বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। দারিদ্র্য হ্রাস, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার প্রসার এবং শিল্পায়নের মাধ্যমে দেশটি অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। তবে শুধুমাত্র প্রবৃদ্ধি অর্জনই যথেষ্ট নয় বরং সেই প্রবৃদ্ধি যেন দীর্ঘমেয়াদে টেকসই হয় এবং সমাজের সব স্তরের মানুষের জন্য সুফল বয়ে আনে, সেটিই আসল চ্যালেঞ্জ।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG -Sustainable Development Goals) হলো এমন একটি বৈশ্বিক রোডম্যাপ, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেয়। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এসব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নানা অর্থনৈতিক কৌশল গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে শিল্পখাতের সম্প্রসারণ, সবুজ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি। এই প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কৌশল, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ বিশ্লেষণ করার প্রয়াস চালানো হবে যাতে বোঝা যায়—কীভাবে দেশটি একটি টেকসই ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পর্যালোচনা:বাংলাদেশের অর্থনীতি গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দেশটি অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যা অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রগতিতে মোট দেশজ উৎপাদন (GDP) প্রবৃদ্ধি গত এক দশকে গড়ে ৬-৭% ছিল, যা উন্নয়নশীল দেশের জন্য ইতিবাচক। তবে কোভিড-১৯ মহামারি, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অর্থনীতিতে কিছুটা ধাক্কা লেগেছে।
বর্তমানে অর্থনীতির প্রধান চালিকাশক্তিগুলো হলো-রেমিট্যান্স: বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে চাঙা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে রেকর্ড ২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা এক মাসে সর্বোচ্চ প্রবাহ। এটি ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ৩৩ শতাংশ বেশি। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।
তৈরি পোশাক শিল্প: দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, যা বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ৩৮ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক পোশাক বাজারের ৭ দশমিক ৩৮ শতাংশ। ওই অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত রপ্তানি আয় প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। এই সময়ে বাংলাদেশ ২৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে। শুধু জানুয়ারিতেই রপ্তানি আয় ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ২৮ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে পোশাক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও স্পষ্ট করেছে।
কৃষি খাত: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশের কৃষি খাতের রপ্তানি আয় ৬৩ দশমিক ৭ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কৃষি রপ্তানি থেকে ৫৯৫ দশমিক ৫১ মিলিয়ন ডলার আয় হয়েছে, যা খাতটির জন্য ইতিবাচক ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে- প্রক্রিয়াজাত কৃষিপণ্য ও উচ্চমূল্যের সংযোজিত পণ্যের রপ্তানি বাড়তে থাকলে চলতি অর্থবছরে এই খাতের আয় আবারও ১ বিলিয়ন ডলারের ঘরে ফিরতে পারে।
তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ: দেশের তরুণ উদ্যোক্তারা আইটি খাতকে শক্তিশালী করছে, যা ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় খাত। ২০২৩-২৪ অর্থবছরে তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ খাত থেকে বাংলাদেশ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করেছে। দেশের অর্থনীতিতে এই খাতের গুরুত্ব দিন দিন বাড়ছে, যা জিডিপিতে প্রায় ১ দশমিক ২৫% অবদান রাখছে। রপ্তানি আয়েও তথ্যপ্রযুক্তি খাতের ভূমিকা উল্লেখযোগ্য, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
এসডিজি অর্জনে বাংলাদেশের অর্থনৈতিক কৌশল:বাংলাদেশ সরকার “রূপকল্প ২০৪১” বাস্তবায়নের অংশ হিসেবে “টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG)” অর্জনের জন্য বেশ কিছু কার্যকর অর্থনৈতিক কৌশল গ্রহণ করেছে। এসব কৌশল বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে। এই কৌশলগুলো নীচে বিস্তারিতভাবে আলোকপাত করার প্রয়াস চালানো হলো-
শিল্প ও রপ্তানি খাতের সম্প্রসারণ: বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এখনও তৈরি পোশাক শিল্প। তবে এসডিজি অর্জনের জন্য পোশাক নির্ভর অর্থনীতি থেকে বহুমুখী শিল্পখাতের দিকে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উচ্চমূল্য সংযোজনশীল শিল্প যেমন: ইলেকট্রনিক্স, ওষুধ, আইটি, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ এবং চামড়াশিল্পে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এছাড়া রপ্তানি বাজারের বৈচিত্র্যকরণও গুরুত্বপূর্ণ। ইউরোপ ও আমেরিকার পাশাপাশি এশিয়া, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা উচিত।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) উন্নয়ন: দেশের কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকার SME খাতের জন্য সহজ ঋণ সুবিধা, ডিজিটাল মার্কেটপ্লেসের সুযোগ এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল প্রদান করছে। এই উদ্যোগগুলো SME খাতকে শক্তিশালী করবে এবং দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান বৃদ্ধি করবে।
সবুজ অর্থনীতি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার:বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। তাই সবুজ অর্থনীতি এবং পরিবেশবান্ধব শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি, টেকসই কৃষি চর্চা, বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য শিল্প গড়ে তোলার মাধ্যমে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে। এসব উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে।
মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়ন: বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে উঠছে, তাই দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের যুবসমাজকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় দক্ষ করে তোলার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিকস, ডেটা সায়েন্স এবং ব্লকচেইন প্রযুক্তি শেখানো প্রয়োজন। বিশেষতঃ নারীদের এবং তরুণদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি করবে।
বিনিয়োগ আকর্ষণ ও অবকাঠামো উন্নয়ন: বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের জন্য সরকার অনেক উদ্যোগ নিয়েছে। অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামোর উন্নয়ন এবং ডিজিটাল সেবা সহজলভ্য করার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। এসব পদক্ষেপ দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াবে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
এই কৌশলগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ SDG অর্জনের পথে একটি শক্তিশালী এবং টেকসই ভিত্তি তৈরি করতে পারে, যা দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নত করতে সহায়তা করবে।
বাংলাদেশের অর্থনীতিতে SDG অর্জনে চ্যালেঞ্জ : বাংলাদেশের অর্থনীতি SDG (Sustainable Development Goals) অর্জনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো দেশের উন্নয়ন যাত্রায় বাঁধা সৃষ্টি করছে। এখানে প্রধান চ্যালেঞ্জগুলো হলো –
বৈষম্য ও দারিদ্র্য: বাংলাদেশের অর্থনীতি সম্প্রতি প্রবৃদ্ধি অর্জন করলেও আয়বৈষম্য ক্রমশঃ বাড়ছে। উচ্চ আয়ের মানুষের তুলনায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা অবনতির দিকে যাচ্ছে, যা দারিদ্র্য ও বৈষম্য বাড়ানোর একটি বড় কারণ।
জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ একটি জলবায়ু পরিবর্তন প্রবণ দেশ। যেখানে ঘূর্ণিঝড়, বন্যা এবং লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ও জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনে এসব পরিবর্তন ক্ষতিকর প্রভাব ফেলছে এবং কৃষি খাতের জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।
বেকারত্ব ও দক্ষতার ঘাটতি: বাংলাদেশে তরুণ জনগণের মধ্যে বেকারত্ব একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষিত তরুণের পক্ষে উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পাওয়া কঠিন, কারণ দক্ষতার ঘাটতি রয়েছে।
বৈদেশিক ঋণের চাপ: বাংলাদেশ উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নিলেও ঋণের পরিমাণ বৃদ্ধির কারণে দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি হতে পারে। ঋণের ওপর নির্ভরতা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে।
বাংলাদেশের অর্থনীতিতে SDG অর্জনে চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের উপায়-
প্রথমতঃ সামাজিক নিরাপত্তা খাতের পরিধি বৃদ্ধি এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার মাধ্যমে বৈষম্য কমানো সম্ভব। সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি যেমন: ভর্তুকি, সাশ্রয়ী শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং দরিদ্র জনগণের জন্য ন্যায্য আয় নিশ্চিত করতে হবে। এসব উদ্যোগ দেশের সাধারণ জনগণের উন্নয়নে সাহায্য করবে এবং আয় বৈষম্য কমাতে সহায়ক হবে।
দ্বিতীয়তঃ টেকসই কৃষির উন্নয়ন, উপকূলীয় বাঁধ নির্মাণ এবং সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে সহায়ক হবে। সরকারি উদ্যোগে কৃষকদের নতুন প্রযুক্তি শেখানো, বৃষ্টি ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।
তৃতীয়তঃ কারিগরি প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সহায়তা তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার গুরুত্বপূর্ণ উপায়। কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ প্রোগ্রাম এবং নতুন উদ্যোক্তাদের জন্য পুঁজি সহায়তা প্রদান করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। একইসাথে নতুন শিল্প ও প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়া উচিত, যা তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দরজা খুলতে সাহায্য করবে।
পরিশেষে টেকসই বিনিয়োগ এবং রপ্তানি আয় বৃদ্ধি করে বিদেশি ঋণের চাপ কমানো সম্ভব। দেশে শিল্পায়ন ও ব্যবসার পরিবেশ উন্নত করে বিনিয়োগ আকর্ষণ করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বৃদ্ধি করার মাধ্যমে রপ্তানি আয় বাড়ানো জরুরি।
বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, যা দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দেশের বর্তমান অর্থনৈতিক কৌশলগুলোর মধ্যে রয়েছে শিল্প খাতের বৈচিত্র্যকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, সবুজ অর্থনীতি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং মানবসম্পদ উন্নয়ন। এসব উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে সহায়তা করবে এবং SDG অর্জনের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
তবে এই লক্ষ্য অর্জনে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন: বৈষম্য, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন এবং দক্ষতার অভাব। এসব সমস্যা মোকাবিলার জন্য সরকারের পাশাপাশি দেশের প্রতিটি সেক্টরকে একত্রিত হয়ে কাজ করতে হবে। উপযুক্ত নীতি গ্রহণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে বাংলাদেশ দ্রুতই SDG অর্জনে সফল হতে পারবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার, পরিবেশ সুরক্ষা এবং মানুষের উন্নতি—এসব একসাথে চলতে থাকলে একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব।

