আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে বাজারভিত্তিক ডলারের বিনিময় হার কার্যকর করার পরামর্শ দেওয়ার পর থেকে দেশের ডলারের বাজারে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আন্তঃব্যাংক ও খোলাবাজারে ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ব্যবসায়ীরা নতুন করে সংকটের আশঙ্কা করছেন। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুরনো ডলার সংকট আবারও ফিরে আসতে পারে যা ব্যবসা-বাণিজ্য ও মূল্যস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান জানান, বাজারভিত্তিক বিনিময় হার কার্যকরের পর মধ্যস্বত্বভোগীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা ডলার মজুদ করে রেখে বাজারে ছাড়ছে না ফলে ডলারের দাম বাড়ছে। বৃহস্পতিবার আন্তঃব্যাংকে ডলারের লেনদেন হয়েছে ১২২ টাকা ৮০ পয়সার মধ্যে আর এলসি সেটেলমেন্ট হয়েছে ১২৩ থেকে ১২৩ টাকা ৫০ পয়সার মধ্যে। দাম নির্ভর করছে গ্রাহকের সক্ষমতার ওপর শক্তিশালী গ্রাহকরা কম দামে ডলার নিতে পারলেও দুর্বল গ্রাহকদের জন্য দাম বেশি রাখা হচ্ছে।
রাজধানীর মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকার মানি চেঞ্জারগুলোতে গিয়ে দেখা যায়, নোটিশ বোর্ডে প্রতি ডলারের বিক্রয় মূল্য ১২৪ টাকা লেখা থাকলেও ডলার পাওয়া যাচ্ছে না। কিছু কিছু জায়গায় ডলার পাওয়া গেলেও বিক্রি হচ্ছে ১২৭ টাকায়। ব্যবসায়ীরা জানান, খোলাবাজারে ডলারের চাহিদা বেড়েছে বিশেষ করে হজে যাওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংক বাজারের ওপর ডলারের দাম ছেড়ে দেওয়ায় বাজার উত্তপ্ত হয়ে উঠেছে।
বাংলাদেশ মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জামান বলেন, “আমরা কোনো নির্দেশনা পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংক থেকে যদি কিছু জানানো হয় তাহলে ভালো হতো।” তিনি আরও বলেন, “ব্যাংকের তুলনায় ক্যাশ ডলারের দাম সব সময় এক টাকা বা দুই টাকা বেশি হবে এটাই স্বাভাবিক।”
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, “বর্তমান প্রেক্ষাপটে ডলার বাজার উন্মুক্ত করে দেওয়ার ফলে ব্যবসায়ীদের নতুন করে চাপে পড়তে হবে। আমদানি কমবে বিনিয়োগ এমনিতেই নেই। এর ফলে বিনিয়োগে নতুন করে ধাক্কা খাবে।”
নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “রাজনৈতিক সংকটে ব্যবসায় স্থবিরতা চলছে। নতুন বিনিয়োগ হচ্ছে না। দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন করে এলসি খোলার চিন্তাই করা যাচ্ছে না।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডলারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে ব্যাংক খাতে খেলাপি ঋণ, বেনামি ঋণ, তারল্য সংকট, অব্যবস্থাপনাসহ নানা সমস্যা থাকলেও বৈদেশিক মুদ্রা ও রিজার্ভ ব্যবস্থাপনায় স্বস্তিতে আছে বাংলাদেশ ব্যাংক। কারণ ২০২২ সালের শুরুতে ডলারের দামে যে অস্থিরতা শুরু হয় তা থেমে গেছে। অর্থপাচার কমে আসায় বৈধ পথে প্রবাস আয় বাড়ছে। এতে রিজার্ভও বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “এটা রীতিমতো অন্যায়। এত বেশি দরে ডলার কেনাবেচার কোনো সুযোগ নেই, এ বিষয়টি আমরা দেখছি। যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিশেষজ্ঞরা বলছেন, ডলারের বাজার নিয়ন্ত্রণে দুবাই ও মধ্যপ্রাচ্যভিত্তিক কিছু সিন্ডিকেট গড়ে উঠেছে। এ জন্য বাজারের উচ্চমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন।
বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “আইএমএফের পরামর্শ ছিল পরীক্ষামূলকভাবে প্রথমে বাজারের ওপর ছেড়ে দিতে পারেন। যদি এর ফলে অস্থিরতা বেড়ে যায় তাহলে আবার ক্রলাবিং পেগে ফিরে আসা যেতে পারে। তবে এখন পরীক্ষা করে দেখার সময় এসেছে।”
ব্যাংকাররা মনে করেন, এখনো পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার সময় হয়নি। এমটিবি পিএলসির সিইও ও এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “যেদিন আমরা দেখব ইন্টারব্যাংক পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে এবং বাজার রেমিট্যান্সনির্ভর না হয়ে ইন্টারব্যাংকের ওপর নির্ভর করছে, তখন এই পদ্ধতিতে যাওয়া যৌক্তিক হবে। কিন্তু এখনো মাঝেমধ্যে ডলার সংকট দেখা দেয়, তাই এখনই এটি বাস্তবায়ন অনিশ্চয়তা তৈরি করতে পারে।”
গত বছরের ৮ মে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করে। তখন ডলারের ভিত্তিমূল্য ১০ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়। নির্ধারিত হয়, এই দামে ২ শতাংশ বেশি বা কমে ডলার কেনাবেচা করা যাবে। তবে কিছুদিন ১২০ টাকায় বিনিময় হলেও পরে তা বাড়তে বাড়তে ১২৬-১২৭ টায় পৌঁছে যায়।
এই ব্যবস্থাকে তুলে দিয়ে বিনিময় হার পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দিতে বলছে আইএমএফ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ডলারের দাম বাড়ানোর সুফল মিলবে কি না, তা নিশ্চিত নয়। ডলারের দাম বাড়লে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হলেও আমদানি ব্যয় বৃদ্ধি পাবে, যা মূল্যস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বর্তমান পরিস্থিতিতে ডলারের বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন। ব্যবসায়ীদের শঙ্কা ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরিণতি অস্থিরতা বাড়াতে পারে। তাই বাংলাদেশ ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের ওপর

