দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বর্তমানে এক অঘোষিত যুদ্ধের মুখে পড়েছেন। নানাভাবে তারা হয়রানির শিকার হচ্ছেন, যা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতির ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষত বড় ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ, দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া, এমনকি মব সৃষ্টির মাধ্যমে বাসা ও কোম্পানিতে হামলার মতো ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে।
অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে আর এতে সম্মত না হলে ভীতি প্রদর্শন করা হচ্ছে। কিছু ক্ষেত্রে হামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা চলছে। এমনকি শেয়ারবাজারেও ব্যক্তিগত ও কোম্পানির শেয়ারের বিপরীতে মামলা দিয়ে শেয়ারের দাম কমিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। কোনো কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগও তোলা হচ্ছে মিথ্যা ভিত্তিতে।
পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়েছে যে, অনেক ব্যবসায়ী চোখে অন্ধকার দেখছেন বলে জানিয়েছেন। অনেক শিল্প-কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে কর্মসংস্থান হারিয়েছে হাজার হাজার শ্রমিক। যদি এ ধারা অব্যাহত থাকে তাহলে দেশে বেকারত্ব আরও বাড়বে এবং সামাজিক অস্থিরতা চরমে পৌঁছাবে। অর্থনীতি পড়বে গভীর সংকটে।
জুলাই অভ্যুত্থানের পর থেকেই দেশের ব্যবসা-বাণিজ্য এক সংকটময় অবস্থায় আছে। তার ওপর যুক্তরাষ্ট্রে রপ্তানি ও রেমিট্যান্সে বাড়তি শুল্ক আরোপ, স্থলপথে বাণিজ্য স্থগিত এবং বৈশ্বিক বাজারে চাপ সবমিলিয়ে শিল্প খাত চরম হুমকির মুখে পড়েছে। এমন সময়েও দেশীয় শিল্পের সুরক্ষা না দিয়ে বরং বিদেশি কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যা স্থানীয় উদ্যোক্তাদের জন্য অত্যন্ত হতাশাজনক।
ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ট্রেডিং প্রতিষ্ঠানের আড়ালে বিদেশে অর্থপাচার হয়েছে সেসবের বিচার না করে বরং যারা দেশে শিল্প স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করেছেন তাদেরকেই হয়রানির শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতি শুধু বিনিয়োগ নিরুৎসাহিত করছে না বরং অনেক উদ্যোক্তা স্থায়ীভাবে আস্থা হারিয়ে ফেলছেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজিত এক আলোচনায় এই বাস্তবতা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, গত আগস্টে সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির যে প্রত্যাশা ছিল তা ভেঙে পড়েছে। বরং চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও পণ্য লুটের ঘটনা বেড়ে যাওয়ায় ছোট-বড় সব ধরনের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, বর্তমানে ব্যবসা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে তা শুধু বিনিয়োগেই নয় দেশের সামগ্রিক অর্থনৈতিক ভবিষ্যতকেই প্রশ্নের মুখে ফেলছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে বেকার সংখ্যা বর্তমানে ২৭ লাখ ৩০ হাজারে পৌঁছেছে। গত এক বছরে নতুন করে সোয়া তিন লাখ মানুষ বেকার হয়েছেন। চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪.৬৩ শতাংশে। এদিকে সরাসরি বিদেশি বিনিয়োগও (এফডিআই) কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে নিট এফডিআই ছিল ৮৬ কোটি ১০ লাখ ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম। দেশি বিনিয়োগেও একই চিত্র দেখা গেছে। ব্যাংক ঋণের চাহিদা হ্রাস পাওয়ায় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ফেব্রুয়ারিতে নেমে এসেছে ৬.৮২ শতাংশে যা আগের মাসে ছিল ৭.১৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বিআইডিএস-এর মহাপরিচালক ড. এম কে মুজেরি বলেন, বর্তমান পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যের জন্য কোনোভাবেই উপযোগী নয়। চাঁদাবাজি, মিথ্যা মামলা, হামলা, হয়রানি এসব ঘটনার কারণে শুধু অর্থনীতিই নয় সামাজিক অস্থিরতা বাড়ছে। বিনিয়োগ বন্ধ হচ্ছে উৎপাদন কমছে। এই বাস্তবতা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।
বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা মনে করছেন, এখনই যদি পরিস্থিতি স্বাভাবিক না করা যায় তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দুর্যোগের দিকে ধাবিত হবে। এ থেকে উত্তরণে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ এবং বিনিয়োগবান্ধব নীতিমালার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

