২০২৪–২৫ অর্থবছরে দেশে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত অর্থের প্রবাহ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক পরিমাণ প্রবাসী আয় এসেছে বাংলাদেশে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন করনীতিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। প্রস্তাব অনুযায়ী, অভিবাসীদের পাঠানো প্রবাসী আয়ের ওপর ৫ শতাংশ হারে কর আরোপ করা হবে। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে এই প্রস্তাবিত আইন হাউস বাজেট কমিটিতে ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিক ছাড়া বাকি সব অভিবাসীর পাঠানো রেমিট্যান্সের ওপর কর প্রযোজ্য হবে। গ্রিন কার্ডধারী ও এইচ-১বি ভিসাপ্রাপ্তরাও করের আওতায় পড়বেন। এমনকি কোন ন্যূনতম সীমা না থাকায় অল্প অঙ্কের অর্থ পাঠালেও সেটিতে কর বসবে।
এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রবাসী আয়ের ওপর সরাসরি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা। তবে কেউ কেউ আশাবাদী যে, এতে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় ধরণের প্রভাব পড়বে না। তাদের মতে, প্রবাসী আয় প্রেরণের বৈশ্বিক কাঠামো গত কয়েক বছরে বদলে গেছে। বর্তমানে বড় এক্সচেঞ্জ হাউসগুলো বিভিন্ন উৎস দেশ থেকে প্রবাসী আয় সংগ্রহ করে তা যুক্তরাষ্ট্রের মাধ্যমে গন্তব্য দেশে পাঠায়। যদি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি পাঠানো আয় করের আওতায় পড়ে তবে আবারও উৎস দেশ থেকে সরাসরি প্রেরণের পথ বেছে নেওয়া হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে ১৪৪ দশমিক ৪৯ কোটি মার্কিন ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ১৮ শতাংশ। পুরো প্রান্তিকে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৮০১ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ৬২৭ কোটি ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮ শতাংশ। শুধু এপ্রিল মাসেই যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৩ কোটি ৭ লাখ ডলার, যা নিয়ে অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে আসা মোট রেমিট্যান্স দাঁড়ায় ৪২৭ কোটি ডলারে।
যুক্তরাষ্ট্রের পর প্রবাসী আয় প্রাপ্তিতে দ্বিতীয় স্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে প্রথম তিন মাসে এসেছে প্রায় ১০৯ কোটি ডলার। এরপর রয়েছে সৌদি আরব (১০৫ কোটি), যুক্তরাজ্য (৯৭ কোটি), মালয়েশিয়া (৬৩ কোটি), কুয়েত (৪৬ কোটি), ওমান (৪৪ কোটি), ইতালি (৪০ কোটি) ও কাতার (৩১ কোটি ডলার)।
প্রবাসী আয় বৃদ্ধির পেছনে কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এদের মধ্যে রয়েছে হুন্ডি বা অনানুষ্ঠানিক পথে অর্থ প্রেরণ কমে যাওয়া, ব্যাংকগুলোর দেওয়া প্রতিযোগিতামূলক বিনিময় হার, সরকার ঘোষিত প্রণোদনার সহজলভ্যতা এবং ঈদুল ফিতরের মতো সময়ে প্রবাসীদের অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ডলার বিনিময় হারের মধ্যে ব্যবধান কমে আসায় এখন অধিকাংশ প্রবাসী বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন।
২০২৩ সালের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসী আয়ের প্রধান উৎস হিসেবে উঠে এসেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রামসহ বড় বড় এক্সচেঞ্জ কোম্পানিগুলো বিভিন্ন দেশের ছোট প্রতিষ্ঠান থেকে রেমিট্যান্স সংগ্রহ করে তা একত্র করে নির্দিষ্ট একটি দেশের মাধ্যমে পাঠায় একে বলা হয় অ্যাগ্রিগেটেড মডেল। যুক্তরাষ্ট্র হয়ে অনেক সময় এসব অর্থ গন্তব্য দেশে আসে। ফলে সেখানে কর বসালে প্রতিষ্ঠানগুলো আবার উৎস দেশ থেকেই অর্থ পাঠানোর পথ খুঁজতে পারে।
তবু বিষয়টি নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী এ বিষয়ে বলেন, “দেশের অর্থনীতির জন্য প্রবাসী আয় একটি ইতিবাচক দিক। যুক্তরাষ্ট্র বর্তমানে এই আয়ের একটি বড় উৎস। এমন সময়ে যদি সে দেশ আয় প্রেরণে কর আরোপ করে তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। এখন থেকেই আমাদের বিকল্প পথ খুঁজে বের করতে হবে এবং প্রবাসীদের জন্য আরও কার্যকর প্রণোদনা পরিকল্পনা নিতে হবে যাতে এর নেতিবাচক প্রভাব সীমিত রাখা যায়।”
বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে দেশটির প্রস্তাবিত করনীতি বাস্তবায়িত হলে তা কেবল আয় প্রবাহে নয় সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাই এখনই প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা ও কৌশলগত প্রস্তুতির।

