আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে ব্যক্তি পর্যায়ের কর কাঠামোয় বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরে ন্যূনতম আয়কর বাড়িয়ে সারাদেশে সমানভাবে ৫ হাজার টাকা নির্ধারণ করার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে এই ন্যূনতম করের হার অঞ্চলভেদে তিনটি স্তরে বিভক্ত ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এটি ৫ হাজার টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ৪ হাজার টাকা এবং বাকি সব অঞ্চলের জন্য ৩ হাজার টাকা।
সরকারের এই পরিকল্পনার লক্ষ্য হলো কর কাঠামোকে আরও সহজ ও সমন্বিত করা যাতে রাজস্ব আহরণ বাড়ানো যায় এবং করদাতারা কর দেওয়ার বিষয়ে অধিক স্বচ্ছতা ও দায়িত্ববোধ দেখান। এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক করদাতা ইচ্ছাকৃতভাবে তাদের আয় কম দেখিয়ে শুধু ন্যূনতম কর প্রদান করে দায় সেরে নিচ্ছেন। এই প্রবণতা বন্ধ করতে ন্যূনতম কর কাঠামোয় সংশোধন আনা হচ্ছে। তবে নতুন টিআইএনধারীদের উৎসাহিত করতে তাঁদের জন্য ন্যূনতম কর কমিয়ে ১ হাজার টাকা নির্ধারণের কথাও ভাবা হচ্ছে।
বর্তমানে কারও করযোগ্য আয় না থাকলে বা রিটার্নে ‘জিরো ইনকাম’ দেখালে তাঁকে কোনো কর দিতে হয় না। তবে যাঁদের আয় অনুযায়ী কর নির্ধারিত হয় ৫ হাজার টাকার কম, বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায়, তাঁদের ন্যূনতম কর হিসেবে পুরো ৫ হাজার টাকা পরিশোধ করতে হয়। একইভাবে অন্যান্য অঞ্চলেও যদি কারও আয় অনুযায়ী নির্ধারিত কর ১ হাজার টাকার নিচে হয় তাঁকেও বর্তমান ন্যূনতম কর ৩ হাজার টাকা পরিশোধ করতে হয়। এই ব্যবস্থার ফলে অনেকেই রিটার্ন জমা দিতে আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছে এনবিআর।
একটি উদাহরণে দেখা যায়, লক্ষ্মীপুর জেলার একজন টিআইএনধারীর আয়, অনুমোদিত ব্যয় ও বিনিয়োগ বাদ দিয়ে কর নির্ধারিত হয়েছে ৭০০ টাকা। কিন্তু তাকে ন্যূনতম কর হিসেবে ৩ হাজার টাকা পরিশোধ করতে হয়। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, এটি বেড়ে ৫ হাজার টাকায় দাঁড়াবে। অর্থাৎ প্রকৃত করদাতার ওপর করের বোঝা আরও বাড়বে যদিও রাজস্ব আদায়ের দৃষ্টিকোণ থেকে এটি ইতিবাচক বলে মনে করা হচ্ছে।
বর্তমানে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ১৫ লাখের বেশি। এর মধ্যে মাত্র ৪৫ লাখ করদাতা বার্ষিক আয়কর রিটার্ন জমা দেন। আবার এদের মধ্যে প্রায় ৩০ লাখই জিরো রিটার্ন দাখিল করেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অর্থাৎ কার্যকর কর প্রদানকারী করদাতার সংখ্যা এখনও আশানুরূপ নয়।
এই প্রেক্ষাপটে আসন্ন বাজেটে ন্যূনতম আয়কর কাঠামোর পুনর্গঠন এবং নতুন করদাতাদের জন্য কর হ্রাসের প্রস্তাবকে অর্থনীতির প্রাতিষ্ঠানিকীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন করদাতাদের কর দিতে উৎসাহিত করা এবং বিদ্যমান কর কাঠামোর অসংগতিগুলো সমাধান করাই এই প্রস্তাবের মূল লক্ষ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগামী জুন মাসে জাতীয় বাজেট ঘোষণার সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত বিধান প্রকাশ করা হবে। এই পরিবর্তনগুলি বাস্তবায়িত হলে ব্যক্তি করদাতাদের কর-আচরণে যেমন পরিবর্তন আসবে তেমনি সরকারের রাজস্ব আহরণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

