চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) সম্প্রসারণের অংশ হিসেবে এবার আফগানিস্তানকেও এই মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং, ইসলামাবাদ ও কাবুল। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে একমত পোষণ করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জাপানের সংবাদ সংস্থা এনএইচকে জানায়, তিন দেশের এই ঐকমত্য চীনের বৃহৎ ভূরাজনৈতিক উদ্যোগ ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)–এর আওতায় সিপিইসি প্রকল্পকে আরও বিস্তৃত ও কার্যকর করে তুলবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পটি মূলত পাকিস্তানের অভ্যন্তরে অবকাঠামো উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহায়তার অংশ। এবার সেই করিডর সম্প্রসারিত হয়ে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হবে যার ফলে দেশটির সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
যদিও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অতীতে সন্ত্রাসবাদ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে বহুবার টানাপোড়েন দেখা দিয়েছে, তবে সাম্প্রতিক বৈঠকে দুই দেশ নীতিগতভাবে পরস্পরের দেশে রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হয়েছে। এই কূটনৈতিক অগ্রগতি ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তান ভবিষ্যতে চীন ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। মন্ত্রী আমির খান মুত্তাকির উদ্ধৃতি দিয়ে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে।
তবে এখন পর্যন্ত তালেবান সরকারকে চীন ও পাকিস্তান আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। যদিও সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। ২০২৩ সালে চীন কাবুলে একজন পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নিয়োগ দেয় যা তালেবান প্রশাসনের প্রতি তাদের কৌশলগত আগ্রহের ইঙ্গিত হিসেবে দেখা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিপিইসি-তে আফগানিস্তানকে যুক্ত করার বিষয়ে চীন ও পাকিস্তান পুনরায় তাদের সম্মতি প্রকাশ করেছে। তারা একমত হয়েছে, এ উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)–এর কাঠামোর আওতায় বাস্তবায়িত হবে। একইসঙ্গে তিন দেশ নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা স্বীকার করেছে বিশেষত সন্ত্রাসবাদ ও বহিরাগত হুমকির বিষয়ে যৌথ অবস্থান গ্রহণে জোর দিয়েছে।
চীন এই বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আঞ্চলিক সংযুক্তি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানকে সিপিইসি ও বিআরআই–এর আওতায় যুক্ত করে চীন দক্ষিণ ও মধ্য এশিয়ায় তার কৌশলগত প্রভাব আরও বাড়াতে চাইছে। আফগানিস্তান চীনের জন্য একদিকে যেমন মধ্য এশিয়ার জ্বালানি সম্পদের প্রবেশদ্বার, তেমনি পাকিস্তান ও ইরান হয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাজারে প্রবেশের সম্ভাব্য করিডর।
উল্লেখ্য, ভারতের সঙ্গে সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার পর এটাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের প্রথম বেইজিং সফর। ফলে এ বৈঠক শুধু একটি অর্থনৈতিক উদ্যোগ নয় বরং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিস্থিতিতেও নতুন বার্তা দিচ্ছে। চীন এই অঞ্চলে তার ভূরাজনৈতিক কৌশল কার্যকর করতে তালেবান শাসিত আফগানিস্তানকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে চাইছে যা পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে।

