চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ অর্থনীতির কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে। এর একটি প্রমাণ মিলেছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের আমদানি কার্যক্রমে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি বেড়েছে ৬ দশমিক ৩৩ শতাংশ।
চট্টগ্রাম কাস্টম হাউসের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এই সময়ের মধ্যে মোট ৭ কোটি ৮৭ লাখ টন পণ্য আমদানি হয়েছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৭ কোটি ৪০ লাখ টন। শুধু পরিমাণ নয়, শুল্কায়নযোগ্য মূল্যেও এসেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। চলতি অর্থবছরের দশ মাসে আমদানিকৃত পণ্যের মোট শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ দশমিক ৩৫ শতাংশ বেশি।

আমদানি-রপ্তানির আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে পণ্য চালানের সংখ্যা। চট্টগ্রাম কাস্টমসে এ সময় জমা পড়েছে ২৪ লাখ ১৫ হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এর মধ্যে শুধু আমদানির বিল অব এন্ট্রি দাখিল হয়েছে ৫ লাখ ৭৩ হাজার যেখানে আগের বছর ছিল ৫ লাখ। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১ হাজার ৯১০টি আমদানির চালান নিবন্ধিত হয়েছে যা স্থিতিশীল বাণিজ্যিক পরিবেশের ইঙ্গিত দেয়।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণপত্র (এলসি) খুলতে জটিলতা এবং বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে যে ধীরগতি তৈরি হয়েছিল তা কিছুটা কাটিয়ে উঠছে অর্থনীতি। মুদ্রানীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় আংশিক স্থিতিশীলতা ফেরায় বাণিজ্য কার্যক্রমে গতি ফিরেছে বলে মত বিশেষজ্ঞদের।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এই প্রসঙ্গে বলেন, ডলার সংকট ও এলসি সংক্রান্ত জটিলতা এখন অনেকটাই কমেছে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি এসেছে যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তবে তিনি সতর্ক করে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে।
আমদানি বাড়ায় সরাসরি প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। চলতি অর্থবছরের প্রথম দশ মাসে চট্টগ্রাম কাস্টমস থেকে রাজস্ব আদায় হয়েছে ৬২ হাজার ৮১৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৪ শতাংশ বেশি। কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, রাজস্ব আয় মূলত আমদানি নির্ভর। এলসি জটিলতা ও ডলার সংকট কমে আসায় আমদানিতে গতি ফিরেছে যার ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আয়েও।
এছাড়া, শুল্ক ফাঁকি, চোরাচালান ও জালিয়াতি রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ ইউনিটের ডেপুটি কমিশনার কাজী রায়হানউজ্জামান। তিনি বলেন, অনিয়মের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কার্যক্রম রাজস্ব ফাঁকি রোধে সহায়ক হয়েছে এবং বৈধ পণ্যের প্রবাহ নিশ্চিত করায় রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।
চলতি অর্থবছরের আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ের এই চিত্র সামগ্রিক অর্থনীতিতে একটি আশার বার্তা দিচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, এই গতি ধরে রাখতে হলে নীতিগত স্থিতিশীলতা, প্রশাসনিক সচলতা এবং আমদানি-রপ্তানির প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

