যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক নীতির প্রভাব পড়তে যাচ্ছে উন্নয়নশীল দেশগুলোর ওপর। এতে সবচেয়ে বেশি চাপ তৈরি হতে পারে বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিতে। বাড়তে পারে পোশাক ও কৃষিপণ্যের রপ্তানি খরচ।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকটাডের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ‘স্প্যারিং দ্য ভালনারেবল: দ্য কস্ট অব নিউ ট্যারিফ বার্ডেনস’ শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, প্রায় এক শতাব্দী ধরে চলে আসা বৈশ্বিক বাণিজ্যব্যবস্থায় এই পরিবর্তন একটি বড় ধাক্কা।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতির মাত্র শূন্য দশমিক ৩ শতাংশের জন্য দায়ী হলেও, নতুন শুল্কনীতিতে দেশটির রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে মার্কিন বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়বে, বিশেষ করে পোশাক ও কৃষিপণ্যের ক্ষেত্রে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আমদানির ওপর ১০ শতাংশ হারে সাধারণ শুল্ক আরোপ করলেও, আগামী জুলাই থেকে দেশভিত্তিক অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। এর ফলে বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে এই হার ৪৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যা সরাসরি দেশের রপ্তানিনির্ভর খাতগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যদিও শুল্ক কার্যকরের জন্য আপাতত ৯০ দিনের এক স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তবে এতে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা পুরোপুরি দূর হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। ট্যারিফ রিলিফ নীতিমালা কার্যকর এবং সহজ শর্তে বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে না পারলে, বৈশ্বিক বাণিজ্যে নতুন বৈষম্যের সৃষ্টি হবে। যা ভবিষ্যতে আন্তর্জাতিক উন্নয়নকেও ব্যাহত করতে পারে।
এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও শক্তিশালী করতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী বাজেটে ১০০টি মার্কিন পণ্যে শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমাতে কূটনৈতিক ও বাণিজ্যিক সুবিধা আদায়ের চেষ্টা চলছে।
বিশ্লেষকদের মতে, সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ না নিলে এ ধরনের শুল্কবাঁধা বাংলাদেশের রপ্তানিকে বড় ধরনের চ্যালেঞ্জে ফেলে দিতে পারে।

