বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চলতি অর্থবছরে জ্বালানি আমদানি বাবদ ব্যয়ে উল্লেখযোগ্য পরিমাণ সাশ্রয় করতে পারছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত সংশোধিত বাজেটে বিপিসির জন্য বরাদ্দ কমিয়ে আনায় অন্তত ২৩ হাজার ২৬৭ কোটি টাকার ব্যয় হ্রাস পাচ্ছে যা সংস্থাটিকে আবারো মুনাফার ধারায় ফিরিয়ে আনবে বলে প্রাক্কলন করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে জ্বালানি তেল আমদানির জন্য বিপিসির বরাদ্দ ছিল ৯৯ হাজার ২৪৯ কোটি টাকা। এর মধ্যে ৮২ হাজার ৬০৪ কোটি টাকা নির্ধারিত ছিল পরিশোধিত এবং ১৬ হাজার ৬৪৫ কোটি টাকা অপরিশোধিত জ্বালানি তেলের জন্য। তবে বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় সংশোধিত বাজেটে এ বরাদ্দ কমে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৯৮২ কোটি টাকায়। এতে পরিশোধিত জ্বালানি আমদানির জন্য বরাদ্দ হয়েছে ৬১ হাজার ৭২৬ কোটি এবং অপরিশোধিত তেলের জন্য ১৪ হাজার ২৫৬ কোটি টাকা।
বিপিসির মহাব্যবস্থাপক (অর্থ) মোর্শেদ হোসাইন আজাদ জানান, প্রিমিয়াম কমানোর মাধ্যমে এই সাশ্রয় সম্ভব হয়েছে। আগে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ধরা হয়েছিল ৭ দশমিক ১৭ ডলার, যা দর কষাকষির মাধ্যমে কমিয়ে আনা হয়েছে ৫ দশমিক ১৬ ডলারে। ফলে আমদানি ব্যয়ে উল্লেখযোগ্য হ্রাস ঘটেছে।
বৈশ্বিক বাজারের তথ্য বলছে, ২০২৪ সালের মে মাস পর্যন্ত আরব লাইট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫০ ডলার থেকে কমে এসেছে ৬৬ দশমিক ৩০ ডলারে। একইভাবে মারবান ক্রুডের দাম ৮৭ দশমিক ৪৪ ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৮৮ ডলারে। এ ছাড়া, পরিশোধিত তেলের দামও নিম্নমুখী।
দেশে মোট জ্বালানি তেলের চাহিদার মাত্র ৮ শতাংশ পূরণ হয় অভ্যন্তরীণ উৎস থেকে। বাকি তেল আমদানি করতে হয় সৌদি আরবের সৌদি আরামকো ও সংযুক্ত আরব আমিরাতের অ্যাডনকের কাছ থেকে অপরিশোধিত তেল, এবং আরও আটটি দেশ থেকে পরিশোধিত তেল আনা হয় জিটুজি চুক্তি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে।
বিপিসির ইতিহাস ঘেঁটে দেখা যায়, পাঁচ বছর আগেও সংস্থাটি পুঞ্জীভূত লোকসানে ছিল। তবে ২০২০ সাল থেকে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বিপিসির লাভ বাড়তে শুরু করে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছর শেষে এর রিটেইনড আর্নিংস বা সংরক্ষিত আয় দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৬৭ কোটি টাকায়। সংশোধিত বাজেটে চলতি অর্থবছরে সংস্থাটির উদ্বৃত্ত ধরা হয়েছে ২ হাজার ৭৬৭ কোটি টাকা। অথচ মূল বাজেটে ৪ হাজার ৯৮৮ কোটি টাকার ঘাটতির প্রাক্কলন করা হয়েছিল। আগের বছর ২০২৩-২৪ অর্থবছর শেষে উদ্বৃত্ত ছিল ৫ হাজার ৪১১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আমদানি ব্যয় কমেছে আগের বছরের তুলনায়। এই সময়ে ক্রুড অয়েল আমদানি হয়েছে ৫১ কোটি ৫৬ লাখ ডলারের, যেখানে আগের বছর তা ছিল ৭২ কোটি ৫২ লাখ ডলার। পরিশোধিত তেল আমদানিতে ব্যয় হয়েছে ৩৫৭ কোটি ২৬ লাখ ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কম (৩৬০ কোটি ১৮ লাখ ডলার)।
ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তির হার বিশ্লেষণে দেখা যায়, জুলাই-মার্চ সময়ে অপরিশোধিত তেল আমদানির এলসি খোলা ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ৪৯ লাখ ডলারে এবং নিষ্পত্তির পরিমাণ ৩২ শতাংশ বেড়ে হয়েছে ৮০ কোটি ২৫ লাখ ডলার। বিপরীতে, পরিশোধিত তেলের এলসি খোলা ৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭০ কোটি ৯৫ লাখ ডলারে এবং নিষ্পত্তি কমেছে ২১ শতাংশ, নেমে এসেছে ২৯৪ কোটি ৩৫ লাখ ডলারে।
বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, “মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় খরচ সাশ্রয় হয়েছে। জ্বালানি উপদেষ্টার পরামর্শে প্রতিযোগিতামূলক টেন্ডার ও জিটুজি আমদানির কারণে পরিবহন খরচও কমানো সম্ভব হয়েছে যার প্রতিফলন বাজেটে পড়েছে।”
২০২৩-২৪ অর্থবছরে বিপিসি মোট ৬৩ লাখ ৭১ হাজার ৫৭৩ টন জ্বালানি তেল আমদানি করে। এতে ব্যয় হয় ৫৫ হাজার ৬৬৩ কোটি টাকা। এর মধ্যে ডিজেল, অকটেন, পেট্রল, ও জেট ফুয়েল আমদানিতে ব্যয় হয় ৪২ হাজার ৬৭ কোটি টাকা। ফার্নেস অয়েলে খরচ হয় ৪ হাজার ১০৩ কোটি এবং মেরিন ফুয়েলে ১০৭ কোটি টাকা। অপরিশোধিত তেল আমদানিতে খরচ হয় ৯ হাজার ৩৮৬ কোটি টাকা।
চলতি অর্থবছরে বিপিসির পরিকল্পনা অনুযায়ী ৫৯ লাখ ১০ হাজার টন পরিশোধিত এবং ১৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। বাজারের বর্তমান গতিপ্রকৃতি অব্যাহত থাকলে আমদানি ব্যয়ে আরও সাশ্রয় এবং মুনাফার প্রবণতা চলমান থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

