জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তির সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার। সংশ্লিষ্ট অধ্যাদেশ বাস্তবায়নের দীর্ঘ প্রক্রিয়া এবং এনবিআরের কর্মকর্তাদের চলমান অসন্তোষের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (২০২৫)’ শীর্ষক অধ্যাদেশটি সংশোধনের আগ পর্যন্ত এনবিআরের কার্যক্রম আগের নিয়মেই চলবে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনবিআরের সব ধরনের কার্যক্রম বিদ্যমান কাঠামো অনুযায়ী চালু থাকবে এবং কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বর্তমান নিয়মেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট অধ্যাদেশটি বাস্তবায়নের জন্য কয়েকটি আইনি ও প্রশাসনিক বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে যা সময়সাপেক্ষ। পাশাপাশি বলা হয়, বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই এনবিআর বিভক্তির প্রশাসনিক কাঠামো প্রণয়ন করা হবে। এ জন্য এনবিআরসহ সব গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই আলোচনার ভিত্তিতে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।
সরকার এও জানিয়েছে, কাস্টমস ও কর কর্মকর্তাদের পদ বা মর্যাদা কমানোর কোনো পরিকল্পনা নেই বরং সংস্কার কার্যক্রম শেষ হলে পদসংখ্যা বৃদ্ধি পাবে এবং সচিব পদে নিয়োগসহ পদোন্নতির সুযোগ বাড়বে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনবিআর বিভক্তির প্রক্রিয়ায় অনেক কাজ এখনো অসমাপ্ত। নতুন দুটি বিভাগের জন্য সাংগঠনিক কাঠামো তৈরির পাশাপাশি ‘অ্যালোকেশন অব বিজনেস’ নির্ধারণ, আয়কর আইন, কাস্টমস আইন ও মূসক আইনে সংশোধন আনাও সময়সাপেক্ষ কাজ।
এ ছাড়া, অর্থবছরের শেষ সময়ে বাজেট প্রস্তুতি ও রাজস্ব আহরণ নিশ্চিত করার জন্য এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। তাদের করদাতাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে বলা হয়।
সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে এনবিআরের একটি অংশ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গঠিত এক প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে তারা সদ্য পাস হওয়া অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ, এবং রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ প্রকাশের দাবি জানান। একই সঙ্গে ব্যবসায়ী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পূর্ণাঙ্গ সংস্কার পর্যালোচনার আহ্বান জানানো হয়।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, স্মারকলিপিতে এনবিআরের তরুণ কর্মকর্তাদের উদ্বেগ ও প্রত্যাশার বিষয় তুলে ধরা হয়েছে এবং সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে।
তারা বলেন, চলতি সপ্তাহে অর্থ উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা হলেও সন্তোষজনক কোনো সমাধান পাওয়া যায়নি। তাদের মতে, দেশের ভবিষ্যৎ রাজস্ব কাঠামো গঠনে তরুণ কর্মকর্তাদের মতামত নেওয়া জরুরি। তারা সংস্কার চান তবে তা যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বোত্তম অনুশীলনের ভিত্তিতে হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগকে ব্যবস্থাপনার ওপর কর্তৃত্ব দেওয়ার সুযোগ রেখে অধ্যাদেশটি প্রণীত হয়েছে যা প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের মূল চেতনার পরিপন্থী।
পরিষদের দাবি, এই অধ্যাদেশের মাধ্যমে কাস্টমস ও কর বিভাগকে প্রশাসন ক্যাডারের অধীনস্থ করার প্রয়াস চালানো হয়েছে, যাতে দীর্ঘদিন ধরে এনবিআরে কর্মরত কর্মকর্তারা প্রান্তিক হয়ে পড়ছেন।
এ পরিস্থিতিতে বুধবার আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। এর একদিন পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাঁরা জানান, চলমান অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে এবং আগামী ২৪ মে থেকে কাস্টমস হাউস ও ভূমি কাস্টমস স্টেশন ছাড়া দেশের সব কর, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে।
তাদের দাবি পূরণ না হলে ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে এনবিআরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা। এর আগে তারা প্রতিদিন পাঁচ ঘণ্টা করে কলম বিরতির কর্মসূচি পালন করছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণাকে আন্দোলনরত কর্মকর্তারা স্বাগত জানালেও দাবি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অধ্যাদেশে সংশোধনের কথা ইতিবাচক। তবে দুটি বিভাগের নেতৃত্ব কারা নেবেন তা পরিষ্কার নয় এবং অধ্যাদেশ বাতিল বা স্থগিতের বিষয়ে কিছু বলা হয়নি। সুতরাং আন্দোলন বন্ধের মতো কোনো আশ্বাস পাওয়া যায়নি।
সরকারের পক্ষ থেকে এনবিআরের কাঠামোগত সংস্কার সাময়িকভাবে থামানো হলেও চলমান অস্থিরতা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাসযোগ্য সংলাপ জরুরি হয়ে উঠেছে। অন্যথায় রাজস্ব আহরণসহ সামগ্রিক বাজেট কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।

