গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হতে চললেও দেশের অর্থনৈতিক চিত্র এখনো অস্থির। মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রফতানি হ্রাস ও রাজস্ব ঘাটতির মতো সংকটে জর্জরিত দেশের অর্থনীতি। এমন এক প্রেক্ষাপটে সামনে এসেছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, যার আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বাজেট প্রণয়নের আগে আটটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, সামাজিক সুরক্ষা জোরদার, রাজস্ব আয় বাড়ানো, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণে প্রস্তুতি।
নতুন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে দেওয়া হয়েছে অগ্রাধিকার। সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে ভাতা ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাও নেওয়া হয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে, কেবল সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ালেই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি আসবে না। খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি ইতিমধ্যেই এই শ্রেণিকে জীবিকা নির্বাহে মারাত্মক চাপে ফেলেছে।
অর্থনীতির অন্যতম বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগ স্থবিরতা। নতুন কোনো বড় বিনিয়োগ আসছে না, পুরনো অনেক প্রকল্পও অচল হয়ে আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে মূলধনি যন্ত্রপাতির আমদানিতে এলসি খোলায় ৩০ শতাংশ এবং নিষ্পত্তিতে ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থাৎ, উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগে অনীহা স্পষ্ট। এর প্রভাব পড়ছে কর্মসংস্থানেও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, দেশে বর্তমানে বেকার মানুষের সংখ্যা ২৭ লাখ ৩০ হাজার, যা গত এক বছরে বেড়েছে সোয়া তিন লাখ। একই সময়ে শ্রমশক্তিতে অংশগ্রহণ কমে দাঁড়িয়েছে মাত্র ৪৮ দশমিক ৪১ শতাংশে।
দেশের বাইরে শ্রমিক পাঠানোতেও দেখা দিয়েছে উদ্বেগজনক হ্রাস। ২০২৩ সালে যেখানে ১৩ লাখ কর্মী বিদেশে গিয়েছিলেন, ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ১০ লাখ ১১ হাজারে। মালয়েশিয়া, কুয়েত ও ইতালির মতো বড় শ্রমবাজার আংশিকভাবে বন্ধ থাকায় এই পতন ঘটেছে। তবে এই হ্রাসের মাঝেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মার্চে রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ কোটি ডলারে, যা মাসিক রেকর্ড। এপ্রিলে তা আরও বেড়ে ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একাই ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা আদায়ের দায়িত্বে। কিন্তু চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআর আদায় করেছে মাত্র ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, ফলে লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এই ঘাটতি পোষাতে শুল্ক ছাড় কমানো, কর অব্যাহতি হ্রাস, নতুন খাতে কর আরোপ এবং রাজস্ব ব্যবস্থায় অটোমেশন চালুর পরিকল্পনা রয়েছে।
বাজেট বাস্তবায়নে সরকারকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ঋণ নিতে হতে পারে। ফলে মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ২১ লাখ কোটি টাকা। শুধু সুদ পরিশোধেই ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২০ হাজার কোটি টাকা বেশি। যদিও সরকারের পরিকল্পনা রয়েছে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে ১ লাখ ৪ হাজার কোটিতে নামিয়ে আনার যাতে বাজেট ঘাটতি সীমিত রেখে ২ লাখ ২৬ হাজার কোটিতে আনা যায়।
বিশ্লেষকরা বলছেন, বাজেটের আকার যত বড়ই হোক না কেন, বাস্তবায়নের ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা না থাকে, তাহলে তা অর্থনীতিকে চাঙা করতে পারবে না। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেটের আকার আরও ছোট এবং বাস্তবসম্মত হলে তা বাস্তবায়নযোগ্য হতো। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, প্রত্যক্ষ করের ভিত্তি বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা উচিত।
বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়িয়েছে রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি। ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজি, প্রতারণা ও সাইবার হুমকির কারণে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। ঢাকার আখাউড়া স্থলবন্দরের মতো সীমান্ত বাণিজ্য পথগুলো প্রায় অচল হয়ে পড়েছে, যেখানে রফতানি ৪০ শতাংশ কমে গেছে। শুধু গত পাঁচ দিনে লোকসান হয়েছে প্রায় ২ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং ভারতের পণ্যে আমদানি নিষেধাজ্ঞার প্রেক্ষিতে রফতানি খাতে তৈরি হয়েছে বাড়তি চাপ। এমন পরিস্থিতিতে সরকার প্রায় ১০০টি পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের কথা ভাবছে। অন্যদিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ব্যবসার সুরক্ষায় দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং ই-কমার্স নিরাপত্তা ইউনিট গঠন এখন সময়ের দাবি।
এই বাস্তবতায় সরকারের লক্ষ্য হলো একটি কার্যকর রোডম্যাপের মাধ্যমে সংকট মোকাবিলা করা। বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, শ্রমবাজার পুনরুদ্ধার এবং রাজস্ব ব্যবস্থার সংস্কারের মতো বড় লক্ষ্যে পৌঁছাতে হলে চাই বাস্তবভিত্তিক পদক্ষেপ ও কার্যকর বাস্তবায়ন। অন্যথায় উচ্চাভিলাষী বাজেট কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে।

