যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর আরোপিত চড়া শুল্ক শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “চীনের ওপর আমি আর শুল্ক বৃদ্ধি করতে চাই না। নইলে এক পর্যায়ে মানুষ আর কিছু কিনবে না।”
ট্রাম্পের এই মন্তব্য বাণিজ্য উত্তেজনার শীতলতা নিয়ে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যদিও বর্তমানে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা কার্যত স্থবির। তবে প্রেসিডেন্ট জানান, বেইজিংয়ের প্রতিনিধিরা একাধিকবার যোগাযোগ করেছেন।
শুল্ক হ্রাস প্রসঙ্গে তিনি বলেন, আমি হয়তো শুল্ক আর বৃদ্ধি করব না বরং হ্রাস করার কথা ভাবতে পারি। কারণ আমরা চাই, মানুষ কেনাকাটা চালিয়ে যাক। তবে এমন পরিস্থিতিও আসতে পারে যখন কেউ কিছু কিনতে চাইবে না।
এদিকে ইউরোপের সঙ্গেও বাণিজ্য আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, একশত ভাগ নিশ্চিত, ইউরোপের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হবে। তারা আগ্রহী, আমরাও আগ্রহী। তবে এটি হতে হবে একটি ন্যায্য চুক্তি।
তবে বাণিজ্য আলোচনার সময়সীমা বা কাঠামো নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের উচ্চ পর্যায়ের কোনো বৈঠকের সম্ভাবনা এখনো দৃশ্যমান নয়। এমনকি সম্ভাব্য আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা- সে বিষয়েও প্রেসিডেন্ট স্পষ্ট করে কিছু বলেননি।
সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প জানান, তাদের মধ্যে প্রতিরক্ষা ব্যয়, অভিবাসন ও শুল্ক বিষয়ে আলোচনা হয়েছে।
ইউরোপের সঙ্গে চুক্তির আশা প্রকাশ করলেও ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা করে বলেন, “যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার জন্যই ইউরোপীয় ইউনিয়নের জন্ম।”
উল্লেখ্য চলতি বছরের ২ এপ্রিল চীনসহ বেশ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আরোপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও শুল্ক আরোপ করে। একপর্যায়ে যুক্তরাষ্ট্রের চীনের ওপর শুল্ক হার পৌঁছায় ২৪৫ শতাংশে। এ নিয়ে বিশ্ববাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়।
পরে ৯ এপ্রিল ট্রাম্প ঘোষণা দেন, চীন বাদে অধিকাংশ দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকবে। তবে বিদেশি পণ্যের ওপর ১০ শতাংশের একটি সাধারণ শুল্ক কার্যকর থাকবে।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আর শুল্কের সংখ্যাগত প্রতিযোগিতায় আগ্রহী নয়- তবে যুক্তরাষ্ট্রের যেকোনো একপাক্ষিক পদক্ষেপের জবাব কঠোর হবে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও নীতিগত নমনীয়তা বাণিজ্য উত্তেজনা নিরসনে নতুন আশার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়- আলোচনায় কতটা অগ্রগতি আসে এবং তা বিশ্ববাণিজ্যে কতটা প্রভাব ফেলে।

