Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকে ঋণের কিস্তি, বাজারের থলে ফাঁকা!
    অর্থনীতি

    ব্যাংকে ঋণের কিস্তি, বাজারের থলে ফাঁকা!

    কাজি হেলালমে 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমান বাংলাদেশে একটি অপ্রকাশ্য অথচ গভীর সংকট ধীরে ধীরে প্রভাব ফেলছে সমাজের সর্বস্তরে—তা হলো ঋণের কিস্তির চাপ। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি, স্থবির আয়, চাকরি হারানোর আশঙ্কা, আর অনিশ্চিত ভবিষ্যতের বাস্তবতায় মানুষ আজ অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে ব্যাংক, এনজিও, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমনকি বন্ধু-আত্মীয়দের কাছ থেকেও ধার করছেন। মাস শেষে যখন সেই ঋণের কিস্তি শোধের পালা আসে, তখন বাজারের থলে থাকে প্রায় ফাঁকা।

    “ব্যাংকে ঋণের কিস্তি, বাজারের থলে ফাঁকা”—এই একটি বাক্যই যেন প্রতিফলিত করে দিচ্ছে বর্তমান সময়ের সাধারণ মানুষের জীবনের বাস্তব চিত্র। শুধু অর্থনৈতিক নয় এটি একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকটেও রূপ নিচ্ছে, যা পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে নীরবে আঘাত করছে।

    আয়-ব্যয়ের অসামঞ্জস্য: জীবনযাপনে আয় ও ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য থাকা খুবই জরুরি। এই ভারসাম্যটাই নির্ধারণ করে মানুষ কতটা স্বস্তিতে জীবন কাটাতে পারছে। কিন্তু বর্তমান বাংলাদেশের বাস্তবতায় সেই ভারসাম্য দিন দিন ভেঙে পড়ছে। আয় বাড়ছে ধীরগতিতে, কিন্তু ব্যয় বাড়ছে হু হু করে। ফলে মানুষ পড়ছে অর্থনৈতিক টানাপোড়েনের দুষ্টচক্রে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-এর ২০২৫ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী, দেশের সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭১%, যেখানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আরও বেশি—১০ দশমিক ৮২%। অথচ একই সময়ে সাধারণ মানুষের আয় বা বেতন বেড়েছে গড়ে মাত্র ৫ থেকে ৬ শতাংশ। ফলে বাস্তবে দেখা যাচ্ছে, মানুষের পকেটে টাকা ঢোকার চেয়ে বেরিয়ে যাওয়ার গতি বেশি।

    এই ব্যবধান সবচেয়ে বেশি ভোগাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোকে। একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে—চাল, ডাল, তেল, সবজি, ডিম, মাংস—সবই এখন আগের তুলনায় অনেক দামি। অন্যদিকে বাড়ছে ঘরভাড়া, সন্তানদের স্কুল ফি, চিকিৎসার খরচ, পরিবহন ব্যয়সহ নানান প্রয়োজনীয় ব্যয়। ফলাফল—বেতন পেলেই সব চলে যাচ্ছে খরচে, হাতে কিছু থাকছে না সঞ্চয়ের জন্য, বরং অনেক সময় পরিবার চালাতে গিয়ে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।

    বিশেষ করে নগরজীবনে এই চাপ আরও প্রকট। বেসরকারি চাকরিজীবীরা নির্দিষ্ট বেতনে সংসার চালিয়ে যখন আর পারছেন না, তখন বাধ্য হয়ে মোবাইল অ্যাপ বা ব্যাংক থেকে ছোট ছোট কিস্তির ঋণ নিচ্ছেন। কিন্তু মাস শেষে সেই ঋণের কিস্তি পরিশোধ করতেই আবার নতুন করে অর্থসংকটে পড়ছেন। এই চক্রেই আটকে যাচ্ছে হাজার হাজার পরিবার।

    বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এই আয়-ব্যয়ের অসামঞ্জস্য মানুষের জীবনমান, মানসিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। এই সংকট মোকাবিলায় চাই আয় বাড়ানোর উদ্যোগ, বাজার নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা এবং ভোক্তা পর্যায়ে আর্থিক সচেতনতা।

    ঋণ বাড়ছে, ঘাটতি মেটাতে গিয়ে জীবন ঝুঁকিতে: বর্তমান অর্থনৈতিক চাপে মানুষ যখন দৈনন্দিন প্রয়োজনই মেটাতে পারছে না, তখন বিকল্প পথ হিসেবে অনেকেই ভরসা রাখছে ঋণের ওপর। পরিবার চালাতে, সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে বা জরুরি চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে মানুষ বাধ্য হচ্ছে বিভিন্ন উৎস থেকে টাকা ধার নিতে। কিন্তু এই ধারই যখন পরিণত হচ্ছে নিয়মিত কিস্তিতে—তখন তা হয়ে উঠছে নতুন এক বোঝা।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (২০২৫ সালের প্রথম প্রান্তিক) তথ্য অনুযায়ী, দেশে ব্যক্তিগত ভোক্তা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১৬% বেশি। এই ঋণের বড় অংশই এসেছে মোবাইল অ্যাপভিত্তিক ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান, ই-ওয়ালেট, এনজিও এবং সহজ শর্তে ঋণ দেওয়া ব্যাংক থেকে।

    এই ধরনের ঋণ বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে চাকরিজীবী, প্রবাসী পরিবার, গৃহিণী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। কারণ এসব ক্ষেত্রে জামানত ছাড়াই খুব সহজে ও দ্রুত টাকা পাওয়া যায়। তবে সমস্যা হচ্ছে অনেকেই আয় বিবেচনা না করেই ঋণ গ্রহণ করছেন, ফলে নিয়মিত কিস্তি শোধ করতে গিয়ে মাসের অর্ধেক বেতন কেটে যাচ্ছে। এতে পরিবারে তৈরি হচ্ছে টানাপোড়েন, অসন্তোষ এবং মানসিক চাপ।

    কেউ সন্তানের স্কুল ফি দিতে, কেউ মা-বাবা, স্ত্রীর বা স্বামীর চিকিৎসা করাতে, কেউ আবার খাবার কিনতেই ঋণ নিচ্ছেন। কিন্তু ঋণ নেওয়ার সময় যেটি সহজ মনে হয়, তা সময়মতো কিস্তি দিতে গিয়ে হয়ে উঠছে যন্ত্রণাদায়ক। ঋণের ফাঁদে পড়ে অনেকে আবার নতুন ঋণ নিয়ে আগের ঋণ মেটাচ্ছেন, যা আরও গভীর বিপদের দিকে ঠেলে দিচ্ছে তাদের। বিশেষজ্ঞদের মতে, এভাবে ভোক্তা পর্যায়ে ঋণ প্রবাহ বাড়তে থাকলে ভবিষ্যতে আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতা নষ্ট হতে পারে। কারণ এই ঋণ অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত হচ্ছে—যেমন: ফ্রিজ, মোবাইল, টিভি, ওয়াশিং মেশিন বা ফার্নিচার কিংবা ব্যক্তিগত খরচ—যার প্রত্যক্ষ রিটার্ন নেই।

    ঋণের কিস্তি মানসিক চাপেও ফেলছে মানুষকে: বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ ঋণের কিস্তির ভারে কেবল আর্থিক নয়, মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন। আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতায় যাঁরা নিয়মিত ব্যয় মেটাতে পারছেন না, তাঁরা বাধ্য হয়ে ছোট-বড় ঋণের দিকে ঝুঁকছেন। অথচ এই ঋণই আবার পরিণত হচ্ছে নতুন এক যন্ত্রণার উৎসে।

    বিশেষজ্ঞরা বলছেন কিস্তির চাপে মানুষের মধ্যে দুশ্চিন্তা, হতাশা ও উদ্বেগ বাড়ছে আশঙ্কাজনক হারে। যারা পরিবারের একমাত্র উপার্জনকারী তাদের ওপর এই চাপ সবচেয়ে বেশি। পরিবারের চাহিদা মেটাতে গিয়ে যখন একাধিক কিস্তি মাথার ওপর চেপে বসে, তখন অনেকে মারাত্মক মানসিক চাপের মধ্যে পড়েন। একাধিক মনোরোগ চিকিৎসকের মতে, এই ধরনের চাপ থেকে অনেকেই ধীরে ধীরে অবসাদে ডুবে যাচ্ছেন, কারও কারও মধ্যে আত্মগোপনের প্রবণতা তৈরি হচ্ছে, আবার কেউ কেউ সম্পর্কে ফাটল, বিচ্ছেদ এমনকি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তও নিচ্ছেন।

    এই কিস্তির চাপ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে অনেকে প্রয়োজনীয় খরচ পর্যন্ত কমিয়ে দেন—শিশুদের পুষ্টিকর খাবার, চিকিৎসা কিংবা শিক্ষার খরচেও কাটছাঁট করতে বাধ্য হন। এমন বাস্তবতায় মানসিক চাপ শুধু ব্যক্তিকেই নয়, তার পুরো পরিবারকেও প্রভাবিত করছে। পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, সন্তানদের মানসিক বিকাশে সমস্যা—এসবও বাড়ছে ঋণের কারণে সৃষ্ট মানসিক অস্থিরতা থেকে।

    মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সীমিত আয়ের মধ্যে সংসার চালানো, সময়মতো কিস্তি শোধ করতে না পারার ভয়—সব মিলিয়ে সমাজের এক বিশাল অংশ আজ মানসিক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

    গ্রামে বেশি ঋণ, কারণ আয়ে ঘাটতি: বাংলাদেশে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং আয়-ব্যয়ের বৈষম্যের ফলে মানুষ আজ বাধ্য হচ্ছে ঋণের ওপর নির্ভর করতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় প্রতি চার জনে একজন মানুষ ঋণ করে তার মৌলিক চাহিদা পূরণ করছেন। এদের মধ্যে গ্রামের ২৮ শতাংশ, শহরের ২৪ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় ১৫ শতাংশ মানুষ রয়েছেন যারা জীবনধারণের জন্য ঋণের ওপর নির্ভরশীল।

    এই চিত্রটি স্পষ্টভাবে দেখায় যে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় ঋণ নেওয়ার প্রবণতা অনেক বেশি। এর অন্যতম প্রধান কারণ হলো—গ্রামের মানুষের গড় আয় কম, আর সেই সঙ্গে ঋণ পরিশোধের সক্ষমতাও তুলনামূলকভাবে দুর্বল। ফলে তারা বাঁচার তাগিদে নানা উৎস থেকে কিস্তি ভিত্তিক ঋণ নিতে বাধ্য হন। এনজিও, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং কিছু ব্যাংক এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামের মানুষকে সহজ শর্তে ঋণ দিচ্ছে, যেটি শহরের তুলনায় অনেক বেশি হারে।

    সরকারি ও বেসরকারি উৎসে এই বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান খুব একটা পাওয়া না গেলেও বিভিন্ন গবেষণা ও জরিপ থেকে জানা যায়, গ্রামে প্রায় ৫০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কিস্তির ঋণের সঙ্গে যুক্ত। অন্যদিকে শহর এলাকায় এই হার প্রায় ৩০ শতাংশ।

    এই বাস্তবতা আমাদের বোঝায় ঋণ এখন আর শুধু ব্যবসায়িক সম্প্রসারণ বা ভবিষ্যতের বিনিয়োগ নয়—এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের বেঁচে থাকার উপায়। বিশেষ করে গ্রামের মানুষ যখন পর্যাপ্ত কর্মসংস্থান, সঠিক দাম এবং ন্যায্য মজুরি পান না, তখন ঋণই তাদের শেষ ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু এই ভরসা অনেক সময় হয় দুর্ভোগের কারণ, যখন তারা সময়মতো কিস্তি শোধ করতে না পেরে আরও চাপে পড়ে যান।

    নীতিনির্ধারণী পদক্ষেপের প্রয়োজনীয়তা: বাংলাদেশের জনগণের একটি বড় অংশ যখন ঋণের বোঝায় জর্জরিত, তখন এই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ।
    প্রথমতঃ দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে। বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, মজুদদারদের দমন এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করা গেলে মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যাবে, ফলে ঋণের ওপর নির্ভরতা আরও বাড়বে।

    দ্বিতীয়ত: মানুষের আয় বাড়ানোর উপায় তৈরি করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা উৎপাদনমুখী কাজ ও উদ্যোক্তায় রূপ নিতে পারে। কর্মসংস্থান বৃদ্ধিই দীর্ঘমেয়াদে ঋণনির্ভরতা কমাতে সহায়ক হতে পারে।

    বর্তমানে মোবাইলভিত্তিক অ্যাপ ও এনজিওদের মাধ্যমে সহজে ঋণ দেওয়া হচ্ছে। এতে অনেক মানুষ না বুঝেই একাধিক ঋণ নিয়ে চক্রে পড়ে যাচ্ছেন। তাই ঋণ ব্যবস্থায় স্বচ্ছতা ও একটি নিয়ন্ত্রক কাঠামো থাকা জরুরি, যা গ্রাহকদের ক্ষমতার বাইরে ঋণ নেওয়া থেকে বিরত রাখবে এবং প্রতারক ঋণদাতাদেরও নিয়ন্ত্রণে আনবে। এছাড়া মানুষকে ঋণ নেওয়ার আগে আর্থিক শিক্ষায় সচেতন করা প্রয়োজন। ব্যাংক ও এনজিওদের উচিত ঋণদানের পাশাপাশি গ্রাহকদের আয়-ব্যয়ের হিসাব বুঝতে সাহায্য করা এবং পরিশোধ সক্ষমতা যাচাই করা।

    সবশেষে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য অস্থায়ী হলেও কার্যকর কিছু সহায়তা প্রয়োজন। বিশেষ করে রেশন কার্ড, খোলাবাজারে কম দামে খাদ্য (ওএমএস), নগদ অর্থ সহায়তা বা ভর্তুকির মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও বিস্তৃত ও সহজলভ্য করতে হবে। এই সমস্যার গভীরতা ও বিস্তার বিবেচনায় সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় এবং দায়বদ্ধতা বাড়ানো এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। না হলে ঋণের ভারে জনগণের জীবন আরও অনিশ্চয়তার দিকে ধাবিত হবে।

    বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য ভেঙে পড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, স্থবির আয় এবং সহজ ঋণের ফাঁদ—সব মিলিয়ে সাধারণ মানুষ এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ নিত্যপ্রয়োজন মেটাতে গিয়ে বাধ্য হয়ে কিস্তির ঋণ নিচ্ছে। যার পরিণতিতে তারা মানসিক, আর্থিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই নীতিমালা—যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, আর্থিক সচেতনতা এবং সামাজিক নিরাপত্তা বলয়ের মতো দিকগুলোতে গুরুত্ব দেওয়া হবে। ঋণ যেন মানুষের জীবন পরিচালনার সহায়ক হয়, জীবন দুর্বিষহ করে না তোলে—সেই নিশ্চয়তা দিতেই হবে। মানুষের জীবন যেন শুধুই কিস্তির হিসাব না হয়ে দাঁড়ায়, বরং তারা যেন স্বপ্ন দেখতে পারে, সম্মানের সঙ্গে বাঁচতে পারে—এই দিকেই আমাদের এগিয়ে যেতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.