বিশ্বের আম উৎপাদনকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সপ্তম। দেশের অন্তত ছয়টি জেলার প্রধান বাণিজ্যিক কৃষিপণ্য এই আম, আর ২২টি জেলায় বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে। উৎপাদনে এতটা অগ্রগতি সত্ত্বেও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে। সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি হ্রাসের পেছনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে উড়োজাহাজ ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি। অতিরিক্ত দামে আম কিনতে আগ্রহ দেখাচ্ছেন না বিদেশি ক্রেতারা।
এ ছাড়া উন্নত জাতের আমের স্বল্পতা, স্থানীয় জাতের সংক্ষিপ্ত জীবনকাল, আন্তর্জাতিক মানের কৃষি পদ্ধতি ও প্যাকেজিংয়ের অভাব, বাজার সম্প্রসারণে সমন্বয়হীনতা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং সংকটও রপ্তানির অন্তরায় হয়ে আছে। তবে এসব বাধা অতিক্রম করে রপ্তানি বাড়াতে সরকারের নানা উদ্যোগ অব্যাহত রয়েছে। গুণগত মান ঠিক রেখে উৎপাদিত আম রপ্তানিতে এবার রেকর্ড গড়ার প্রত্যাশা ব্যক্ত করছে কৃষি মন্ত্রণালয়। ইতোমধ্যে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে এবং চলতি মাসেই সেখানে ৫০ হাজার টন আম রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ১৫ লাখ টন আম উৎপন্ন হয়, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। চলতি মৌসুমে আমের উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ টনে যা চাষ হয়েছে ২ লাখ ৫ হাজার ৩৪ হেক্টর জমিতে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় আম সংগ্রহের কাজ শুরু হয়েছে।
তবে রপ্তানির পরিসংখ্যান তুলনামূলকভাবে হতাশাজনক। ২০১৬-১৭ অর্থবছরে ২১ লাখ ৪৩ হাজার টন আম উৎপাদনের বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র ৩০৯ টন। ২০১৯-২০ সালে ২৫ লাখ টন উৎপাদনে রপ্তানি ছিল মাত্র ২৮৩ টন। ২০২০-২১ অর্থবছরে উৎপাদন ২৩ লাখ ৫০ হাজার টনে পৌঁছালেও রপ্তানি হয় ১ হাজার ৭৫৭ টন। ২০২২-২৩ অর্থবছরে ২৭ লাখ টন উৎপাদনের বিপরীতে রপ্তানি হয় ৩ হাজার ১০০ টন এবং সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ২৫ লাখ ৮ হাজার টন আম উৎপাদনের বিপরীতে রপ্তানির পরিমাণ ছিল মাত্র ১ হাজার ৩২১ টন।
আম রপ্তানিকারকদের অভিযোগ, দেশের রপ্তানি নীতিতে তৈরি পোশাক খাতকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ফলে পচনশীল কৃষিপণ্যগুলোর গুরুত্ব থেকে যাচ্ছে উপেক্ষিত। রপ্তানিকারকরা চাইছেন, পচনশীল পণ্যের জন্য বিদেশি উড়োজাহাজগুলোতে নির্দিষ্ট স্থান বরাদ্দের বিষয়টি বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগ। এতে এসব পণ্য পরিবহনে সুনির্দিষ্ট সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
একই সঙ্গে বাড়তি প্রণোদনারও দাবি রয়েছে তাদের। বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের জন্য কৃষিপণ্যসহ ৪৩টি রপ্তানি পণ্যে নতুন করে ১০ শতাংশ প্রণোদনার হার নির্ধারণ করেছে, যা গত বছরের ১৫ শতাংশ থেকে হ্রাস পেয়েছে।
রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে উড়োজাহাজ ভাড়া। গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা-লন্ডন রুটে আম পরিবহনের ভাড়া ছিল কেজিপ্রতি ১৮৪ থেকে ২৪৩ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬ টাকায়। কানাডাগামী পণ্য পরিবহনে ভাড়া এখন ৬২৫ টাকা, যেখানে আগে ছিল ৩৩৩ টাকা। ইউরোপে প্রতি কেজি আম পাঠাতে খরচ হয় ৩৫০-৩৮০ টাকা এবং মধ্যপ্রাচ্যে ২০০-২২০ টাকা।
গ্লোবাল ট্রেড লিঙ্কের স্বত্বাধিকারী আম রপ্তানিকারক রাজিয়া সুলতানা জানান, বাংলাদেশ এখনো যাত্রীবাহী বিমানের ওপর নির্ভর করে আম রপ্তানি করে, যেখানে অন্যান্য দেশ যেমন ভারত, থাইল্যান্ড কিংবা ফিলিপাইন আলাদা কার্গো ফ্লাইট ব্যবহার করে। এছাড়া প্যাকিং হাউস ও বিমানবন্দর এক জায়গায় না থাকায় বাড়তি খরচ বহন করতে হয় রপ্তানিকারকদের।
চীনকে আম রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে দেখছে বাংলাদেশ। অন্যান্য দেশের তুলনায় চীনে বিমান ভাড়া অনেক কম—প্রতি কেজিতে ৭০ থেকে ৮৫ টাকা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে আম রপ্তানির বিষয়টি গুরুত্ব পায় এবং চীনের ইতিবাচক সাড়া পাওয়া যায়।
গত ২৮ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি আমবাগান পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তখন তিনি জানান, দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা অনুযায়ী চীন বাংলাদেশ থেকে বছরে অন্তত ১৫ লাখ টন আম নিতে চায়। আগামী ২৮ মে চীনে প্রথম দফায় ৫০ টন আম রপ্তানির মাধ্যমে এ উদ্যোগের সূচনা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
তিনি আরও জানান, দেশভিত্তিক তথ্য বিশ্লেষণ করে কীভাবে আম রপ্তানি বাড়ানো যায়, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি বিমান ভাড়া কমাতে সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে কার্গো ফ্লাইট ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা চলছে।
আম রপ্তানির সক্ষমতা বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২২ সালের জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’ বাস্তবায়ন করছে। প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং এ বছর এখন পর্যন্ত রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা দেখা যায়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন জানিয়েছেন, সরকার চীনে ১ লাখ ২০ হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ১০টি হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘ম্যাংগো বোর্ড’ গঠন, জাতীয় নীতিমালা প্রণয়ন, আধুনিক প্রসেসিং সুবিধা গড়ে তোলা, কৃষকদের জন্য সোলার প্যানেল বিতরণ, রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু, কৃষি ইপিজেড গঠন এবং হট ওয়াটার ট্রিটমেন্ট ও প্যাকিং হাউস স্থাপনের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারকেও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনায় নিচ্ছে বাংলাদেশ। আগামী ২৫ জুন থেকে দোহায় সপ্তাহব্যাপী একটি ফলমেলার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। দোহার সুক ওয়াকিফ বাণিজ্য এলাকায় অনুষ্ঠিতব্য এই মেলায় ৬০টি স্টলে প্রদর্শিত হবে বাংলাদেশি আম, লিচু ও কাঁঠাল।
মেলার অন্যতম আয়োজক এম্পিরিক রিসার্চ লিমিটেডের নির্বাহী পরিচালক সোহেল রানা জানান, এই উদ্যোগ কাতারে বাংলাদেশি কৃষিপণ্যের নতুন বাজার উন্মোচন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সেখানকার ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে যা ভবিষ্যতের বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশের আম উৎপাদনে বিশ্বে অবস্থান প্রশংসনীয় হলেও রপ্তানির ক্ষেত্রে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। উন্নত জাত, অবকাঠামো উন্নয়ন, ভর্তুকি ও বাজার সম্প্রসারণের মাধ্যমে রপ্তানি সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারলে এই খাত হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উৎস। চীনের মতো নতুন বাজার এবং সরকারের নেওয়া সাম্প্রতিক উদ্যোগগুলো সেই সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

