আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাকিস্তানকে সম্প্রতি দেওয়া বেইলআউট ঋণকে ঘিরে দক্ষিণ এশিয়ায় তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনা। ভারত অভিযোগ তুলেছে, এই ঋণের অর্থ সীমান্তপারে পরিচালিত সন্ত্রাসবাদী কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। যদিও ভারতের এমন আপত্তি উপেক্ষা করেই আইএমএফ পাকিস্তানকে ১.১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় করেছে। এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত আইএমএফের নির্বাহী পরিচালক সুব্রামানিয়ামকে পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত ৯ মে আইএমএফের নির্বাহী বোর্ড পাকিস্তানের জন্য দ্বিতীয় কিস্তি হিসেবে ১.১ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে। এটি ছিল ৩ বিলিয়ন ডলারের স্ট্যান্ডবাই চুক্তির আওতাভুক্ত সহায়তা। ভারতের পক্ষ থেকে শুরু থেকেই এর বিরোধিতা করা হয়। নয়াদিল্লির অভিযোগ, অতীতেও পাকিস্তান আন্তর্জাতিক অর্থসহায়তার অপব্যবহার করেছে এবং এই অর্থ এখন সন্ত্রাসবাদী সংগঠনগুলোর হাতে পৌঁছাতে পারে। ভারতের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, পাকিস্তানের জবাবদিহি ব্যবস্থা দুর্বল এবং তাদের কার্যক্রম দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছে আইএমএফ। সংস্থাটির মুখপাত্র জুলি কোজ্যাক স্পষ্টভাবে জানিয়েছেন, আইএমএফের ঋণ কোনো দেশের সরকারের হাতে সরাসরি দেওয়া হয় না। বরং তা সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রাখা হয় যা ব্যয়ের জন্য সরকারের বাজেটে সরাসরি অন্তর্ভুক্ত হয় না। তার ভাষায়, “ঋণ ছাড়ের আগে আমরা পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কাঠামোগত সংস্কার ও নির্ধারিত শর্তগুলো পূরণ হয়েছে কি না তা খতিয়ে দেখে তবেই অনুমোদন দিয়েছি।”
তিনি আরও জানান, ঋণ ব্যবহারের ক্ষেত্রে ‘জিরো বরোইং ফ্রম সেন্ট্রাল ব্যাংক’ নীতির আওতায় কড়াকড়ি নজরদারি থাকবে যাতে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি কোনো ঋণ নিতে না পারে। আইএমএফের মতে, পাকিস্তান অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে যা ঋণ ছাড়ের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
এদিকে পাকিস্তান-ভারত সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনাও এই বিতর্কে নতুন মাত্রা যুক্ত করেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান সরকারের মদতে লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে, অথচ এসব সংগঠনের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, “আন্তর্জাতিক সহায়তা যদি জঙ্গিদের হাতে পৌঁছে যায় তা শুধু নিরাপত্তা নয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও মারাত্মক হুমকি।”
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, পাকিস্তান অতীতে আইএমএফের আওতায় ২২টি কর্মসূচিতে অংশ নিয়েও বেশিরভাগ ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সংস্কার আনতে ব্যর্থ হয়েছে। ভারত সেই প্রেক্ষাপটেই এই বেইলআউট ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তবে আইএমএফ জানিয়েছে, তাদের নির্বাহী বোর্ডে সাধারণত সিদ্ধান্তগুলো সর্বসম্মতভাবে নেওয়া হয়। পাকিস্তানের ক্ষেত্রেও যথেষ্ট সমর্থন থাকায় ঋণ ছাড়ের সিদ্ধান্ত হয়েছে। তবে কোন দেশ কীভাবে ভোট দিয়েছে, সে তথ্য প্রকাশ করা হয়নি।
বর্তমান পরিস্থিতিতে, একদিকে ভারত দাবি করছে ঋণের অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আইএমএফ বলছে ঋণের ব্যবস্থাপনায় পর্যাপ্ত নজরদারি এবং নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে। ফলে এই ইস্যু কেবল অর্থনৈতিক নয় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবিও হয়ে উঠেছে।

