অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতিতে এনবিআর সংশ্লিষ্ট অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস এবং কর্মকর্তাদের প্রতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানকে সাধুবাদ জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে এই বিবৃতি তাদের চার দফা মূল দাবির সুনির্দিষ্ট প্রতিফলন না থাকায় পরিষদ জানিয়েছে, তারা তাদের দাবিতে অটল রয়েছে।
বৃহস্পতিবার এক পাল্টা বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, অর্থ মন্ত্রণালয়ের সদিচ্ছার প্রশংসা করলেও “রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫”–এর বিরোধিতায় তাদের আন্দোলন চলবে যতদিন না সরকার তাদের দাবিগুলোর ব্যাপারে পরিষ্কার ও নিশ্চিত অবস্থান নেয়।
পরিষদের দাবি অনুযায়ী, এখনো চারটি মৌলিক দাবির কোনোটির প্রতিই কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে পাওয়া যায়নি। দাবিগুলো হলো:
- অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা
- এনবিআর চেয়ারম্যানকে অপসারণ
- রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ
- সকল অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার
বিবৃতিতে তারা আরও উল্লেখ করে, “আমরা আগেও বলেছি, এনবিআর বিলুপ্তির পক্ষে নই। বরং এটি একটি স্বাধীন ও দক্ষ রাজস্ব এজেন্সি হিসেবে গড়ে তোলার পক্ষে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায়নি।”
তারা দাবি করেছে, এই আন্দোলন হঠাৎ শুরু হয়নি বরং যথেষ্ট সময় ও ধৈর্য নিয়ে ধাপে ধাপে কর্মসূচি চালানো হয়েছে, এবং মাঝে মাঝে তা স্থগিতও রাখা হয়েছে দেশের মানুষের ভোগান্তি বিবেচনায়। পরিষদের মতে, “সরকার যদি শুরু থেকেই আজকের মতো সদিচ্ছা দেখাতো, তাহলে পরিস্থিতি এতটা জটিল হতো না।”
পরিষদ আশাবাদ ব্যক্ত করেছে, “দেরিতে হলেও সরকারের সদিচ্ছার সূচনা আমরা স্বাগত জানাই। তবে আমাদের চারটি যৌক্তিক দাবির ব্যাপারে সুনির্দিষ্ট অঙ্গীকার ছাড়া আমরা কর্মসূচি বন্ধ করবো না।”
বিবৃতির শেষ অংশে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি আগামী ২৪ মে (শনিবার) থেকে কার্যকর থাকবে।

