কুমিল্লার চান্দিনায় একটি দেওয়ানি মামলায় ভুয়া খতিয়ান দাখিলের ঘটনায় অভিযুক্ত সফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) চান্দিনা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শেখ সাদী রহমান এই আদেশ প্রদান করেন।
মামলার নথি থেকে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের বাসিন্দা জিন্নতের নেছা তার সম্পত্তির স্বত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সফিকুল ইসলামসহ ২০ জনকে বিবাদী করে দেওয়ানি মামলা নম্বর ৮৪/২০২১ দায়ের করেন। মামলার শুনানির সময় ২ নম্বর বিবাদী সফিকুল ইসলাম সই মহরি নকল হিসেবে একটি আরএস ১৮৫ নম্বর খতিয়ান উপস্থাপন করেন। এটি তিনি দালিলিক সাক্ষ্য হিসেবে আদালতে পেশ করেন।
তবে বাদীপক্ষ উক্ত খতিয়ানের যথার্থতা নিয়ে আপত্তি জানালে, আদালতের নির্দেশে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক আবদুল মান্নান সংশ্লিষ্ট খতিয়ানের ভলিউম আদালতে উপস্থাপন করেন। তিনি আদালতকে জানান, খতিয়ানের মূল পাতা বিনষ্ট হওয়ায় এ ধরনের সই মহরি নকল সাধারণত সরবরাহ করা হয় না।
এরপর আদালত জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপস্থাপিত সই মহরি নকলের প্রস্তুতকারী ও যাচাইকারীর স্বাক্ষরের সঠিকতা যাচাই করে একটি প্রতিবেদন চেয়ে পাঠান। জেলা প্রশাসকের কার্যালয় লিখিতভাবে আদালতকে জানায়, উক্ত খতিয়ানের যেই সই মহরি নকল আদালতে উপস্থাপন করা হয়েছে, সেটি তাদের রেকর্ড রুম শাখা থেকে ইস্যু করা হয়নি।
এই তথ্যের ভিত্তিতে আদালত ২৪ মে রায় ঘোষণা করেন। রায়ে বাদীর পক্ষে আংশিক ডিক্রি প্রদান করা হয়। একইসঙ্গে রায়ের আদেশে ২ নম্বর বিবাদী সফিকুল ইসলামের বিরুদ্ধে ভুয়া নথি দাখিলের অভিযোগে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি ন্যায়বিচারপ্রাপ্তির প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই এ ধরনের অপরাধের ব্যাপারে একটি বিশেষায়িত তদন্ত সংস্থা কর্তৃক পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। আদালতের মতে, দায়ী ব্যক্তিদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা গেলে ভবিষ্যতে এমন প্রতারণার পুনরাবৃত্তি প্রতিরোধ সম্ভব হবে। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হবে।

