মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যযুদ্ধের মাত্রা বাড়ানোর হুমকি দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর সরাসরি ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। পাশাপাশি আমদানি করা সব আইফোনের ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
গত শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। রয়টার্স ও ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। চলমান আলোচনাগুলো কার্যকর কোনো অগ্রগতি দেখাতে পারেনি।
ট্রাম্প অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্যিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে। তিনি দাবি করেন, ইইউতে কর, শুল্ক, করপোরেট জরিমানা এবং অন্যান্য বাণিজ্য ও বাণিজ্যবহির্ভূত বাধা রয়েছে যা মার্কিন কোম্পানিগুলোর জন্য ক্ষতিকর। এসব বাধা এবং ইউরোপীয় দেশগুলোর আর্থিক কারসাজির কারণে যুক্তরাষ্ট্র প্রতিবছর প্রায় ২৫ হাজার কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতিকে তিনি “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” আখ্যা দেন।
ট্রাম্প জানান, ২০২৫ সালের ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে এ শুল্ক শুধুমাত্র আমদানি করা পণ্যের ওপরই প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্য এই নীতির বাইরে থাকবে বলে জানান তিনি।
উল্লেখযোগ্য যে, এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের গাড়ি, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এরপর এপ্রিল মাসে অন্যান্য ইউরোপীয় পণ্যের ওপর আরও ২০ শতাংশ শুল্ক বসানো হয়। পরবর্তীতে ওই শুল্ক অর্ধেকে নামিয়ে এনে উভয় পক্ষের মধ্যে আলোচনার জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয় যার শেষ সময় ৮ জুলাই।
যুক্তরাষ্ট্র চাইছে ইউরোপীয় বাজার আরও উন্মুক্ত করে দেওয়া হোক যাতে একতরফাভাবে মার্কিন পণ্য প্রবেশ করতে পারে। তবে ইউরোপীয় ইউনিয়ন এমন একটি সমঝোতা চায় যেখানে উভয় পক্ষই লাভবান হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির প্রেক্ষিতে ইইউ কয়েকটি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত রেখেছে এবং পরিবর্তে উভয় পক্ষের সব ধরনের শিল্পপণ্যের ওপর শূন্য শুল্ক প্রস্তাব করেছে।
ইউরোপীয় কমিশন ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বাণিজ্য আলোচনায় হুমকির বদলে পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত। ইউরোপীয় কমিশনের ট্রেড কমিশনার মারোশ সেফচোভিচ জানিয়েছেন, ইইউ সব সময় একটি পারস্পরিক লাভজনক চুক্তির পক্ষে এবং আলোচনার জন্য প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইইউ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক অতুলনীয় এবং তা হুমকির নয়। বরং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে তার আলোচনা হয়েছে।
ট্রাম্পের নতুন শুল্ক হুমকির পর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতারাও প্রতিক্রিয়া জানিয়ে কমিশনের অবস্থানকে সমর্থন করেছেন। পোল্যান্ডের উপ-অর্থমন্ত্রী মিখাল বারানোস্কি একে কেবল আলোচনার কৌশল হিসেবে দেখছেন। তার মতে, এখনও আলোচনা চলমান রয়েছে এবং তা জুলাইয়ের শুরু পর্যন্ত গড়াতে পারে।
ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন তাদের কৌশলে অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের আলোচনায় যেমন শুল্ক কখনো বেড়েছে, কখনো কমেছে—এই পরিস্থিতি নতুন কিছু নয় বলে জানান তিনি। ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী লরঁ সাঁ-মারতাঁ ট্রাম্পের নতুন হুমকিকে আলোচনায় সহায়ক নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা উত্তেজনা প্রশমনে আগ্রহী তবে প্রতিক্রিয়ার জন্যও প্রস্তুত আছি।” ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি পুনরায় জানান, তার দেশ এখনও শূন্য শুল্কের প্রস্তাবেই দৃঢ়।
এদিকে ট্রাম্পের ঘোষণায় শুধু ইউরোপীয় পণ্যই নয় আমদানিকৃত সব আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে, অ্যাপলকে যুক্তরাষ্ট্রে উৎপাদনে ফেরাতে এটি একটি কৌশল হিসেবে কাজ করছে। এর আগে গাড়ি, ওষুধ এবং চিপ উৎপাদন খাতেও একইভাবে শুল্ক হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসন চাপ সৃষ্টি করেছিল। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, বিদেশি উৎপাদন থেকে যুক্তরাষ্ট্রে ফিরলে প্রতিটি আইফোনের দাম কয়েকশ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আইফোনের পাশাপাশি স্যামসাংসহ অন্যান্য স্মার্টফোন কোম্পানিও এই নতুন শুল্কের আওতায় আসবে। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণে স্মার্টফোন উৎপাদিত হয় না। তিনি জানান, স্মার্টফোনের ওপর প্রস্তাবিত এই নতুন শুল্ক জুন মাসের শেষ নাগাদ কার্যকর হবে।
ট্রাম্পের এই ঘোষণাগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য আলোচনাকে নতুন এক উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। পক্ষগুলো এখনও আলোচনার টেবিলে রয়েছে তবে পারস্পরিক আস্থাহীনতা ও একতরফা চাপ প্রয়োগ এই আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। আগামী মাসগুলোতে আলোচনার গতি এবং ফলাফলই নির্ধারণ করবে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় এ দ্বন্দ্ব কতটা প্রভাব ফেলবে।

