২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাণিজ্যিক আমদানির ওপর অগ্রিম কর (Advance Tax) উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। রাজস্ব ঘাটতি পূরণ এবং স্থানীয় পর্যায়ে ভ্যাট ফাঁকি প্রতিরোধের যুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ পদক্ষেপ গ্রহণ করছে। তবে প্রস্তাবিত এই কর বৃদ্ধিকে কেন্দ্র করে ব্যবসায়ী সংগঠন ও ভোক্তা অধিকারকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এতে দ্রব্যমূল্যের ওপর তাৎক্ষণিক চাপ তৈরি হবে, যা ভোক্তাদের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।
নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, শিশু খাদ্য, ফল, মশলা, পোশাক, যানবাহন, খেলনা, সিরামিক, বাথরুম ফিটিংস, বৈদ্যুতিক সরঞ্জাম ও চিকিৎসা উপকরণের মতো নানা ধরনের পণ্যের আমদানিতে অগ্রিম করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হবে। এর পাশাপাশি, স্থানীয় পর্যায়ের সরবরাহে বর্তমানে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হতে পারে। তবে শিল্প উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর বর্তমানে প্রযোজ্য ৩ শতাংশ অগ্রিম কর কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
এনবিআর কর্মকর্তাদের ভাষ্যমতে, দেশে ব্যাপক হারে ভ্যাট ফাঁকি চলছে এবং স্থানীয় পর্যায়ের বিক্রয় থেকে যথাযথ পরিমাণে রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। তাই আমদানির সময় অগ্রিম কর আদায়ই তাদের কাছে অধিক কার্যকর মনে হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায় হয়েছে ১২ হাজার ৭৮৯ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দশ মাসেই (জুলাই থেকে এপ্রিল) আদায় হয়েছে ১১ হাজার ৫৯৩ কোটি টাকা। এনবিআরের একটি অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, প্রস্তাবিত কর বৃদ্ধির ফলে আগামী অর্থবছরে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে।
তবে এনবিআরের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কর বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, আমদানিতে কর বসিয়ে সব আমদানিকারককে এক কাতারে দাঁড় করানো ঠিক নয়। কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, সরকার যাদের ধরতে পারছে না তাদের বদলে সবাইকে শাস্তি দিচ্ছে। এতে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, আর অসৎ ব্যবসায়ীরা প্রশাসনের সঙ্গে সমঝোতা করে পার পেয়ে যাবেন। তিনি সতর্ক করে বলেন, ‘এর ফল ভোক্তাকেই ভুগতে হবে কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি অবশ্যম্ভাবী।’
মূলত আমদানির সময় যে অগ্রিম কর আরোপ করা হচ্ছে, তা একসময় ভ্যাটের বিকল্প হিসেবেই ব্যবহৃত হতো। বর্তমানে এটি ভোজ্যতেল, চিনি, নির্দিষ্ট জ্বালানি, শিল্প যন্ত্রপাতি ও উৎপাদন কাঁচামালের মতো গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে অধিকাংশ ভোগ্যপণ্যের ক্ষেত্রে এটি আরোপ করা হচ্ছে।
ফল ও যানবাহন আমদানিকারকদের মধ্যে এই প্রস্তাব নিয়ে উদ্বেগ বেশি। বাংলাদেশ ফল আমদানিকারক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, সরকার যে অস্থায়ীভাবে ফল আমদানিতে অগ্রিম কর স্থগিত করেছিল, তা জুনে শেষ হচ্ছে। এর পর যদি অগ্রিম কর ৭.৫ শতাংশে উন্নীত হয়, তাহলে আপেল, কমলা ও আঙ্গুরের দাম উল্লেখযোগ্য হারে বাড়বে। বর্তমানে আমদানিকৃত ফলের ওপর প্রতি ১০০ টাকায় প্রায় ১১০ টাকা কর দিতে হয় ফলে এই খাতে চাহিদা অনেকটাই কমে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, যানবাহন খাতে একই আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টারস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, মাত্র ২.৫ শতাংশ কর বৃদ্ধি মানেই ৪০ লাখ টাকার গাড়িতে অতিরিক্ত এক লাখ টাকা দাম বাড়া যার ভার ভোক্তাদেরই বহন করতে হবে। স্থানীয় পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করলেও তেমন প্রভাব পড়বে না কারণ একবার আমদানি পর্যায়ে কর দেওয়া হলে সেটি পরবর্তী পর্যায়ে আর আরোপ করা হয় না। তিনি জানান, চলতি বছর টাকার অবমূল্যায়ন ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গাড়ি বিক্রি প্রায় ৪০ শতাংশ কমেছে। এই নতুন করবৃদ্ধি বাজারে আরও নেতিবাচক প্রভাব ফেলবে।
এ পরিস্থিতিতে অর্থনীতিবিদরা মোটামুটি ঐক্যমত্যে পৌঁছেছেন যে, প্রস্তাবিত কর বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বরং তা অর্থনীতিকে আরও চাপে ফেলবে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, স্থানীয় পর্যায়ে ভ্যাট সংগ্রহে দুর্বলতার জন্য আমদানির ওপর কর বাড়ানো হচ্ছে যা অর্থনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত। বাংলাদেশ যখন এলডিসি থেকে উত্তরণের পথে তখন এমন পদক্ষেপ প্রতিযোগিতা ও বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তিনি সতর্ক করেন।
বিশেষজ্ঞরা আরও বলেন, কাগজে কলমে অগ্রিম কর ফেরতযোগ্য হলেও বাস্তবে তা পেতে গেলে ব্যবসায়ীদের দীর্ঘ প্রক্রিয়া ও হয়রানির মুখে পড়তে হয়, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হন। এতে এনবিআরের ‘সহজ পথে’ রাজস্ব আদায়ের প্রবণতা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও আশঙ্কা তৈরি করছে।
একজন কর বিশেষজ্ঞ, স্নেহাশিস বড়ুয়া উল্লেখ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে লেনদেনের পরিমাণ দেশের মোট জিডিপির প্রায় ১৭ শতাংশ, অর্থাৎ প্রায় ৭ লাখ কোটি টাকা। যদি এর ওপর সঠিকভাবে ভ্যাট আদায় সম্ভব হতো তাহলে রাজস্ব আদায় দাঁড়াত প্রায় ৫০ হাজার কোটি টাকায়। অথচ বাস্তবে আদায় হচ্ছে মাত্র ৪ হাজার কোটি টাকা। তিনি বলেন, সরকারের বহু নীতিগত উদ্যোগ থাকা সত্ত্বেও স্থানীয় পর্যায়ে কার্যকর ভ্যাট সংগ্রহ সম্ভব হয়নি বলেই এখন আমদানির ওপর কর বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এই করের বোঝা সাধারণ জনগণের কাঁধেই গিয়ে পড়ে যা ন্যায়সংগত নয়।
সব মিলিয়ে, আমদানির ওপর অগ্রিম কর বাড়ানোর প্রস্তাবকে কেন্দ্র করে দেশে একদিকে রাজস্ব আদায়ের নতুন পথ খোঁজার প্রয়াস অন্যদিকে ব্যবসায়ী ও ভোক্তা মহলের দুশ্চিন্তা এই দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। ফলাফল কী দাঁড়াবে, তা নির্ভর করবে সরকার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় কতটা ভারসাম্য বজায় রাখতে পারে তার ওপর।

