জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দসহ কৃষকের স্বার্থে ১২ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি তুলে ধরে সংগঠনটি। সমাবেশ শেষে একটি মিছিল অর্থ উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে যাত্রা করে এবং সেখানে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বজলুর রশীদ ফিরোজ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি জয়নাল আবেদীন মুকুল, শফিউর রহমান শফি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু ও অ্যাডভোকেট আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে বজলুর রশীদ ফিরোজ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম হলেও দীর্ঘদিন ধরে এ খাতটি চরম অবহেলার শিকার হয়ে আসছে। দেশের মোট শ্রমশক্তির ৪৫ শতাংশ এবং গ্রামীণ নারীদের প্রায় ৬০ শতাংশ কৃষিতে নিয়োজিত। কৃষি খাত দেশের জিডিপিতে ১১ দশমিক ২ শতাংশ অবদান রাখলেও সরকারের দৃষ্টিতে এ খাতটি অগ্রাধিকার পায় না। তার মতে, কৃষি ও কৃষক কিংবা ক্ষেতমজুরের জীবনমান সুরক্ষিত না হলে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
তিনি বলেন, একদিকে কৃষি উপকরণের দাম বেড়ে চলেছে অন্যদিকে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এই বৈষম্যের কারণে প্রতিবছর প্রায় ১১ লাখ কৃষক ভূমি হারিয়ে ভূমিহীন হয়ে পড়ছেন। বাজারে ভেজাল সার, বীজ ও কীটনাশকের ছড়াছড়ি কৃষকদের ফসল ও আয় উভয়ই ক্ষতিগ্রস্ত করছে। ক্ষেতমজুরদের বছরে গড় কাজের দিন ১৮০ দিনেরও কম ফলে তারা টিকে থাকার জন্য সংগ্রাম করছেন। সেই সঙ্গে ‘আমি রেটে’ রেশনিং ব্যবস্থার দাবিও বছরের পর বছর অবহেলিত রয়ে গেছে।
সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি খাতকে অগ্রাধিকার দিতে হবে। সেই লক্ষ্যেই তারা জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন ব্যয়ের ৪০ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন।
ফ্রন্টের উপস্থাপিত ১২ দফা দাবির মধ্যে রয়েছে জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা, কৃষি শ্রমিকদের রেজিস্ট্রেশন কার্ড, রেশন ও স্বাস্থ্যসেবা প্রদান, ভূমিহীন ও বর্গাচাষিদের কৃষি কার্ড দেওয়া এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। সারা বছর কাজের নিশ্চয়তা ও ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালুর পাশাপাশি শ্রমিকদের দৈনিক ৮০০ টাকা মজুরি নির্ধারণের দাবি করা হয়েছে। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপদ বাসস্থান ও হাওর-জলাভূমি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূরীকরণ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসক, ১০ শয্যার হাসপাতাল ও সিজার সুবিধাসহ পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। কৃষি উপকরণ যথাসময়ে ও ন্যায্যমূল্যে সরবরাহ, বিএডিসিকে কার্যকর করা এবং ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ফসল ক্রয়ের দাবি জানানো হয়েছে। চলতি মৌসুমে অন্তত ৫০ লাখ টন ধান খোদ কৃষকদের কাছ থেকে কেনার আহ্বান জানানো হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা, সরকারি খাস জমি সমবায়ের মাধ্যমে ভূমিহীনদের মাঝে বিতরণ এবং তাদের জন্য আবাসনের দাবি তোলা হয়েছে।
এছাড়া দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, বিনা সুদে কৃষিঋণ প্রদান এবং সব ধরনের হয়রানি বন্ধে সার্টিফিকেট মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানানো হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ‘আর্মি রেট’-এ রেশন সরবরাহ করার দাবি করা হয়েছে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও দলীয়করণ বন্ধ এবং এনজিও ঋণের উচ্চ সুদের হার কমিয়ে হয়রানি বন্ধেরও দাবি জানানো হয়েছে। সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন, তাদের সাংবিধানিক স্বীকৃতি এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, কৃষি ও কৃষকের প্রতি রাষ্ট্রের অবহেলা বন্ধ করে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করলেই দেশের অর্থনীতি টেকসইভাবে এগিয়ে যেতে পারবে। জাতীয় বাজেটের আগে এই দাবিগুলো বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার প্রত্যাশা করে আন্দোলনের ঘোষণা দেন তারা।

