অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়সহ দেশের অর্থনীতি বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, “অনেকে আমাদের সমালোচনা করেন, অথর্ব বলেন। সমালোচনা ঠিক আছে, কিন্তু এসব কথা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে।”
আজ শুক্রবার সকালে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত “বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড–২০২৫” এর জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাজেট প্রসঙ্গে বলেন, “এই বাজেটে করছাড়ের অনেক বিষয় রয়েছে। বাজেট ঘোষণার পরদিনই আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। সাধারণ মানুষের চাহিদা বা সামাজিক পছন্দের সমন্বয় করাটা সহজ নয়। তবে আইএমএফ যা চাপিয়ে দিতে চেয়েছিল, সেটা পুরোপুরি কার্যকর করতে হয়নি। আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী।
হোসেন জিল্লুর রহমান বলেন, “অর্থনীতি একটি প্রায়োগিক বিজ্ঞান। আমরা চেষ্টা করছি স্কুল-কলেজ পর্যায় থেকেই অর্থনীতিকে জনপ্রিয় করতে। এবার ২০ হাজার প্রতিযোগী ছিল, যা প্রমাণ করে এই অলিম্পিয়াড ক্রমেই একটি জাতীয় মনোযোগের কেন্দ্রে পরিণত হচ্ছে।”
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “প্রতি দশকে আমাদের প্রবৃদ্ধি ১ শতাংশ করে বাড়লেও তা সবার কাছে পৌঁছায়নি। ফলে বৈষম্য বেড়েছে, কর্মসংস্থানের সুযোগ বাড়েনি, বরং তরুণ বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। গত আড়াই বছর ধরে জনগণ উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে। অর্থনীতির একমুখী রাজনৈতিক পরিচালনা সমাজকে পিছিয়ে দিচ্ছে।”
মূল প্রবন্ধে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “গত ৯ মাসে হয়তো বড় কোনো অর্জন আসেনি, তবে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে, টাকা পাচার বন্ধ হয়েছে—এটাই বড় অর্জন। তবে রাজনৈতিক অনিশ্চয়তা আবার বাড়ছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করছে।”
এবারের ইকোনমিকস অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্থান থেকে ২০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্যায়ে পাঁচজন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়, যাদের স্মার্টফোন ও ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়। এই পাঁচজন আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

