বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে দীর্ঘদিন ধরে চলমান ৪৫টি প্রকল্পে আগামী অর্থবছরে মাত্র এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রেলওয়ের লেভেল ক্রসিং গেট পুনর্বাসন, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন নির্মাণ, টেলিটক নেটওয়ার্ক উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। বিশেষজ্ঞরা বলছেন, নামমাত্র এই বরাদ্দে প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্ভব নয় বরং এটি ভবিষ্যতে ব্যয় বৃদ্ধি ও সময়সীমা বাড়ানোর সুযোগ তৈরি করছে যা জনগণের করের অর্থের অপচয় হতে পারে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “এটি একটি খারাপ অভ্যাস। সামান্য বরাদ্দ দিয়ে প্রকল্প বাঁচিয়ে রাখা উচিত নয়। বরাদ্দ বন্ধ হলে প্রকল্প থেকে কোনো উপকার পাওয়া যায় না সেটি তো প্রমাণিত।” তিনি আরও বলেন, “এবার ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ব্যতিক্রমী কিছু করবে কিন্তু নতুনত্ব কোথায়? কোনো পরিবর্তন এলো না।”
পরিকল্পনা সচিব ইকবাল আবদুল্লাহ হারুন বলেন, “বিষয়টি আমার মাথায় নেই। আমি তো এডিপির পুরো বই মুখস্থ রাখিনি। তবে কেন এত কম বরাদ্দ রাখা হয়েছে সে বিষয়টি আমি খুঁজে নিয়ে আপনাকে পরে জানাতে পারব।”
পরিকল্পনা কমিশন জানায়, রেলওয়ের পূর্বাঞ্চলীয় লেভেলক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পটির মোট ব্যয় ১৪৪ কোটি ৭৫ লাখ টাকা। ইতোমধ্যে চারবার সংশোধন করতে হয়েছে। এরপরও বাস্তবায়ন হচ্ছে না। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ আছে ১৪ কোটি ২৫ লাখ টাকা। আগামী অর্থবছরের নতুন এডিপিতে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র এক লাখ টাকা। গত জুন মাস পর্যন্ত প্রকল্পটির আওতায় খরচ হয়েছে ৯১ কোটি ৪৮ লাখ টাকা।
একই অবস্থা রেলের পশ্চিমাঞ্চলীয় লেভেলক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পেও। তবে এটি তিনবার সংশোধন করা হয়েছিল। আগামী অর্থবছরে জুটেছে এক লাখ টাকার বরাদ্দ। এটি চলছে ১০ বছর ধরে।
এদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইআইবির ঋণে বাস্তবায়ন হচ্ছে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন রেলপথ নির্মাণ এবং বিদ্যমান রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পটি। এটির মোট ব্যয় ৪ হাজার ৯৮৬ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ আছে ১৭৪ কোটি ৯১ লাখ টাকা। আগামী অর্থবছরের জন্য দেওয়া হয়েছে এক লাখ টাকা। এটি চলছে ১০ বছরের বেশি সময় ধরে।
টেলিটক নেটওয়ার্ক বিটিএস সাইটের ডিসি পাওয়ার ব্যাকআপ সিস্টেমের ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নেটওয়ার্ক সেবার মান উন্নয়ন প্রকল্পও পেয়েছে এক লাখ টাকার বরাদ্দ।
সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ বলেন, “উদ্দেশ্যমূলকভাবে এমন বরাদ্দ দিয়ে কোনোরকমে প্রকল্প বাঁচিয়ে রাখার চেষ্টা হতে পারে। যাতে আগামীতে সুযোগ এলেই ব্যয় বৃদ্ধি বা মেয়াদ বাড়িয়ে আবারও বরাদ্দ নেওয়া যায়। এভাবে প্রকল্প চালু রাখলে সংশ্লিষ্টদের অনেক ধরনের লাভ হয়ে থাকে। তবে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা উচিত। প্রয়োজন না থাকলে প্রকল্পগুলো বন্ধ করে দিলে ভবিষ্যতে এগুলোর পেছনে বাড়তি খরচের আশঙ্কা থাকে না।”
নামমাত্র বরাদ্দ পাওয়া কয়েকটি প্রকল্প হলো, বারহাট্টা উপজেলায় শিশুপার্ক নির্মাণ (বরাদ্দ তিন লাখ টাকা), কুষ্টিয়া জেলার গড়াই নদীর ওপর সেতু নির্মাণ (এক লাখ টাকা), খুলনার ভৈরব নদীর তীর সৌন্দর্যবর্ধন (এক লাখ টাকা), লেবুখালী-রামপুর-মির্জাগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ (আট লাখ টাকা), জামালপুর নকশিপল্লী (এক লাখ টাকা), শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিলস (এক লাখ টাকা), বিএমআর অব কেরু অ্যান্ড কোং বিডি লিমিটেড (এক লাখ টাকা), গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন (এক লাখ টাকা), বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চলে গবাদিপশুর জাত উন্নয়ন (এক লাখ টাকা) এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট (এক লাখ টাকা)।
বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রকল্পে নামমাত্র বরাদ্দ দিয়ে বাস্তবায়ন সম্ভব নয়। বরং এটি ভবিষ্যতে ব্যয় বৃদ্ধি ও সময়সীমা বাড়ানোর সুযোগ তৈরি করছে যা জনগণের করের অর্থের অপচয় হতে পারে।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, আগামী অর্থবছরে ১৩২১টি প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ১১৩৩টি বিনিয়োগ প্রকল্প, ২১টি সম্ভাব্যতা প্রকল্প, ৮৭টি কারিগরি সহায়তা প্রকল্প এবং 80টি স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের প্রকল্প রয়েছে।

