যুক্তরাষ্ট্রে ডিমের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, মার্চ মাসে এক ডজন ডিমের গড় মূল্য ছিল ৬ দশমিক ২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ টাকা। এ মূল্য এক বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে যেখানে প্রতি ডজন ডিমের দাম ছিল ৪ দশমিক ৯৫ ডলার, ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৯০ ডলারে। মার্চে এসে সেই দাম আরো বেড়ে ছাড়িয়ে যায় আগের সব রেকর্ড। যদিও মাসের শেষে পাইকারি বাজারে সামান্য মূল্য হ্রাস লক্ষ্য করা গেছে, তবে খুচরা বাজারে তার তেমন প্রভাব পড়েনি।
এ পরিস্থিতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দেশটিতে ডিমের দাম ৩৫ শতাংশ কমেছে। কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের প্রশংসা করে তিনি বলেন, “দাম কমানোর ক্ষেত্রে তিনি দারুণ কাজ করেছেন।”
তবে বিশ্লেষকদের মতে, ডিমের দাম বাড়ার মূল কারণ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। ২০২২ সাল থেকে এই সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র। ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে তিন কোটির বেশি ডিম উৎপাদনকারী মুরগি নিধন করতে হয়েছে। সরকারি বিধান অনুযায়ী, কোনো খামারে একটি মুরগিতেও বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়লে পুরো খামারের পাখিগুলো মেরে ফেলার নিয়ম রয়েছে। তবে সাম্প্রতিক সংকটে এই নীতি কিছুটা শিথিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, গত দুই সপ্তাহে নতুন করে কোনো বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েনি। তবে উৎপাদন ব্যবস্থাকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগছে।
প্রসঙ্গত এ ভাইরাস শুধু পাখি নয়, ইতোমধ্যেই দুগ্ধ উৎপাদনকারী গবাদি পশুদেরও আক্রান্ত করেছে। ফলে পুরো উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলা চাপে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজার দামে।

