প্রায় দুই মাসের বিরতির পর আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আবারও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম। তবে এবার আগের তুলনায় পণ্যের দাম বেড়েছে এবং কমেছে ভোক্তাদের ভিড়।
এই ‘ট্রাকসেল’ কার্যক্রমে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। বর্তমানে লিটারপ্রতি তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা, কেজিপ্রতি চিনির দাম ৮৫ টাকা এবং কেজিপ্রতি ডালের দাম ৮০ টাকা। অথচ খুচরা বাজারে একই পণ্যের দাম যথাক্রমে ১৯০ টাকা, ১২০ টাকা এবং ১১৫ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি ডাল কিনতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার সুরিটোলা এলাকায় টিসিবির একটি ট্রাকসেল ঘুরে দেখা গেছে, সেখানে পণ্য বিক্রি চলছে নির্ধারিত নিয়মে। ট্রাকসেলের দায়িত্বে থাকা হাজী মুক্তার এন্টারপ্রাইজের ম্যানেজার মো. সেন্টু মিয়া জানান, দুপুর ১২টা ২০ মিনিট থেকে তারা বিক্রি শুরু করেছেন এবং ওই ট্রাক থেকে মোট ৪০০ জন ভোক্তাকে পণ্য দেওয়া হবে।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারা দেশে ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রম চলবে এবং এই বিক্রি চলবে আগামী ৩ জুন পর্যন্ত।
সেন্টু মিয়া জানান, সর্বশেষ রমজানের আগে ২৭ মার্চ টিসিবি ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করেছিল। সেই সময়ের তুলনায় এবার ভিড় অনেক কম। তার ভাষায়, “আগে মানুষকে চার-পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো এখন দেড়-দুই ঘণ্টা সময় লাগছে।”
সুরিটোলার বাসিন্দা শাহীদা আক্তার লাইনে দাঁড়িয়ে দেড় ঘণ্টা পর পণ্য সংগ্রহ করতে পেরেছেন। তিনি বলেন, “আগে জিনিস বেশি ছিল দামও কম ছিল। এখন দাম অনেক বেশি এতোটা না বাড়ালেই ভালো হতো।”
গত রমজানে টিসিবির ট্রাকসেলে যেসব দামে পণ্য বিক্রি হয়েছিল, তার তুলনায় এবার তেলের দাম লিটারপ্রতি বেড়েছে ৩৫ টাকা, ডালের দাম কেজিপ্রতি ২০ টাকা এবং চিনির দাম কেজিপ্রতি ১৫ টাকা। সংশ্লিষ্টদের ধারণা, এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের আগ্রহ কিছুটা কমেছে এবং এর ফলেই ট্রাকসেলের পেছনে ভোক্তাদের ভিড় কম দেখা যাচ্ছে।
এই মূল্যবৃদ্ধি যেখানে নিম্ন আয়ের মানুষদের জন্য চাপ সৃষ্টি করেছে, সেখানে সাশ্রয়ী দামের পণ্য বিতরণে টিসিবির কার্যক্রম এখনো কিছুটা স্বস্তি দিচ্ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, ভবিষ্যতে পণ্যের মূল্য আরো সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হবে এবং পণ্য সরবরাহও বাড়ানো হবে যাতে সবাই উপকৃত হতে পারেন।

