বিদেশে ভাষা শিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শিক্ষা কিংবা পেশাগত ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে শিক্ষার্থীরা সরাসরি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় ফি পাঠাতে পারবেন। এর জন্য আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (২২ মে) জারি করা এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে আরও উল্লেখ করা হয়, ভাষা শিক্ষা কোর্সে ভর্তির ক্ষেত্রে পূর্বে যেটি ব্যাচেলর ডিগ্রির শর্তসাপেক্ষ ছিল, সেটিও এখন থেকে আর প্রযোজ্য হবে না। ফলে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষ করেও অনেক শিক্ষার্থী এখন বিদেশে গিয়ে ভাষা শেখার সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এতদিন শুধুমাত্র ব্যাচেলর বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এবং এসব কোর্সে ভর্তির পূর্বশর্ত হিসেবে কিছু নির্দিষ্ট কোর্সে ফি পাঠানোর অনুমতি ছিল। কিন্তু ভাষা শিক্ষা কোর্সের ক্ষেত্রে সরাসরি ফি পাঠানো নিয়ে কিছু জটিলতা ছিল যা এই নতুন নির্দেশনার মাধ্যমে দূর হলো।
বিদেশে কর্মসংস্থানের সুযোগ খোঁজার ক্ষেত্রে ভাষা শিক্ষা কোর্স এক গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কিছু দেশে ভাষা শিক্ষার আনুষ্ঠানিক সনদ থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এমনকি এসব ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির সহায়তা ছাড়াও চাকরির সুযোগ সৃষ্টি হয়, যা বিদেশগামীদের খরচ কমাতে সহায়ক ভূমিকা রাখে।
অভিবাসন বিশ্লেষকরা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে বিবেচনা করছেন। তাদের মতে, এটি শুধু বিদেশে পড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য নয়, বরং বৈদেশিক শ্রমবাজারে প্রবেশের নতুন পথ খুলে দেবে। একইসঙ্গে এ সিদ্ধান্ত দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এই পরিবর্তন দেশের তরুণদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ফলে ভাষা শিক্ষাকে কেন্দ্র করে শিক্ষা ও কর্মসংস্থানের বৈশ্বিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

