন করে পর্যালোচনার দাবি উঠতে পারে।
তবে পপুলার পার্টি ক্ষমতায় এলেই রাবাতের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়বে, এমনটা নিশ্চিত নয়। দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো নির্বাচনী প্রচারণায় নেওয়া কঠোর অবস্থানের তুলনায় সরকার পরিচালনায় বেশি বাস্তববাদী নীতি গ্রহণ করতে পারেন।
পশ্চিম সাহারা নিয়ে মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের বিষয়ে তাঁর অবস্থান এবং ভক্সের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অর্থাৎ, পপুলার পার্টির সরকার গঠিত হলে কিছু নীতিগত পরিবর্তন আসতে পারে, কিন্তু অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থের কারণে মরক্কোর সঙ্গে সহযোগিতা পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কম।
তৃতীয় পরিস্থিতি: সরকারে প্রভাব বাড়তে পারে ভক্সের
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি হতে পারে ভক্স সরাসরি সরকারে যোগ দিলে কিংবা পপুলার পার্টির সরকার তাদের সংসদীয় সমর্থনের ওপর নির্ভরশীল হলে।
এ ক্ষেত্রে সেউতা ও মেলিয়া এবং অভিবাসন ইস্যুতে আরও কঠোর বক্তব্য ও নীতির সম্ভাবনা রয়েছে। মরক্কোর সঙ্গে বিদ্যমান চুক্তি ও সম্পর্ক পুনর্বিবেচনার দাবিও জোরালো হতে পারে।
এতে দুই দেশের রাজনৈতিক আস্থার সংকট তৈরি হওয়ার পাশাপাশি বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষ করে অভিবাসন নীতিতে কঠোরতা এবং প্রতীকী কূটনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের বিষয়টিও রাজনৈতিক বিরোধের হাতিয়ার হয়ে উঠতে পারে।
সেউতা সংকটের পর এ ধরনের অবস্থানের কিছু নমুনা ইতিমধ্যে দেখা গেছে। পপুলার পার্টি দাবি করেছিল, বিশ্বকাপের ফাইনাল স্পেনে আয়োজন না করা হলে যৌথ আয়োজনে অংশ নেওয়ার বিষয়টি তারা মেনে নেবে না।
অন্যদিকে ভক্স সরকারের কাছে একটি আইন প্রণয়নবহির্ভূত প্রস্তাব জমা দিয়ে ফিফার কাছে মরক্কোকে বিশ্বকাপের আয়োজক হিসেবে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল। একই সঙ্গে ফাইনাল স্পেনে আয়োজনের দাবি তুলেছিল দলটি।
তবে ভক্সের এসব অবস্থান বাস্তব রাষ্ট্রীয় নীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নির্ভর করবে জোট সরকারের ক্ষমতার ভারসাম্য, ইউরোপীয় অঙ্গীকার এবং দুই দেশের অভিন্ন অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থের ওপর।
মাদ্রিদে যে সরকারই আসুক, মরক্কোর জন্য কূটনৈতিক ভারসাম্য জরুরি
স্পেনের নির্বাচনের ফল যা-ই হোক, মরক্কোর জন্য সামনে বড় চ্যালেঞ্জ হলো স্বল্পমেয়াদি রাজনৈতিক উত্তেজনা থেকে দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থকে আলাদা রাখা।
নতুন সরকার গঠিত হলে রাবাতের সঙ্গে রাজনৈতিক আস্থার মাত্রা এবং বিরোধপূর্ণ বিষয়গুলো ব্যবস্থাপনার ধরনে পরিবর্তন আসতে পারে। কিন্তু দুই দেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক নির্ভরতা, নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্বার্থ এমন বাস্তবতা তৈরি করেছে, যা কোনো নির্বাচনী ফলের কারণে সহজে বদলে যাবে না।
এ অবস্থায় মরক্কোর জন্য স্পেনের সব রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি। শুধু ক্ষমতাসীন দলের ওপর নির্ভর না করে বর্তমান বিরোধী দলগুলোর সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক ও সংলাপের পথ খোলা রাখতে হবে।
বিশেষ করে পপুলার পার্টি ও ভক্সের মতো দলগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখা ভবিষ্যতে ক্ষমতার পালাবদলের পরিস্থিতিতে কূটনৈতিক ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
একই সঙ্গে স্পেনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এড়াতে অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বৈচিত্র্যময় করাও মরক্কোর জন্য গুরুত্বপূর্ণ। এতে কূটনৈতিক দর-কষাকষিতে রাবাতের স্বাধীনতা ও বিকল্প বাড়বে।
শেষ পর্যন্ত স্পেনের নির্বাচন মরক্কোর জন্য শুধু একজন নতুন রাজনৈতিক অংশীদার পাওয়ার প্রশ্ন নয়; বরং পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে নিজেদের কৌশলগত স্বার্থ কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেটিই হবে বড় পরীক্ষা।

