বিশ্বব্যাপী চলমান আর্থিক অস্থিরতা, রাজনৈতিক টানাপড়েন এবং বাণিজ্যযুদ্ধের মধ্যেও চমক দেখিয়েছে রুশ রুবল। যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও, রুশ রুবল মার্কিন ডলারকে পেছনে ফেলেছে এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে ভালো পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডলারের ওপর আস্থা কমে যাওয়াই রুবলের এই উত্থানের পেছনে একটি বড় কারণ।
নিউ ইয়র্কভিত্তিক ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ৩৮ শতাংশ বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের প্রভাবেও ডলারের পতন ঘটেছে, যা রুবলকে উত্থান করতে সহায়তা করেছে। এছাড়া, বিশ্বের অন্যান্য মুদ্রা যেমন সোনা এবং রূপা, উত্থান হলেও, রুবল তাদের চেয়েও ভালো পারফর্ম করেছে। সোনা ও রুপার দাম যথাক্রমে ২৩% এবং ১২% বেড়েছে, তবে রুবলের পারফরম্যান্স সেগুলোকেও ছাড়িয়ে গেছে।
রুবলের এই উত্থানের পেছনে অন্যতম কারণ হলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ সুদের হার। বর্তমানে রাশিয়ার সুদের হার ২১%। রাশিয়ার কর্তৃপক্ষ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধকালীন অর্থনীতিকে শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে। এছাড়া, রুবলের মান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি কোম্পানিগুলোকে দেশ থেকে তাদের অর্থ বা সম্পদ সরিয়ে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা রুবলের চাহিদা বৃদ্ধি করেছে। বিশেষ অ্যাকাউন্টে নগদ অর্থ রাখার বাধ্যবাধকতাও এ চাহিদা বাড়ানোর এক কারণ।
বিশ্বের অন্যান্য অর্থনীতির চেয়ে রুবলের এই উত্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে’ ট্যারিফের কারণে যুক্তরাষ্ট্র প্রায় সব দেশের ওপর আমদানি শুল্ক আরোপ করেছে, যা ভোক্তা ও বিনিয়োগকারীদের ওপর প্রভাব ফেলেছে। জেপি মর্গানের প্রধান নির্বাহী, জেমি ডাইমন মন্তব্য করেছেন, “এই শুল্কনীতির ফলে মন্দা দেখা দিতে পারে।” অন্যদিকে ব্ল্যাকরকের প্রধান নির্বাহী, ল্যারি ফিঙ্ক মনে করেন, “যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকোচনের মুখে পড়েছে।”
মর্গান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, ইউরোর বিপরীতে ডলারের মান আরও কমতে পারে, কারণ ইউরো ইতিমধ্যে ডলারের বিপরীতে ৯% বেড়েছে। তবে, সিটিগ্রুপের প্রধান নির্বাহী জেন ফ্রেজার বলেছেন, “সব কিছু ঠিকঠাক হলে, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি বাণিজ্য ভারসাম্য এবং কাঠামোগত পরিবর্তনের পরও শীর্ষ অর্থনীতি হিসেবে ডলারকে রিজার্ভ মুদ্রা হিসেবে রাখবে।”
এমনকি, বর্তমানে রুবলের উত্থান খুবই চমকপ্রদ হলেও, অর্থনীতির দীর্ঘমেয়াদি রূপান্তরের জন্য ডলার এখনও বিশ্ব অর্থনীতির প্রধান মুদ্রা হিসেবে পরিচিত।

