বাংলাদেশের বিদ্যমান কর আইন যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে নতুন কোনো কর আরোপ কিংবা করের হার না বাড়িয়েই উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব। অথচ ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ মূল্য সংযোজন কর আদায়ের ক্ষেত্রেই দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫.৮৯ শতাংশ সমপরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না। গবেষণা ও নীতি সমন্বয় সংস্থা র্যাপিডের (র্যাপিড) এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
‘বাংলাদেশে অনাদায়ী রাজস্ব: করের সম্ভাবনা, ঘাটতি ও বণ্টনগত প্রভাব’ শীর্ষক গবেষণাটি জার্মানির ফ্রিডরিখ এবার্ট ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত হয়েছে। শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।
গবেষণায় বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের কর ও জিডিপির অনুপাত ছিল মাত্র ৭.৩ শতাংশ, যা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন। তবে বিদ্যমান কর আইন অনুযায়ী সবাই যথাযথভাবে কর পরিশোধ করলে এই অনুপাত প্রায় ১৩.৫ শতাংশে উন্নীত করা সম্ভব। অর্থাৎ নতুন কর আরোপ বা বিদ্যমান করের হার বাড়ানোর প্রয়োজন ছাড়াই রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ রয়েছে। তবে গবেষকেরা সতর্ক করেছেন, এটি সম্ভাব্য রাজস্বের হিসাব; স্বল্প সময়ের মধ্যে পুরো অর্থ আদায় করা সম্ভব হবে, এমন দাবি করা হচ্ছে না।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ব্যক্তিগত আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ ছিল জিডিপির ৪.৮৫ শতাংশ, যার আর্থিক মূল্য ১ লাখ ৯২ হাজার ৬২৮ কোটি ২৫ লাখ টাকা। অথচ ওই সময়ে প্রকৃত আদায় ছিল জিডিপির মাত্র ০.৯৮ শতাংশ। ফলে সম্ভাব্য ও প্রকৃত আদায়ের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৩.৮৭ শতাংশীয় পয়েন্ট।
অন্যদিকে, অভ্যন্তরীণ মূল্য সংযোজন কর থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ ছিল জিডিপির ৩.৮২ শতাংশ বা ১ লাখ ৫১ হাজার ৭২০ কোটি ৫৭ লাখ টাকা। কিন্তু প্রকৃত আদায় হয়েছে মাত্র ১.৮০ শতাংশ। এ ক্ষেত্রে রাজস্ব ঘাটতি ২.০২ শতাংশীয় পয়েন্ট।
উল্লেখ্য, গবেষণায় কেবল ব্যক্তিগত আয়কর এবং পরিবারের ভোগব্যয়ের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ মূল্য সংযোজন কর বিবেচনা করা হয়েছে। কোম্পানির আয়কর, আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর এবং অন্যান্য কর অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে দেশের সামগ্রিক রাজস্ব ঘাটতির পরিমাণ গবেষণায় উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে।
দেশে করদাতার নিবন্ধন ও নিয়মিত কর বিবরণী জমা দেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের দুর্বলতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩.৫৭ শতাংশ সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। অন্যদিকে, ই-টিআইএনধারী ব্যক্তি ও অন্যান্য শ্রেণির মধ্যে মাত্র ৪৩.১ শতাংশ নিয়মিত কর বিবরণী জমা দেন। কোম্পানির ক্ষেত্রে এই হার ২৩.৬ শতাংশ।
আয়কর আদায়ের সম্ভাবনা বিশ্লেষণে দেখা গেছে, দেশের মোট আয় ও সম্পদের বড় অংশই ধনী জনগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি। বিদ্যমান করের হার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশেরও বেশি এই জনগোষ্ঠীর কাছ থেকে আদায় হওয়ার কথা।
অন্যদিকে, নিম্ন আয়ের ৭০ শতাংশ পরিবারের আয়কর দেওয়ার দায় প্রায় নেই বললেই চলে। এ কারণে নতুন করদাতা খোঁজার ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের পরিবর্তে উচ্চ আয়ের নবম ও দশম আয়স্তরের পরিবারের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
তবে মূল্য সংযোজন করের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। গবেষণায় দেখা গেছে, সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবার তাদের ঘোষিত আয়ের ২০.৩৭ শতাংশ সমপরিমাণ মূল্য সংযোজন করের বোঝা বহন করে। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার মাত্র ২.৮ শতাংশ। অর্থাৎ আয়ের তুলনায় দরিদ্র জনগোষ্ঠীর ওপর পরোক্ষ করের চাপ অনেক বেশি।
যদিও ভোগব্যয়ের অনুপাতে হিসাব করলে এই করের বোঝা মোটামুটি সমানুপাতিক বলে প্রতীয়মান হয়। গবেষণায় এ-ও বলা হয়েছে, জরিপে দরিদ্র পরিবারগুলোর প্রকৃত আয় কম দেখানো হয়ে থাকতে পারে। কারণ, সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের ঘোষিত ভোগব্যয় তাদের ঘোষিত আয়ের প্রায় পাঁচ গুণ।
গ্রাম ও শহরের মধ্যেও করের বোঝায় পার্থক্য রয়েছে। গ্রামীণ এলাকার সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের ঘোষিত আয়ের তুলনায় করের বোঝা ২৩ শতাংশের বেশি। শহরাঞ্চলে একই শ্রেণির পরিবারের ক্ষেত্রে এই হার প্রায় ১৬.৫ শতাংশ।
গবেষণায় আরও উঠে এসেছে, ভোক্তারা মূল্য সংযোজন কর পরিশোধ করলেও সেই অর্থের পুরোটা সরকারি কোষাগারে জমা হয় না। অনেক প্রতিষ্ঠানের যথাযথ নিবন্ধন না থাকা, বিক্রির তথ্য গোপন করা এবং আদায় করা কর সরকারি কোষাগারে জমা না দেওয়ার মতো অনিয়মের কারণে উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছে সরকার। তাই করের হার বাড়ানোর পরিবর্তে ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন নিশ্চিত করা, লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকির মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্পদ বণ্টনের ক্ষেত্রেও বড় ধরনের বৈষম্যের চিত্র পাওয়া গেছে। গবেষণায় বলা হয়েছে, দেশের মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি রয়েছে সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের হাতে। শুধু শীর্ষ ১ শতাংশ মানুষের কাছেই রয়েছে মোট সম্পদের ৪৭ শতাংশের বেশি। তবে বিশ্ব বৈষম্য প্রতিবেদন ২০২৬-এ দেশের শীর্ষ ১ শতাংশ মানুষের সম্পদের অংশীদারত্ব ২৩.৯ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। দুটি প্রতিবেদনের হিসাবের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
রাজস্ব আদায়ের দুর্বলতা কাটাতে গবেষণায় সাতটি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে আয়করদাতার পরিধি বাড়ানো, উচ্চ আয়ের ব্যক্তিদের কাছ থেকে যথাযথ কর আদায় নিশ্চিত করা, করের হার না বাড়িয়ে মূল্য সংযোজন কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং প্রগতিশীল হারে উত্তরাধিকার কর চালু করা। পাশাপাশি কোম্পানিগুলোকে দেওয়া কর অব্যাহতির সুবিধা পুনর্মূল্যায়ন এবং কর প্রশাসনকে আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সামগ্রিকভাবে গবেষণাটি দেখিয়েছে, বাংলাদেশের রাজস্ব সংকটের পেছনে শুধু করের হার কম থাকা দায়ী নয়; বরং বিদ্যমান আইন বাস্তবায়নের দুর্বলতা, করদাতার সীমিত পরিধি, কর ফাঁকি এবং প্রশাসনিক অদক্ষতাও বড় কারণ। তাই নতুন করের বোঝা চাপানোর আগে বিদ্যমান ব্যবস্থার সংস্কার, উচ্চ আয়ের মানুষের কর পরিশোধ নিশ্চিত করা এবং কর আদায়ে জবাবদিহি প্রতিষ্ঠা করাই হতে পারে রাজস্ব আয় বাড়ানোর কার্যকর পথ।

