অর্থপাচার ও সম্পদ লোপাট প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের কার্যক্রম আরও সক্রিয় ও ফলপ্রসূ করতে বাংলাদেশ ব্যাংকে দুটি নতুন উপদেষ্টা পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সনদ পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের জন্য আর্থিক পুরস্কার বাড়ানোর প্রস্তাবও গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সভা সূত্রে জানা গেছে, সৃষ্ট নতুন দুই পদ হলো ‘অ্যাডভাইজার টু দ্য গভর্নর অ্যান্ড অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ এবং ‘অ্যাডভাইজার টু দ্য গভর্নর অ্যান্ড টাস্কফোর্স’। পদ দুটি অস্থায়ী ভিত্তিতে তৈরি করা হচ্ছে এবং খুব শিগগিরই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্টদের মতে, এসব উপদেষ্টা নিয়োগের ফলে টাস্কফোর্সের অনুসন্ধান কার্যক্রমে পেশাদারিত্ব ও গতি বাড়বে।
এ ছাড়া ব্যাংকিং পেশাজীবীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, পেশাগত সনদ পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়ানো হবে। এটি ব্যাংকের অভ্যন্তরীণ দক্ষতা ও পেশাগত উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
সভায় আলোচিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে রয়েছে, ব্যাংক রেজুলেশন ফান্ডের কাঠামো নির্ধারণ, অর্থায়নের পদ্ধতি ও ব্যবহারের নীতিমালা তৈরি। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অবসরের সময় প্রদেয় উপহারের পরিমাণ বৃদ্ধি, পদবির কিছু পরিবর্তন এবং চিকিৎসা সুবিধা সংক্রান্ত বিল পুনর্ভরণের প্রক্রিয়াতেও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক কাঠামো ও পরিচালনা প্রক্রিয়ায় পরিবর্তন আনার পাশাপাশি অর্থনৈতিক অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

