দেশের অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত চামড়া শিল্প বর্তমানে ত্রিমুখী সংকটে পড়েছে। একদিকে উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে রপ্তানি কমেছে এবং আন্তর্জাতিক বাজারে দাম পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধের প্রভাব, যা বিশেষ করে চীনের বাজারে বাংলাদেশের চামড়ার রপ্তানিকে আরও কঠিন করে তুলেছে। এমন প্রেক্ষাপটে আসন্ন ঈদকে ঘিরে ট্যানারি মালিকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়।
শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার সুযোগ নিয়ে চীনের আমদানিকারকরা ১০–১৫ শতাংশ মূল্যছাড় দাবি করছেন। অথচ ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া সংগ্রহে ট্যানারি মালিকদের নগদ অর্থের প্রয়োজন যা না থাকায় তারা হিমশিম খাচ্ছেন। বর্তমানে ১০০ থেকে ১২০টি কনটেইনারে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানির অপেক্ষায় রয়েছে তবে চীনা ক্রেতাদের ছাড়পত্র না পাওয়ায় তা রপ্তানি করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সালমা ট্যানারির মালিক মো. সাখাওয়াত উল্লাহ জানিয়েছেন, গত বছর সংগৃহীত পশুর চামড়ার প্রায় ২৫–৩০ শতাংশ এখনো অবিক্রিত অবস্থায় রয়েছে। ঈদের মৌসুমে চামড়া সংগ্রহে বিপুল নগদের প্রয়োজন থাকলেও বাজারে ক্রেতাদের চাপ ও মূল্যহ্রাসের দাবি উদ্যোক্তাদের সমস্যায় ফেলেছে। তার ভাষায়, “আমরা এমনিতেই উৎপাদন খরচ তুলতে পারছি না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রধান বাজার এখন চীন কারণ আমাদের ট্যানারিগুলো আন্তর্জাতিক সংস্থা এলডাব্লিউজির (LWG) সনদ পায়নি। ফলে বিকল্প বাজার না থাকায় চীনা ক্রেতারা সুযোগ নিচ্ছেন।” তিনি জানান, শ্রমিকের মজুরি, লবণের দাম এবং ব্যাংক সুদের হার সবকিছুই বেড়ে গেছে। শ্রমিকের ন্যূনতম মজুরি এখন ১৮,৫০০ টাকা, যা আগে ছিল ১৩,৫০০। লবণের দাম প্রতি বস্তায় ৭০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,০০০ টাকায়। এই ঈদ মৌসুমে চামড়া সংরক্ষণে এক লাখ মেট্রিক টন লবণ প্রয়োজন।
তবে বিসিক লবণ সেলের প্রধান ও উপমহাব্যবস্থাপক সরোয়ার হোসেন লবণের দাম বৃদ্ধির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “মাঠ পর্যায়ে লবণের দাম কমেছে। কক্সবাজারে গত বছর মনপ্রতি দাম ছিল ৩০০ টাকা যা এ বছর ২৭০ টাকা। মিল পর্যায়ে প্রতি কেজি ১৩ টাকা দরে সারা দেশে লবণ সরবরাহ করা হচ্ছে যা গত ঈদে ছিল ১৮ টাকা।”
চামড়া রপ্তানির হ্রাসও চাহিদা কমে যাওয়ার প্রমাণ দিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে চামড়া রপ্তানি ৮.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৭.৬১ মিলিয়ন ডলারে যেখানে গত অর্থবছরে তা ছিল ১১৭.২৭ মিলিয়ন ডলার।
বিসিক চামড়া শিল্প নগরীর এক কারখানার তথ্য অনুসারে, ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে প্রতিষ্ঠানটি ৫৪ লাখ ১৩ হাজার ৫৯ বর্গফুট চামড়া রপ্তানি করে আয় করেছে ৩৯.৩৭ কোটি টাকা, যেখানে আগের বছর রপ্তানির পরিমাণ ছিল ৭৬ লাখ ৫৯ হাজার ৫৯২ বর্গফুট, আয় ৬৩.৬ কোটি টাকা। এতে গড় মূল্য হ্রাস পেয়েছে ১০.৩৪ টাকা বা ১২.৪৪ শতাংশ, এবং মোট রপ্তানি আয় কমেছে ৩৮.১২ শতাংশ।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও এবিএস ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসাইন জানান, “গত বছর যে চামড়া আমরা ১.৪০ ডলারে রপ্তানি করেছি, সেটি এখন বিক্রি হচ্ছে ০.৪৫ ডলারে। গত বছরও দাম ছিল ০.৭৫ ডলার।” তিনি আরও বলেন, “আমার কারখানায় ৮ লাখ স্কয়ার ফুট চামড়া শিপমেন্টের অপেক্ষায় রয়েছে। বায়ারদের গ্রিন সিগনাল না মেলায় তা পাঠানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে অর্থসংকট চরমে উঠেছে।”
তাজিন লেদার করপোরেশনের মালিক ও বিটিএ’র ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান জানান, “এ বছর কাঁচা চামড়ার দাম বাড়লে সংকট আরও তীব্র হবে। গত বছর যে চামড়া ৭০–৭২ সেন্টে বিক্রি করেছি, তা এ বছর শুরু হচ্ছে ৪৫ সেন্ট থেকে।” তিনি আরও বলেন, “দেশের ফুটওয়্যার খাতে ব্যবহৃত ৯০ শতাংশ চামড়া বন্ড সুবিধায় আমদানি করা হয়, ফলে দেশীয় চামড়ার চাহিদা কম। কেমিকেলের দামও অস্বাভাবিক হারে বেড়েছে—ক্রোমিয়ামের দাম ১২৮–১৩০ টাকা থেকে বেড়ে ২৮০ টাকা হয়েছে।”
ব্যবসায়ীরা মনে করেন, এলডাব্লিউজি সনদ ছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন। তারা সরকারের কাছে সিইটিপি এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের দাবি জানাচ্ছেন যা এলডাব্লিউজি অর্জনে সহায়ক হবে।
ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম শাহনেওয়াজ জানিয়েছেন, এলডাব্লিউজি সনদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কাজ শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১৫ মাসব্যাপী একটি প্রকল্প চালু হয়েছে যার আওতায় সিইটিপির ক্যাপাসিটি, ডিজাইন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল্যায়ন করা হবে। পাশাপাশি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ১০ কোটি টাকার একটি সেইফ ল্যান্ডফিল নির্মাণের কাজ শুরু হয়েছে, যা ধলেশ্বরী নদী ও পার্শ্ববর্তী পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোলাম শাহনেওয়াজ আরও জানান, এলডাব্লিউজি সনদে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত ১৫০ নম্বরের একটি অংশ রয়েছে, যা সেইফ ল্যান্ডফিল বাস্তবায়িত হলে অর্জন করা সম্ভব হবে। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান প্রতিদিন শেভিং ডাস্ট থেকে ক্রোম পৃথক করে প্রোটিন উৎপাদনের কাজ শুরু করেছে।
সিইটিপির সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি উন্নয়নের পাশাপাশি ঈদ সামনে রেখে ওভারহোলিং চলছে। অতিরিক্ত চামড়ার চাপ সামাল দিতে ঢাকার বাইরে দুই সপ্তাহ পর্যন্ত চামড়া সংরক্ষণ ও রেশনিং ভিত্তিতে কারখানা পরিচালনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তার দাবি, “অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সিইটিপির অবস্থা অনেক ভালো” যা ভবিষ্যতে এলডাব্লিউজি অর্জনের পথকে প্রশস্ত করবে।
সব মিলিয়ে দেশের চামড়া শিল্প এক কঠিন সময় পার করছে। এই খাতকে বাঁচাতে সরকার, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি। নাহলে এক সময়কার রপ্তানিমুখী সম্ভাবনাময় এই খাত তার অস্তিত্ব সংকটে পড়ে যাবে।


