বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের অন্যতম ভিত্তি হলো বিনিয়োগ, যা বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদের পাশাপাশি বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষায় বৈদেশিক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। ঋণ পরিশোধের বোঝা, সুদের হার বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মতো চ্যালেঞ্জ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলছে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে করোনা পরবর্তী মুদ্রাস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, মধ্যপ্রাচ্যের রাজনীতি অস্থিরতা এবং রপ্তানি খাতে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশ বৈদেশিক ঋণের টেকসই ব্যবস্থাপনার এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, সামাজিক খাতের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক ঋণের ব্যবহার লক্ষ্য করা যায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে দেশের মাথাপিছু বৈদেশিক ঋণ ১৩৫ শতাংশ বেড়ে ৬০৫ ডলারে পৌঁছেছে। এর মানে হলো, সদ্য জন্ম নেওয়া শিশুটির মাথায়ও প্রায় ৭২ হাজার ৬০০ টাকার ঋণ রয়েছে। অথচ এই ঋণের বেশিরভাগ অর্থই উন্নয়নকাজের নামে অপচয় হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ১০৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার, যার মধ্যে ৮৩ বিলিয়ন ডলার সরকারি খাতে নেওয়া ঋণ। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো বড় ঋণদাতাদের কাছে বাংলাদেশের ঋণের ৫৯ শতাংশ পাওনা রয়েছে।

অর্থনীতির বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সরকারকে ৪ দশমিক ১৮ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণের পরিমাণ ৯ হাজার ৬৫৫ কোটি মার্কিন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে এই ঋণ সুদসহ পরিশোধের পরিমাণ প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার হতে পারে। গত অর্থবছরে সরকার ২ দশমিক ৭৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে, আর চলতি বছরে ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ৩৫৩ কোটি ডলারের সমপরিমাণ ঋণ এসেছে বাংলাদেশে।
এই ঋণের বেশিরভাগ অংশ বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য বহুজাতিক সংস্থার কাছ থেকে নেওয়া হয়েছে। এসব ঋণ সাধারণত অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগের জন্য নেওয়া হয়, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হলেও স্বল্পমেয়াদে ঋণ পরিশোধের চাপ তৈরি করছে। বিশেষ করে সুদের হার বৃদ্ধির কারণে ঋণের বোঝা আরও বাড়ছে। বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধির ফলে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সরাসরি প্রভাব পড়ছে।
প্রথমত: ঋণ পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ছে, যার ফলে ডলারের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের মে মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ দশমিক ৬১ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আমদানি ব্যয় মেটানো এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।
দ্বিতীয়ত: রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ যথেষ্ট না বাড়লে বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা হ্রাস পেতে পারে। বিশেষ করে, পোশাক খাতে প্রবৃদ্ধি কমে যাওয়ায় এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় রপ্তানি আয় আশানুরূপ বাড়ছে না।
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক ধরনের সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দেশের বেশিরভাগ অর্থনৈতিক সূচক নেতিবাচক প্রবণতা দেখাচ্ছে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এবং বিনিয়োগ স্থবির হয়ে পড়ার ফলে সামগ্রিক অর্থনীতি চাপের মুখে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় আরও বেশি ঋণ নেওয়ার পরিবর্তে বিদ্যমান ঋণ ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া প্রয়োজন।
রাজনৈতিক পরিস্থিতিও বৈদেশিক ঋণের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। বিভিন্ন সময়ে সরকার পরিবর্তনের ফলে বৈদেশিক সাহায্য ও ঋণের প্রবাহে পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে শর্ত কঠোর হচ্ছে, যা অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় কিছু কার্যকর কৌশল গ্রহণ করা জরুরি।

প্রথমত: রপ্তানি খাতকে বহুমুখী করতে হবে, যাতে নির্দিষ্ট কয়েকটি খাতের ওপর নির্ভরশীলতা কমে এবং বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি পায়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ওষুধ শিল্প, চামড়া ও চামড়াজাতপণ্য, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়নের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয়ত: অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে, যাতে সরকারের ঋণের ওপর নির্ভরশীলতা হ্রাস পায়। কর কাঠামো সংস্কার করে, স্বচ্ছতা বজায় রেখে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করে কর আদায়ের পরিমাণ বাড়ানো গেলে সরকারকে বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভর করতে হবে না।
তৃতীয়ত: বৈদেশিক ঋণের ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকল্পভিত্তিক ঋণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে লাভজনক ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে হবে। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে সুদের হার ও ঋণের শর্ত বিশ্লেষণ করে পরিকল্পিতভাবে ঋণ গ্রহণ করতে হবে।
সব মিলিয়ে, বৈদেশিক ঋণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একদিকে যেমন সহায়ক ভূমিকা পালন করছে, অন্যদিকে এটি অর্থনীতির ওপর অতিরিক্ত চাপও তৈরি করছে। ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা গেলে বাংলাদেশের অর্থনীতি এই সংকট কাটিয়ে উঠতে পারবে। তবে ভুল নীতি গ্রহণ করা হলে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অর্থনীতির ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে।
বৈদেশিক ঋণ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও, এর পরিমাণ বৃদ্ধি এবং পরিশোধের চাপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুষম উন্নয়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঋণের ভার সামলাতে সরকারের ধারাবাহিকভাবে মনিটরিং এবং প্রয়োজনীয় সংস্কার আনা জরুরি। এর পাশাপাশি উন্নয়ন প্রকল্পে যথাযথ তত্ত্বাবধান এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে এই ঋণ শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবহার করা হয়, অপব্যবহারের সুযোগ কমে।
ভবিষ্যতে, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এবং স্বতন্ত্রতা সুরক্ষিত রাখতে, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা, স্থানীয় সম্পদ ব্যবহারের দিকে মনোযোগ এবং বহুমুখী অর্থনৈতিক কৌশল গ্রহণ করা আবশ্যক। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অর্থনৈতিক সংস্কার এবং সঠিক নীতিমালা প্রণয়ন দেশের ঋণ পরিশোধের চাপ কমিয়ে ভবিষ্যতকে আরও সুরক্ষিত করে তুলবে।

