দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও আর্থিক অনিশ্চয়তার ফলে জাতীয় সঞ্চয়পত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ উল্লেখযোগ্য হারে কমেছে। বিনিয়োগের ক্ষেত্রে নানা বিধিনিষেধ, সঞ্চয়ের সক্ষমতা হ্রাস এবং ব্যাংক ও বিকল্প আর্থিক খাতে উচ্চ মুনাফার সুযোগ এ প্রবণতা তৈরি করেছে। এরই মধ্যে অনেকেই পুরনো সঞ্চয়পত্র ভেঙে ফেলছেন কিন্তু নতুনভাবে বিনিয়োগ করছেন না। ফলে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে সরকারের সুদ ও মূলধন ফেরত দেওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে যা রাষ্ট্রীয় অর্থনীতিতে এক ধরনের চাপ সৃষ্টি করছে।
গত সোমবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্র ভাঙানোর জন্য আবেদন জমা দিয়েছেন সঞ্জীব ও তার স্ত্রী। তারা জানান, আগে বিনিয়োগ করলেও এখন আর আগ্রহ নেই। কারণ হিসেবে সঞ্জীব বলেন, “কয়েকটি ব্যাংকে সঞ্চয়পত্রের তুলনায় বেশি মুনাফা পাওয়া যাচ্ছে। আগে ব্যাংক নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। তাই ব্যাংকে বিনিয়োগ করাই নিরাপদ মনে করছি।”

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাসানুর রহমানের অভিজ্ঞতাও একই রকম। তিনি বলেন, “পেনশনের টাকার একাংশে বাড়ির কাজ করেছি, বাকি অংশে কিনেছি সঞ্চয়পত্র। তবে এখন দেখি ব্যাংকের মুনাফা বেশি। তাই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার কথা ভাবছি। যদিও স্ত্রীর সঞ্চয়পত্র এখনো অব্যাহত রেখেছি।” অন্যদিকে গ্রাহক হাসিনা বানু লাবণী জানিয়েছেন, তিনি সঞ্চয়পত্র ভেঙে স্বর্ণে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। তার মতে, “স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়ছে। গহনা তৈরি করে সেটি ব্যবহার করা যায় আবার ভবিষ্যতে পরিবারের প্রয়োজনেও কাজে লাগবে।”
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, মানুষের সঞ্চয় কমেছে এটা সরাসরি বলা কঠিন হলেও বাস্তবতা এটাই। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই সঞ্চয়পত্র কেনার ক্ষমতা হারাচ্ছেন। কেউ সংসার চালাতে, আবার কেউ সন্তানের পড়াশোনার জন্য বা বিবাহের খরচে সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন। ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগের প্রবণতা কমে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যও এই বাস্তবতারই প্রতিফলন। ২০২৪-২৫ অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৮৩ হাজার ৫০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি। তবে প্রথম সাত মাসে (জুলাই–জানুয়ারি) বিক্রি হয়েছে ৩৬ হাজার ৪৬৩ কোটি টাকা, বিপরীতে ভাঙানো হয়েছে ৪৩ হাজার ৪৭৬ কোটি টাকার সঞ্চয়পত্র। অর্থাৎ সরকারের ঘরে টাকা ঢোকার চেয়ে বের হয়ে গেছে সাত হাজার ১৩ কোটি টাকা বেশি।
গত অর্থবছরের (২০২৩-২৪) চিত্রও একই ধরনের ছিল। পুরো ১২ মাসে সরকার আগের আসল ও সুদের চেয়ে সাত হাজার ৩৫০ কোটি টাকা বেশি পরিশোধ করেছে। ফলে সঞ্চয়পত্রের নিট বিক্রয় ঋণাত্মক ধারায় ছিল। অথচ ওই সময় সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার, কিন্তু তা পূরণ হয়নি। এবারও লক্ষ্যমাত্রা কমিয়ে ১৫ হাজার ৪০০ কোটি টাকা নির্ধারণ করা হলেও এর অর্জন নিয়ে সংশয় রয়েছে।
ব্যাংক ও ট্রেজারি বন্ডে উচ্চ সুদের হার এবং ব্যাংক ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধিই সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। সোনালী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুব জানান, বর্তমানে ব্যাংকে ১০ শতাংশ বা তার চেয়েও বেশি মুনাফা পাওয়া যাচ্ছে। এক বছরের ট্রেজারি বিলে সুদের হার দাঁড়িয়েছে ১১.৬০ শতাংশ। ফলে মানুষ ব্যাংক বা বিল-বন্ডকেই অধিকতর লাভজনক মনে করছে। একই সঙ্গে স্বর্ণের দাম লাগাতার বেড়ে যাওয়ায় এক শ্রেণির মানুষ সেখানে বিনিয়োগ করছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগে ভাঙাতে জটিলতা থাকলেও ব্যাংকে যেকোনো সময় টাকা তোলা যায়। আবার স্বর্ণেও ব্যবহার ও বিনিয়োগ দুই ধরনের সুবিধা থাকায় সেখানে ঝুঁকছে মানুষ। তিনি বলেন, “গ্রাহকরা এখন ব্যাংকের মাধ্যমে বিড করে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছেন। এর জন্য বিবি (ব্যাংকিং) অ্যাকাউন্ট দরকার। ব্যাংক গ্রাহকের হয়ে বিড করে দেয় এতে মানুষ আস্থা পাচ্ছে। পাশাপাশি স্বর্ণের দাম কোথায় থামবে কেউ জানে না। তাই কেউ কেউ ভাবছেন এখন কিনে রাখি দাম বাড়লে বিক্রি করবো।”
এক সময় সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হলে গ্রাহক পুনরায় একই মাধ্যমে বিনিয়োগ করতেন। এখন সেই চিত্র বদলে গেছে। মেয়াদ শেষে বিনিয়োগ না করে অনেকেই বিকল্প খাতে ঝুঁকছেন। এর ফলে সরকারকে অতিরিক্ত সুদ ও আসল পরিশোধ করতে হচ্ছে কিন্তু নতুন সঞ্চয় বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহ তেমন হচ্ছে না। একে অপরিকল্পিত ঋণ ব্যবস্থার ওপর চাপ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এই পরিস্থিতি সম্পর্কে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)-এর চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “সঞ্চয়পত্রের মাধ্যমে সঞ্চয়ে উৎসাহ দেওয়া খুব ইতিবাচক নয়। এতে সরকারের ওপর উচ্চ সুদের ঋণ চাপ তৈরি হয়। এটা কর রাজস্বের ঘাটতি পূরণ না করে বরং চাপই বাড়ায়।” তার মতে, সঞ্চয়পত্র স্বল্পমেয়াদে সরকারের জন্য কার্যকর হলেও দীর্ঘমেয়াদে এই ব্যবস্থার ওপর নির্ভরতা সমাধান নয়।
তিনি আরও বলেন, “সরকার যদি ক্যাপিটাল মার্কেটকে শক্তিশালী করে, তবে ব্যক্তিগত সঞ্চয়ধারীরা সেখানে বিনিয়োগ করতে পারবে। আবার ব্যাংকের মাধ্যমে সঞ্চয়কে উৎপাদনশীল খাতে বা বেসরকারি খাতে কাজে লাগানো গেলে সেটাই বেশি কার্যকর হবে। কারণ আমাদের রাজস্ব কাঠামো এখনো দুর্বল। সেখান থেকে বেশি সুদের ঋণ নিলে ভবিষ্যতে সরকার কীভাবে তা শোধ করবে এই প্রশ্ন থেকেই যায়।”
সামগ্রিকভাবে বিশ্লেষণে স্পষ্ট যে, দেশের জনগণের সঞ্চয় প্রবণতা ও বিনিয়োগের ধরন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতীয় সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ কমে যাওয়ায় সরকারকে আর্থিক পরিকল্পনায় নতুন করে ভাবতে হবে বিশেষত দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য।

