এক সময় শুধুই শিশুদের বিনোদনের মাধ্যম হিসেবে বিবেচিত খেলনা এখন বাংলাদেশের অর্থনীতিতে একটি সম্ভাবনাময় শিল্পখাতে রূপ নিয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে দেশীয় খেলনার চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তৈরি হচ্ছে বিস্তৃত সুযোগ।
চীনের একচেটিয়া দখলের সময় ফেলে এসে বর্তমানে আনুমানিক সাত হাজার কোটি টাকার বাজারে দেশীয় নির্মাতাদের দখলে রয়েছে প্রায় চার হাজার কোটি টাকার অংশ। রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় গড়ে উঠেছে প্রায় ১৪৭টি ছোট-বড় কারখানা, যা দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ করছে। এসব কারখানার বেশিরভাগই কামরাঙ্গীরচর, লালবাগ, ইসলামবাগ, চকবাজার, গাজীপুর, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ইপিজেড ও ইজেড এলাকায় অবস্থিত।
বর্তমানে দেশে এক হাজারেরও বেশি ধরনের খেলনা উৎপাদিত হচ্ছে। এর মধ্যে রয়েছে শিক্ষামূলক খেলনা, প্রাণীর রঙিন মডেল, প্যাডেল কার, ট্রাইসাইকেল, রিমোট কন্ট্রোল গাড়ি, বৈদ্যুতিক পুতুল, প্লাস্টিক দোলনা ও দেয়াল। নতুন সংযোজিত খেলনার মধ্যে রয়েছে কিবোর্ড, গিটার, ড্রামস, মিনি গাড়ি, অস্ত্র ও গোলাবারুদের প্রতিরূপ।
২০১৩ সালে প্রাণ-আরএফএল গ্রুপ ‘প্লেটাইম’ ব্র্যান্ডের মাধ্যমে খেলনা উৎপাদন শুরু করলে এ খাতে পেশাদারিত্বের নতুন ধারা সূচিত হয়। এই ব্র্যান্ডের আওতায় এখন শতাধিক শিক্ষামূলক খেলনা যেমন—পাজল, বর্ণমালা বোর্ড, গাণিতিক গেমস পাওয়া যায়। একই প্রতিষ্ঠানের ‘জিম অ্যান্ড জলি’ ব্র্যান্ডের অধীনে উৎপাদিত হয় বেবি ওয়াকার, রাইডিং কার, স্লাইডার এবং ট্রাইসাইকেলসহ বিগ টয় ক্যাটাগরির বিভিন্ন পণ্য।
বাংলাদেশে তৈরি খেলনা এখন শুধু ভারত, নেপাল ও ভুটানেই নয়, রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, স্পেন, ইতালি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে। মান, নিরাপত্তা এবং মূল্য সংযোজনের দিক থেকে দেশীয় খেলনা ক্রমেই উন্নত হচ্ছে বলে ইউরোপে এর চাহিদাও বাড়ছে। ভবিষ্যতে লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারেও প্রবেশের পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তাদের মতে, সরকার যদি রপ্তানি প্রণোদনা, কাঁচামালে শুল্ক ছাড় এবং মান নিয়ন্ত্রণে সহায়তা দেয় তবে চাহিদা আরও বাড়ানো সম্ভব।
তবে এই শিল্পের উন্নয়নে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। কাঁচামাল আমদানিতে প্রায় ৩৭ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়। আধুনিক ছাঁচ নির্মাণ প্রযুক্তি, নিরাপত্তা পরীক্ষার সুবিধা এবং আন্তর্জাতিক মানদণ্ডে খেলনা সনদায়নের সুযোগ এখনও সীমিত। এ কারণে উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, কমপ্লায়েন্স ফ্যাক্টরি স্থাপন এবং গার্মেন্টস শিল্পের মতো নীতিগত সহায়তা প্রয়োজন।
দেশীয় খেলনা শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে সহজ শর্তে ঋণ, অবকাঠামোগত সহায়তা এবং কার্যকর নীতিমালার বাস্তবায়ন জরুরি। উদ্যোক্তারা মনে করেন, পেট্রোকেমিক্যাল, সাইক্লিং, অটোমোবাইল এবং ইলেকট্রনিকস শিল্পে প্লাস্টিকের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে খেলনা খাতও আরও প্রসারিত হবে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা খেলনা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা ঐতিহ্যবাহী খেলনাকে আধুনিক নকশা ও ধারণার সঙ্গে মিশিয়ে শহরের ক্রেতাদেরও আকৃষ্ট করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং দারাজ, ইভ্যালির মতো ই-কমার্স প্ল্যাটফর্ম দেশীয় খেলনার বিক্রি ও প্রচারে বড় ভূমিকা রাখছে। এসব মাধ্যমে উৎপাদকরা সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে পারছেন যা বাজার সম্প্রসারণে বড় সহায়তা দিচ্ছে।
সোহান টয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বলেন, দেশীয় খেলনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সঠিক পরিকল্পনা, সরকারি পৃষ্ঠপোষকতা ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা এই শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ ও অনলাইন পোর্টালের মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের কাছে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগলাইন ব্যবহার করে একটি শক্তিশালী ব্র্যান্ড গড়ে তোলার আহ্বান জানান। এই শিল্পকে ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্ভুক্ত করে কর মওকুফ, সহজ শর্তে ঋণ এবং অবকাঠামো নির্মাণে সহায়তা প্রদানের সুপারিশ করেন তিনি।
এদিকে দেশের ছোট খেলনার বাজারও দিন দিন বড় হচ্ছে। বর্তমানে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা বছরে অর্ধশত কোটি টাকার বেশি বিক্রি করে। একসময় ছোট কারখানা হিসেবে যাত্রা শুরু করলেও এখন তারা বড় শিল্পকারখানায় পরিণত হয়েছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এ আর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, আলিফ এন্টারপ্রাইজ, আমরোজ ট্রেড ইন্টারন্যাশনাল, আজিজ প্লাস্টিক টয় ইন্ডাস্ট্রিজ, ঢাকাইয়া টয় ইন্ডাস্ট্রিজ এবং এভারেস্ট টয় ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বাংলাদেশ টয় মার্চেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ বলেন, দেশের খেলনা শিল্পের বাজার বেশিদিন আগের নয়। এক দশক আগেও পুরো বাজারটি ছিল চীনের দখলে। এখন দেশীয় প্রতিষ্ঠানগুলো বাজারের প্রায় ৮০ শতাংশ দখলে নিয়েছে। বিশেষ করে প্লাস্টিকের খেলনা চাহিদার পুরোটাই দেশেই পূরণ হচ্ছে। পাশাপাশি কিছু মেটাল, কাপড়ের বা জটিল যন্ত্রচালিত খেলনা আমদানি করা হচ্ছে।
জাহিদুল হক বলেন, দেশে উৎপাদনের ফলে গত কয়েক বছরে খেলনার দাম অনেক কমেছে। আগে যেসব খেলনা বিদেশ থেকে আমদানি করতে হতো এখন তা দেশেই তৈরি হচ্ছে। চীন থেকে ধারণা নিয়ে দেশীয় কারখানাগুলো এসব তৈরি করছে। তার মতে, ভবিষ্যতে এ খাত আমদানি নির্ভর থাকবে না বরং রপ্তানিই হবে প্রধান উৎস। দেশীয় খেলনা অনেক দিক থেকে অন্যান্য দেশের তুলনায় অনন্য যা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে।
সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত দুই দিনের প্লাস্টিক খেলনা প্রদর্শনী মেলা এই শিল্পের প্রতি আগ্রহের প্রমাণ বহন করে। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্প যৌথভাবে এই মেলার আয়োজন করে।
বিপিজিএমইএর সভাপতি শামিম আহমেদ বলেন, ভারতের সেভেন সিস্টার্স এলাকায় সরাসরি পণ্য রপ্তানি অর্থনৈতিকভাবে লাভজনক। তবে ঘুরপথে পণ্য পাঠাতে হলে রপ্তানিতে আর লাভ থাকবে না। সরকারের সিদ্ধান্ত যাই হোক তারা তা মেনে নেবেন। তিনি আরও বলেন, এই মেলা পেশাদার ক্রেতা ও খেলনা শিল্প সংশ্লিষ্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ সোর্সিং প্ল্যাটফর্ম। এটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি প্রাসঙ্গিক তথ্য বিনিময়ের সুযোগও করে দেবে। শামিম আহমেদ আশা প্রকাশ করেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশি খেলনা রপ্তানির প্রবৃদ্ধি ২৪ শতাংশে পৌঁছাবে। সরকারের নীতিসহায়তা এবং কাঁচামাল আমদানিতে কর সুবিধা নিশ্চিত করা গেলে দেশীয় খেলনা শিল্প আরও শক্ত ভিত গড়ে তুলতে সক্ষম হবে।
সবমিলিয়ে, বাংলাদেশের খেলনা শিল্প এখন আর ছোটখাটো কারিগরি কাজের গণ্ডিতে আবদ্ধ নয়। এটি ক্রমেই দেশের শিল্প-অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতে পরিণত হচ্ছে। সঠিক নীতি, প্রযুক্তি ও সহযোগিতা পেলে খেলনা শিল্প একদিন দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হয়ে উঠবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

