আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য একটি বাস্তবমুখী ও জনকল্যাণমূলক বাজেট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা থাকবে। তবে সচিবালয় ও রেশন ভাতা একইসঙ্গে প্রদান সম্ভব হচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, একসঙ্গে সচিবালয় ও মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। সচিবালয় কর্মীরা যেমন ভাতা দাবি করছেন, তেমনি বাইরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও একই ধরনের সুবিধা প্রত্যাশা করছেন। ফলে একপেশে ভাতা প্রদান করলে বৈষম্য সৃষ্টি হবে। রেশন সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ ও বিজিবির মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরেই এই সুবিধা পেয়ে আসছে। এ বাহিনীগুলোর কাজের ধরন স্বাভাবিক নয়; তারা প্রায়ই নির্ধারিত সময়ের বাইরে কাজ করেন এবং মানবিক কারণে রেশন সুবিধা তাঁদের জন্য যুক্তিযুক্ত। তবে সচিবালয় কর্মীরাও নানাভাবে ভুক্তভোগী। তাই সরকার তাদের দাবিও বিবেচনায় রেখেছে।
তিনি আরও বলেন, রেশন ও অন্যান্য ভাতা একসঙ্গে দিতে গেলে বিপুল অর্থের প্রয়োজন হয়, যা আপাতত বাস্তবসম্মত নয়। তবে মহার্ঘ ভাতার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে এবং এটি বাজেটে ঘোষণা করা হবে।
ভর্তুকি বিষয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কিছু খাতে ভর্তুকি কমানোর শর্ত দিলেও কৃষিতে ভর্তুকি বহাল রাখা হবে। তাঁর মতে, কৃষিতে ভর্তুকির কারণে কৃষকের পণ্য উৎপাদনের খরচ কিছুটা হলেও কমে আসে, যদিও তারা এখনও ন্যায্য দাম থেকে বঞ্চিত। এলএনজি, পেট্রোল এবং ডিজেল খাতে সরকার বিপুল ভর্তুকি দিচ্ছে। এই খাতে ভর্তুকির পরিমাণ নির্ভর করে আন্তর্জাতিক বাজার দামের ওপর। তাই বিদ্যুৎ ও জ্বালানি খাতে ‘সিস্টেম লস’ কমানো এবং উৎপাদন ব্যয় হ্রাস করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিদেশ থেকে উচ্চমূল্যে এলএনজি কিনে তা কম দামে বিক্রি করায় সরকার ক্ষতির মুখে পড়ছে। আসন্ন বাজেটে পূর্বের বকেয়া ভর্তুকি পরিশোধ করা হবে এবং ধাপে ধাপে এই খাতে ব্যয় হ্রাসের পদক্ষেপ নেওয়া হবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়েও কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আসন্ন বাজেটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ কিছুটা বাড়বে। তবে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ায় এখনো ত্রুটি রয়ে গেছে। অনেকে যারা ভাতা পাওয়ার যোগ্য নন, তারাও এ সুবিধা পাচ্ছেন; অন্যদিকে অনেক প্রকৃত দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন। আত্মীয়স্বজনের সুপারিশে সুবিধাভোগীর তালিকায় ভুয়া নাম ঢুকে পড়ার ঘটনাও পাওয়া গেছে। সরকারের ডেটাবেজ হালনাগাদ না থাকার ফলে এক কোটির বেশি উপকারভোগীর মধ্যে প্রায় ২০ লাখ ভুয়া নাম রয়েছে বলে জানা গেছে। এই তথ্য হালনাগাদ করে প্রকৃত সুবিধাভোগীর সংখ্যা নির্ধারণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে আপাতত ভাতা কমানো হচ্ছে না, কারণ ভুয়া নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করলে তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ধীরে ধীরে সংস্কার কার্যক্রম চালানো হবে।
নির্বাচনি ব্যয় বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের বাজেট চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয় এবং সেখানে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ খুব সীমিত। নির্বাচন একটি সংবেদনশীল ইস্যু। তবে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন অহেতুক ব্যয়বৃদ্ধির প্রস্তাব দেবে না। জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের মাঠে কাজ করতে হবে,,শিক্ষকদের ভোটকেন্দ্রে পাঠাতে হবে, যার ফলে কিছু অতিরিক্ত ব্যয় বাড়বে—এটি সরকার আগাম হিসাবেই রেখেছে।
সর্বোপরি, ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আসন্ন বাজেটের আকার কিছুটা ছোট হবে তবে এতে জনকল্যাণ এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হবে। বাজেট ঘাটতিও জিডিপির চার শতাংশের মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে। ব্যাংক খাতের সংস্কার, নৈতিক আর্থিক শৃঙ্খলা এবং ব্যয়সীমা নিয়ন্ত্রণে রেখে এই বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার।

