রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। শুক্রবার (২৩ মে) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
দু-এক সপ্তাহ আগেও বেশিরভাগ সবজির দাম ছিল ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। কিন্তু আজকের বাজারে এসব সবজির দাম নেমে এসেছে ৫০ থেকে ৬০ টাকার ঘরে। যেমন— করলা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা ৬০, ঢেঁড়স ৫০, ধুন্দল ৬০, মুলা ৫০, বেগুন ৬০, পটল ৫০, ঝিঙ্গা ৫০ এবং কঁচুর লতি ৬০ টাকায়।
বরবটি প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পেঁপে ৬০, কলা প্রতি হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে তুলনামূলক দামি সবজি হিসেবে কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা এবং মৌসুম শেষে টমেটোর দাম ৭০ টাকায় উঠে গেছে।
মালিবাগ বাজারে বাজার করতে আসা চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, “ঈদের পর থেকে সবজির দাম যেভাবে বাড়ছিল, এখন সেটা কিছুটা কমেছে। আগের ৭০-৮০ টাকার সবজি এখন ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে, যা স্বস্তিদায়ক।”
মগবাজারের ক্রেতা শহীদুজ্জামান বলেন, “আজকের বাজারে সবজির মধ্যে কাঁকরোলই সবচেয়ে দামি, ৮০ টাকা কেজি। টমেটোর দামও বেড়েছে। তবে অন্যান্য সবজির দাম আগের তুলনায় অনেকটাই কম।”
সবজি বিক্রেতারাও বলছেন, পাইকারি দামে কমে যাওয়ার ফলে এখন তারা তুলনামূলক সস্তায় বিক্রি করতে পারছেন। মহাখালী বাজারের আমিনুল ইসলাম বলেন, “আগে যখন দাম বেশি ছিল, তখন ক্রেতারা কম কিনত। এখন দাম কম, তাই বিক্রিও বেশি হচ্ছে।”
রামপুরার বিক্রেতা জাহিদুর রহমান বলেন, “বেশিরভাগ সবজি এখন ৫০-৬০ টাকার মধ্যেই রয়েছে। কেবল কাঁকরোল ও টমেটোর দাম কিছুটা বেশি। তবে বাজারে এখন ক্রেতা অনেক বেশি, কেনাবেচাও ভালো হচ্ছে।”
সব মিলিয়ে রাজধানীর বাজারে সবজির দামে এই স্বস্তি সাধারণ মানুষের খাদ্য ব্যয় কিছুটা হলেও হালকা করেছে, যা দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই।

