যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার শুল্কযুদ্ধ ফের উত্তপ্ত হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক ঘোষণার জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন, যার প্রভাবে বৈশ্বিক শেয়ারবাজারে দেখা দিয়েছে বড় ধরনের ধস। বিশ্লেষকরা এটিকে ২০২০ সালের কোভিড-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজার পতন হিসেবে উল্লেখ করছেন।
বিশ্বজুড়ে ধস: প্রযুক্তি থেকে ভোগ্যপণ্য, সবখানে পতন-
যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক এক সপ্তাহেই হারিয়েছে প্রায় ৬ শতাংশ, নাসডাকের দর কমেছে ৫.৮ শতাংশ, আর ডাও জোনস হারিয়েছে ৫.৫ শতাংশ। ফেব্রুয়ারির সর্বোচ্চ চূড়ার তুলনায় সূচকগুলো কমেছে প্রায় ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত।
ইউরোপেও পরিস্থিতি কম গুরুতর নয়। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ৪.৯ শতাংশ কমেছে, যা ২০২০ সালের পর সর্বনিম্ন। ফ্রান্সের সিএসি ৪০ এবং জার্মানির ডিএএক্স সূচকেও প্রায় ৫ শতাংশ পতন হয়েছে। এশিয়ার বাজারও রেহাই পায়নি- জাপানের নিক্কেই ২২৫ সূচক কমেছে ২.৭ শতাংশ।
চীনের জবাব: উচ্চ শুল্ক ও নিষেধাজ্ঞা-
চীন পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। একইসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খনিজ রফতানি সীমিত করেছে এবং একাধিক মার্কিন কোম্পানিকে করেছে কালো তালিকাভুক্ত। বেইজিং ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে ‘আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।
ট্রাম্পের অবস্থান: ‘ধৈর্য ধরুন’-
নতুন ১০% শুল্ক আরোপ করে ট্রাম্প বিশ্ববাজারকে চ্যালেঞ্জ ছুঁড়লেও শেয়ারবাজারের ধস নিয়ে বিশেষ উদ্বিগ্ন নন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ধৈর্য ধরুন, আমরা হারতে পারি না।
তবে বিশ্লেষকদের মতে, শুধু প্রযুক্তি বা পোশাক খাত নয়, ধস ছড়িয়েছে স্বাস্থ্যসেবা, ইউটিলিটি এমনকি গৃহস্থালির পণ্যের বাজারেও। মার্কিন বিনিয়োগ সংস্থা জেপি মর্গান আশঙ্কা করছে, শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
বিপাকে ক্ষুদ্র ব্যবসা ও রফতানিকারকরা-
নিউ জার্সির একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্যাট মুসকারিটোলো জানিয়েছেন, শুল্ক বৃদ্ধির ফলে তার চার দশকের পুরোনো অ্যাপ্লায়েন্স দোকান বন্ধ করে দিতে হতে পারে। অন্যদিকে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের এক মৎস্য রফতানিকারক জানেট রবার্টসন বলেন, টুথফিশ রফতানির ওপর ৪২% শুল্ক বসায় ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে।
রাজনৈতিক সতর্কবার্তা ও ক্ষীণ আশার আলো-
টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ সতর্ক করে বলেছেন, এই শুল্ক যুদ্ধ থামানো না গেলে যুক্তরাষ্ট্রের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে। তবে সুদের হার কমার সম্ভাবনায় গৃহঋণ-সম্পর্কিত কিছু খাতে আংশিক উত্থান দেখা গেছে। ভিয়েতনামের সঙ্গে ট্রাম্পের আলোচনা ঘিরেও পোশাক খাতে সামান্য পুনরুদ্ধারের ইঙ্গিত মিলেছে।
ফেডারেল রিজার্ভের সতর্কতা-
ফেড প্রধান জেরোম পাওয়েল বলেছেন, অর্থনীতি এখনও স্থিতিশীল থাকলেও অনিশ্চয়তা বেড়েছে। তিনি শুল্ক বৃদ্ধিকে মূল্যস্ফীতির জন্য দায়ী করে বলেন, এতে পণ্যের দাম বাড়বে এবং প্রবৃদ্ধি কমবে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে ক্রমবর্ধমান অস্থিরতা এখন শুধু বিনিয়োগকারীদের নয়, সাধারণ ভোক্তার জীবনযাত্রাকেও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

