বাংলাদেশ প্রথমবারের মতো কাতারের দোহায় আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ফল মেলা—‘বাংলাদেশি ফল মেলা ২০২৫’। বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশ সপ্তম স্থানে থাকলেও রপ্তানিতে এখনো পিছিয়ে রয়েছে। অথচ বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাজা ফলের বাজার দিন দিন প্রসারিত হচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবং বাংলাদেশি ফলের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে।
মেলাটি অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত কাতারের দোহার অন্যতম বাণিজ্যিক এলাকা সুক ওয়াকিফে। এখানে থাকবে ৬০টি ফল ও কৃষিপণ্যের স্টল, যেখানে আম, লিচু, কাঁঠাল, জামসহ নানা মৌসুমি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। আয়োজকেরা আশা করছেন, মেলায় প্রায় পাঁচ লাখ কেজি ফল বিক্রি হবে। বাংলাদেশের উদ্যোক্তারা তুলনামূলক কম খরচে মেলায় অংশ নিতে পারবেন, যা তাদের জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে।
এই আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এম্পিরিক রিসার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সোহেল রানা জানিয়েছেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের কৃষি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেওয়া। কাতারের শীর্ষ আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলার মাধ্যমে এটি দেশের ফল রপ্তানির ইতিহাসে এক যুগান্তকারী মোড় ঘোরাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশি আম ও অন্যান্য মৌসুমি ফলের মধ্যপ্রাচ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। এই ফল মেলার মাধ্যমে শুধু কাতার নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে দেশের কৃষিপণ্যের পরিচিতি ও চাহিদা আরও বাড়বে বলে তারা আশাবাদী। মেলার মাধ্যমে ফল রপ্তানিতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

