ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে দেশের দুই শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও আদানি গ্রুপ আগামী কয়েক বছরে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছে। নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত দুই দিনের ‘রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিট’-এ এ ঘোষণা দেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আগামী পাঁচ বছরে উত্তর-পূর্ব ভারতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। এই অর্থ খাদ্য ও ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, সৌরবিদ্যুৎসহ একাধিক খাতে ব্যবহৃত হবে। পাশাপাশি, এই অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করে রিলায়েন্স রিটেলের সরবরাহব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। মুকেশ আম্বানির দাবি অনুযায়ী, এই বিনিয়োগের ফলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
অন্যদিকে, আদানি গ্রুপ আগামী ১০ বছরে এই অঞ্চলে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গৌতম আদানি জানান, পরিবেশবান্ধব জ্বালানি, স্মার্ট মিটার, জলবিদ্যুৎ সংরক্ষণ, বিদ্যুৎ সঞ্চালন, ডিজিটাল অবকাঠামো, মহাসড়ক নির্মাণ, পণ্য পরিবহন এবং কর্মমুখী প্রশিক্ষণ খাতে এই অর্থ বিনিয়োগ করা হবে। প্রতিটি প্রকল্পে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডসহ অন্যান্য রাজ্যের জন্য ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ আম্বানি। এর মধ্যে সংযোগ (কানেক্টিভিটি) ও ডিজিটাল অন্তর্ভুক্তিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর ভাষায়, জিও ইতোমধ্যে এই অঞ্চলের ৯০ শতাংশ জনগণকে নেটওয়ার্কের আওতায় এনেছে। এই আওতা আরও বাড়িয়ে প্রায় শতভাগে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে যা ডিজিটাল সুবিধার সর্বজনীন বিস্তারে জিওর বৃহৎ পরিকল্পনার অংশ।
সম্মেলনে দেওয়া বক্তব্যে মুকেশ আম্বানি আশাবাদ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো সিঙ্গাপুরের মতোই উন্নত হতে পারবে। তিনি এও বলেন, রিলায়েন্স শুধু বিনিয়োগ করেই থেমে থাকবে না, বরং স্থানীয় মানুষকে এই অগ্রযাত্রার সরাসরি অংশীদার করবে। তাঁর মতে, শিল্প, প্রযুক্তি এবং কর্মসংস্থান খাতে উত্তরের এই অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য রিলায়েন্স প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত দুর্বলতা এবং ভূরাজনৈতিক সীমাবদ্ধতার কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চল দেশের অন্যান্য অংশের তুলনায় উন্নয়ন থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। সাতটি রাজ্য নিয়ে গঠিত এই অঞ্চল ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত। ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের উন্নয়নে গত কয়েক বছর ধরেই বিশেষ উদ্যোগ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটেই সাম্প্রতিক বিনিয়োগ পরিকল্পনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
লাইভ মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রচার কার্যক্রমের অংশ হিসেবেই এই সম্মেলনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রণালয় এবং আটটি রাজ্যের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়েছে।
এই সম্মেলনের মাধ্যমে শুধু বিনিয়োগ ঘোষণাই নয় বরং একটি সুদূরপ্রসারী উন্নয়নচিত্রের দিকেও এগিয়ে গেল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। এই বৃহৎ বিনিয়োগ, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি আগামী দিনে এই অঞ্চলের আর্থসামাজিক চেহারাকে আমূল বদলে দেওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে।

